সবজি নিয়ে বসে ছিলেন বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালের প্রথম দিনে গতকাল রোববার রাজধানীর বেশির ভাগ কাঁচাবাজারেই ক্রেতার সংখ্যা ছিল কম। আর সবজির ঝুড়ি নিয়ে বসে ছিলেন বিক্রেতারা।হরতাল সামনে রেখে শনিবার বাজারে ক্রেতার ভিড় বেশি হওয়ায় চড়া দামে সবজি বিক্রি করেছেন বিক্রেতারা। গতকাল বেশির ভাগ সবজিই বিক্রি হয়েছে সেই দামে। তবে বেগুন, আলু, আমদানি করা পেঁয়াজ, রসুনসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে।আড়তমালিকেরা বলছেন, শুক্রবার দিবাগত রাতে সবজিবাহী বেশ কয়েকটি ট্রাক বাজারে আসে। শনিবার আসে এর চেয়ে অনেক কম। তবে দুই দিনে বেশ সবজি আসায় বাজারে হরতালের প্রভাব তেমন পড়েনি। রোববার রাতে যদি ট্রাক আসতে না পারে তবে বাজারে প্রভাব পড়তে পারে।ট্রাক-কাভার্ড ভ্যান মালিকেরা বলেছেন, উত্তরবঙ্গে হরতালকারীরা ব্যাপক ভাঙচুর ও ট্রাকে আগুন দেওয়ায় বগুড়া, রাজশাহী, রংপুরসহ কয়েকটি স্থান থেকে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় ট্রাক-কাভার্ড ভ্যান মালিকেরা আজ সোমবার বৈঠকে বসতে পারেন।রাজধানীর কারওয়ান বাজারে গতকাল আলু বিক্রি হয়েছে ১৬ থেকে ১৮ টাকায়। শনিবার এর দর ছিল ১৪ টাকা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজের কেজি ৩৮ থেকে বেড়ে হয়েছে ৪৫ টাকায়। ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া বেগুনের দাম ছিল ৪৫ থেকে ৬০ টাকা। আর ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের কেজি ছিল গতকাল ছিল ৯০ থেকে ১০০ টাকা।ওই বাজারে গতকাল এক কেজি কাঁচা পেঁপে ১৮ থেকে ২০ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, গাজর ১৫ থেকে ২০, বাঁধাকপি ও ফুলকপি ১৫ থেকে ২৫, মুলা ২৫ টাকা, বড় আকারের প্রতিটি লাউ ৫০ থেকে ৬০, টমেটো ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। রাজধানীর অন্যান্য বাজারে সবজির দাম সব সময়ই এর চেয়ে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি থাকে।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, কারওয়ান বাজারে প্রতিদিন শুধু সবজিবাহী ট্রাকই আসে ১০০ থেকে ১৫০টি। শুক্র ও শনিবার রাতেও একই রকম ট্রাক এসেছে। এ জন্য সবজির বাজারে এখনো হরতালের প্রভাব পড়েনি। বাজারে ক্রেতার সংখ্যা সারা দিনই কম ছিল।আমদানি করা পেঁয়াজের মতোই বেশি দামে বিক্রি হয়েছে রসুনও। গত সপ্তাহে ১১০ থেকে ১২০ টাকায় কেজিতে বিক্রি হওয়া রসুন গতকাল বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়।প্রভাব পড়তে পারে আজ: কারওয়ান বাজারের আড়তমালিকেরা এবং মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গতকাল বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে হরতালকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, হতাহত এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় সেসব স্থান থেকে ট্রাক আসার সম্ভাবনা নেই বললেই চলে। রাজধানীতে সবজির বড় অংশই আসে উত্তরবঙ্গ থেকে।মৌলভীবাজারের একজন ব্যবসায়ী নেতা বলেন, ‘আমরা টাকা নিয়ে বসে আছি। কিন্তু উত্তরবঙ্গ থেকে কোনো ট্রাক ঢাকায় আসতে রাজি হচ্ছে না।’বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি সাধারণ সম্পাদক রুস্তম আলী খান প্রথম আলোকে বলেন, ‘আগে মালবাহী ট্রাক-কাভার্ড ভ্যান ছেড়ে দেওয়া হতো, এখন তা পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে কারণে জীবনের ঝুঁকি নিয়ে অনেক স্থান থেকেই আর ট্রাক আসছে না।’ তার দাবি, গতকাল সারা দেশে ১২ থেকে ১৪টি পণ্যবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা। আর বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে।বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহম্মদ বলেন, একটা ট্রাকে লাভ হয় এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। কিন্তু হরতালে যদি গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়, তাহলে লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যাবে।