সবকিছু নিয়েই রাজনীতি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতের ক্ষতি করতে পারেন—এমন কাউকে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংক খাত সংবেদনশীল। সবকিছুতেই রাজনীতি ঢোকানোও ঠিক হবে না।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ উজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংক খাতের অভিজ্ঞতা নেই বা এ খাতের ক্ষতি করতে পারেন এমন কাউকে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত হবে না। ব্যাংক খাতকে চলতে দিতে হবে পেশাদারি মনোভাব নিয়ে।
তালিকা করে খেলাপি ঋণ আদায়ের তাগিদ দিয়ে তোফায়েল আহমেদ নতুন করে যাতে খেলাপি ঋণ তৈরি না হয়, সে বিষয়েও সজাগ থাকার নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, দেশের বেসরকারি বিনিয়োগ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) ঋণ বেশি প্রয়োজন। ভবিষ্যতে মুদ্রানীতিতে কৃষিঋণের লক্ষ্যমাত্রার মতো এসএমই ঋণেরও লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।