সবচেয়ে ভালো ৩০টি কোম্পানি খুঁজে বের করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো ৩০টি কোম্পানি খুঁজে বের করে পুরস্কৃত করা হবে। এতে উত্সাহিত হয়ে তালিকাভুক্ত অন্য কোম্পানিগুলোও এই তালিকায় আসার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। শীর্ষ ৩০ কোম্পানি নির্বাচনে গঠিত জুরি বোর্ডের আহ্বায়ক এসইসির সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।এর আগে ডিএসইর সভাকক্ষে বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ বি মির্জা মো. আজিজুল ইসলাম। সভায় বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের উদ্দেশ্য সবচেয়ে ভালো ৩০টি কোম্পানির তালিকা প্রস্তুত করা। একই সঙ্গে কোম্পানিগুলোকে পুরস্কৃত করা। এর ফলে তালিকাভুক্ত অন্য কোম্পানিগুলোর মধ্যে এক প্রকার প্রতিযোগিতার সৃষ্টি হবে। অন্যরা ভালো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে এই তালিকায় আসতে পারে, সে ব্যাপারে সচেষ্ট হবে।’মির্জ্জা আজিজুল ইসলাম আরও বলেন, শীর্ষ ৩০ কোম্পানির তালিকা করতে হলে যোগ্যতার মাপকাঠি প্রথমে ঠিক করতে হবে। আজকের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে কিছু নেতিবাচক মাপকাঠি যেমন: ঋণখেলাপি, কর না দেওয়া অথবা পরিবেশ-দূষণের কারণে জরিমানা করা হয়েছে—এমন কোম্পানিকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।অন্য দিকে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধন, শেয়ারপ্রতি আয় (ইপিএস), প্রকৃত সম্পদমূল্য (এনএভি), লভ্যাংশ ঘোষণা ইত্যাদি বিষয় ইতিবাচক মাপকাঠির মধ্যে থাকবে। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে ডিএসইর পক্ষ থেকে প্রাথমিকভাবে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এগুলোর সঙ্গে কিছু বিষয় সংযোজন বা বিয়োজন করা হবে। এ ছাড়া বোর্ডের সদস্যরা নিজেদের মন্তব্য দেবেন। বোর্ডে সব কিছু নিয়ে আলোচনার মাধ্যমে শীর্ষ ৩০ কোম্পানি নির্বাচনের মাপকাঠি তৈরি করা হবে।গত ২৫ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়।বোর্ডের অন্য সদস্যরা হলেন এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, সিডিপির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহিদুল্লাহ, আইসিএমএবির প্রেসিডেন্ট মমতাজউদ্দিন আহমেদ, এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হাফিজ চৌধুরী, আইসিএবির সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম এ বাকি খলীলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, আইসিএবির সাবেক প্রেসিডেন্ট ও পার্টনার সাহা মজুমদার অ্যান্ড কোম্পানির নাসির উদ্দিন আহমেদ এবং নিউ এজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এ এস এম কাশেম ও মেজর জেনারেল মোহা. হাবিবুর রহমান খান।জুরি বোর্ড ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরি বিশ্লেষণ করে স্বাধীনভাবে শীর্ষ ৩০টি কোম্পানিকে নির্বাচন করবে। ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান জুরি বোর্ডের সঙ্গে সমন্বয় করবেন।