সবচেয়ে বড় গাড়ি সংযোজন কারখানার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধামরাইয়ে গতকাল ইফাদ অটোসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা l ছবি: প্রথম আলো
ধামরাইয়ে গতকাল ইফাদ অটোসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা l ছবি: প্রথম আলো

দেশে বেসরকারি পর্যায়ে সবচেয়ে বড় গাড়ি সংযোজন কারখানা তৈরি করল ইফাদ অটোস লিমিটেড। ঢাকার অদূরে ধামরাইয়ের বালিথা এলাকায় স্থাপিত এই কারখানাটি ইফাদ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।
কারখানাটি স্থাপনে নেওয়া হয়েছে ১১০ বিঘা জমি। এখানে অশোক লেল্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি সংযোজন করা হবে। বছরে ১০ হাজার গাড়ি সংযোজনের লক্ষ্য নিয়ে কারখানাটির উৎপাদন কার্যক্রম শুরু হলেও আপাতত ৬ হাজার গাড়ি সংযোজন করা হবে। ভারতে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিনোদ কুমার দাসারী গতকাল বৃহস্পতিবার কারখানাটির উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এম এ মালেক, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ এবং ইফাদ গ্রুপের পরিচালক তাসফিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিগত ১০ বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিকৃত গাড়িতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে ইফাদ অটোস বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশে শিল্পবান্ধব কারখানা গড়ে তোলার লক্ষ্যে এই গাড়ি সংযোজন কারখানা স্থাপন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদ কুমার দাসারী বলেন, ‘অশোক লেল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে। এখানে কাজ করতে এসে এ দেশের সরকারের কাছ থেকে সহায়তা পাওয়া যাচ্ছে, যা আমাদের কাজ করতে উৎসাহিত করে।’
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ইফাদ অটোসের সঙ্গে যৌথভাবে গাড়ি তৈরি করে ভারতের গাড়ি উৎপাদনকারী কোম্পানি অশোক লেল্যান্ড এ দেশে আরও পরিচিত হবে। এ দেশে কোম্পানিটির বাজারজাত আরও উন্নত হবে।
ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হবে। তিনি জানান, ইফাদ অটোস ভারতের চেন্নাইভিত্তিক গাড়ি উৎপাদনকারী কোম্পানি অশোক লেল্যান্ডের বাংলাদেশে একমাত্র পরিবেশক। এই কারখানায় বছরে অশোক লেল্যান্ডের অন্তত ১০ হাজার গাড়ি সংযোজন করা হবে।
তাসকিন আহমেদ বলেন, কারখানাটিতে বিভিন্ন মডেলের এসি, নন-এসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সংযোজন করা হবে। গাড়ি সংযোজনের কাজ করবেন বাংলাদেশি শ্রমিকেরা। এ কারণে আমদানি করা গাড়ির চেয়ে এর উৎপাদন খরচ কম হবে। ক্রেতারা এর সুফল ভোগ করতে পারবেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তিনি বলেন, কারখানাটিতে দেশের শ্রমিকেরা কাজ করলেও গাড়ির গুণমান বজায় রাখার দিকটি দেখবেন বিদেশি বিশেষজ্ঞরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা অতিথিদের নিয়ে কারখানাটি ঘুরে দেখেন এবং কারখানা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।