সবজি-ফুল সংরক্ষণে বাজেটে বরাদ্দ দাবি
যশোর অঞ্চলের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনাময় সবজি ও ফুল সংরক্ষণে সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ ও বাজেটীয় বরাদ্দের দাবি জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) যশোর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় বক্তারা এ দাবি জানান।বক্তারা বলেন, যশোর অঞ্চলে উৎপাদিত সবজি ও ফুল সারা দেশে ফুলের মোট চাহিদার ২০ থেকে ২৫ শতাংশ পূরণ করে থাকে। অথচ তা সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা নেই। এ কারণে প্রান্তিক কৃষকেরা তাঁদের উৎপাদিত ফুলের ন্যায্যামূল্য পাচ্ছেন না, বরং তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেসরকারি সংস্থা রাইটস যশোরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার বণিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ পীযুষ কান্তি ভট্টাচার্য, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, সহিদুল আলম, মশিউল আজম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান খান, জেলা বিএনপির সহসভাপতি জাফর সাদিক, প্রবীণ সাংবাদিক এস কে জমির আহম্মেদ, ডা. এ কে এম মহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল লতিফ।