সবচেয়ে বড় স্টিল মিল করবে স্টার কনসোর্টিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে যৌথ উদ্যোগে বছরে ২০ লাখ টন উৎপাদন ক্ষমতার একটি ইস্পাত পণ্য উৎপাদনের কারখানা বা স্টিল মিল নির্মাণ করবে বাংলাদেশ স্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম ও চীনের কুনমিং আয়রন অ্যান্ড স্টিল হোল্ডিং কোম্পানি (কেআইএসসি)। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এ প্রকল্প বাস্তবায়নে স্টার কনসোর্টিয়ামের পক্ষে মুখ্য ভূমিকা পালন করবে। এটি হবে দেশের সবচেয়ে বড় ইস্পাত পণ্য উৎপাদন কারখানা।
কেআইএসসির চেয়ারম্যান ঝাও ইয়ংপিংয়ের নেতৃত্বে কেআইএসসি, স্টার কনসোর্টিয়াম ও বিএসআরএমের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সঙ্গে বৈঠকে এ প্রকল্পের কথা জানায়। তারা প্রকল্পটি বাস্তবায়নে বিডার সহায়তা চায়।
বিডা এক বিজ্ঞপ্তিতে জানায়, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি বহুমাত্রিক সমন্বিত শিল্পপার্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে এ স্টিল উৎপাদন প্রকল্পটি প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া কেআইএসসি ইস্পাতশিল্পের সহায়ক শিল্পের কাঁচামাল পরিবহনের সুবিধার জন্য প্রকল্পের কাছে সন্দ্বীপ চ্যানেলে একটি বেসরকারি জেটি এবং প্রকল্পের বিদ্যুৎ চাহিদা মেটাতে একই এলাকায় ১৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রকল্পটি বাস্তবায়নে বিডার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ, বাণিজ্য, বিদ্যুৎ, সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে দ্রুত একটি আন্তমন্ত্রণালয় সভা আহ্বান করা হবে।
সভায় ইস্পাত প্রকল্প নিয়ে এ–সংক্রান্ত একটি উপস্থাপনা তুলে ধরেন চীনের ইউনান ইয়ঙ্গল ওভারসিজ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান উ ইউনকুন।
বৈঠকে বিডার সচিব অজিত কুমার পাল, পরিচালক তৌহিদুর রহমান খান, স্টার কনসোর্টিয়ামের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হক চৌধুরী, কেআইএসসির ভাইস চেয়ারম্যান ঝাং ঝুমিং, ভাইস জেনারেল ম্যানেজার সান জিয়াওয়ুয়িসহ অন্যান্য প্রতিনিধি এবং বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী উপস্থিত ছিলেন।