সবজি না পেয়ে ফিরে গেছেন ক্রেতা-বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সবজি সরবরাহের অন্যতম মোকাম বগুড়ার মহাস্থানগড় বাজার। গত দুই দিনের হরতালে একটি সবজির ট্রাকও ছেড়ে যায়নি সেখান থেকে। ফলে ঢাকার পাইকারি বাজারে খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা সবজি না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন, নয়তো অল্পস্বল্প যা পেয়েছেন তা-ই চড়া দামে কিনেছেন ।
একই অবস্থা সবজির অন্যতম মোকাম যশোরের বারীনগর বাজারে। সোমবার মাত্র পাঁচ থেকে ছয়টি ট্রাক ছেড়েছে সেখান থেকে। ঢাকায় সবজির যে জোগান তা দিয়ে খুচরা ব্যবসায়ীদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। খুচরা ব্যবসায়ীরা চাহিদামতো সবজি না পেয়ে ফিরে গেছেন। অনেকে উচ্চমূল্যে সবজি বিক্রি করছেন।
আজ ঢাকার বিভিন্ন বাজারে বেগুন ৫০ থেকে ৬০, চিচিঙ্গা ৫০ থেকে ৬০, পটল ৩৫ থেকে ৫০, ঝিঙে ৫০ থেকে ৬০, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০, পেঁপে ২০ থেকে ২৫, ঢ্যাঁড়স ৭০, করলা ৭০ থেকে ৮০, শিম ৯০ থেকে ১০০, শসা ৩০ থেকে ৪০, আলু ১৮ থেকে ২৫, মরিচ ৮০ থেকে ১০০, পেঁয়াজ ১১০ ও টমেটো ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, এর আগে হরতালে কাঁচামাল বহন করা ট্রাকে কোনো সমস্যা হতো না। কিন্তু এবার সমস্যা হওয়ায় কেউ আর ট্রাক বের করতে চাচ্ছেন না।
বগুড়া থেকে ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক জানান, মহাস্থান বাজারের আড়তদার সমিতির নেতা ও পাইকারি ব্যবসায়ী জাহিদুল ইসলাম তাঁকে বলেছেন মহাস্থান মোকাম থেকে ঢাকা ও চট্টগ্রামে প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক সবজি পাঠানো হয়। হরতালের আগের দিন ঝুঁকি নিয়ে যেসব সবজি পাঠানো হয়েছিল সেগুলোকে বগুড়া ও সিরাজগঞ্জে আটকে দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের তরকারির বাজারে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকানই বন্ধ। দু-একটি দোকান খোলা থাকলেও সেগুলোয় সবজির পরিমাণ কম। এই বাজারের খুচরা ব্যবসায়ী মাসুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল রাতে মাল পাওয়া যায়নি। যা পাওয়া গেছে, তা বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। বেশি দামে তাই বেচতেও হচ্ছে বেশি দামে।’
মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে এসেছিলেন আবদুল আলীম। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাজনীতিবিদেরা আমাদের নিয়ে ভাবেন না। তাঁরা নিজেদের স্বার্থে হরতাল দেন। আর এর খেসারত দিতে হয় আমাদের।’ তিনি বলেন, ‘বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। কী করব? জীবন তো থেমে থাকে না। বাড়তি দামেই কিনছি।’
শুধু যে ক্রেতা-বিক্রেতারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তা-ই নয়। ক্ষতিগ্রস্ত হচ্ছেন উত্পাদকেরাও। যশোরে কৃষকের সবজিবোঝাই বেশ কয়েকটি ভ্যান হরতালকারীরা ফিরিয়ে দেয়। এ জন্য তাঁরা হরতালে আর বাজারে আসেননি।
সকালে বগুড়ার মহাস্থানগড়ে সবজি বিক্রি করতে এসেছিলেন চিঙ্গাশপুরের কৃষক হাফিজার রহমান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হরতাল করবি করুক, তাই বুলি সবজির টেরাক চলাচলও বন্ধ করে দিবি। টেরাক না চললি হামাকেরে খেতের সবজি কিনবি কেডা? কিনার নাই একন এই সবজি হামি কার কাচে ব্যাচমো?’

প্রতিবেদন তৈরি করেছেন আব্দুল্লাহিল ওয়ারিশ, বগুড়ায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ ও যশোরের মনিরুল ইসলাম