সবজি যাচ্ছে না ইউরোপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানের বিষয়ে সরকার কড়াকড়ি আরোপ করায় গত সাড়ে তিন মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে শাকসবজি রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। তবে শর্ত শিথিল করায় চলতি মাস থেকে এই বাজারে মৌসুমি ফল আম, কাঁঠাল ও লেবু যাচ্ছে।

কয়েকজন ব্যবসায়ী বলেছেন, শাকসবজি ও ফল রপ্তানি আয়ের ৬০ শতাংশই ইইউ থেকে আসে। তবে সরকারের তরফ থেকে হঠাৎ করেই কিছু বিধিনিষেধ জারি করায় বাংলাদেশ থেকে ইউরোপে সবজি যাচ্ছে না। সে জন্য খাতটির রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। শিগগিরই এই কড়াকড়ি শিথিল না করলে সবজির ইউরোপের বাজার নষ্ট হয়ে যাবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, বিদায়ী অর্থবছরে সবজি ও ফল রপ্তানিতে মাত্র ৮ কোটি ৪০ লাখ ডলারের আয় হয়। এই আয় তার আগের অর্থবছরের ১২ কোটি ৫০ লাখ ডলারের চেয়ে ৩২ দশমিক ৮০ শতাংশ কম। যদিও ২০১৪-১৫ ও ২০১৩-১৪ অর্থবছরে যথাক্রমে ১৪ কোটি ২০ লাখ এবং ২০ কোটি ৯০ লাখ ডলারের সবজি ও ফল রপ্তানি হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষি মন্ত্রণালয় গত ২৮ মার্চ মরিচ, বড়ই, করলা ও চিচিঙ্গা রপ্তানির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেয়। তার কয়েক দিন পরই রপ্তানিকারকদের সবজি ও ফল রপ্তানিতে চুক্তিবদ্ধ চাষপদ্ধতি (কন্ট্রাক্ট ফার্মিং) অনুসরণ করতে নির্দেশনা জারি করা হয়। অন্যথায় ফাইটোস্যানেটারি সনদ (পিসি) দেওয়া হবে না। এ ছাড়া চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উৎপাদিত সবজি ও ফলের প্রতিটি চালান নিবিড়ভাবে পরিদর্শন, নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে পিসি দেওয়া হবে। যাতে কোনো ধরনের রোগবালাই না থাকে।

মন্ত্রণালয়ের এই কড়াকড়ি আরোপের পর থেকেই ইউরোপের বাজারে সবজি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। কারণ, রপ্তানিকারকদের কেউই কন্ট্রাক্ট ফার্মিং করেন না। নতুন নির্দেশনাটি শিথিল করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেন সবজি রপ্তানিকারক সমিতির নেতারা।

সবজি রপ্তানিকারকেরা বলেন, ইপিবি কার্যালয়ে গত ৫ মে বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি গবেষণা ইনস্টিটিউট, জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট রপ্তানিকারক সমিতির প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা হয়। এতে সিদ্ধান্ত হয়, যেসব সবজির মান নিয়ে অভিযোগ আসে না, সেসব পণ্যে শর্ত শিথিল করার উদ্যোগ নেওয়া হবে।

জানতে চাইলে, বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস ধরে সবজি রপ্তানি বন্ধ থাকায় ইউরোপের ক্রেতারা ভারত ও থাইল্যান্ডে দৌড়াচ্ছেন। সেখানে তাঁরা যদি ভালো পণ্য পান, তবে আমরা দীর্ঘমেয়াদি সমস্যায় পড়ে যাব। ৩০ বছর ধরে যে বাজার তৈরি হয়েছে সেটি নষ্ট হয়ে যাবে।’ তিনি আরও বলেন, সরকার যে কয়েকটি সবজি রপ্তানি বন্ধ করেছে, সেটি ঠিক আছে। কারণ ইইউ নিজে যদি রপ্তানি বন্ধ করে, তাহলে সেটি খুলতে পাঁচ বছর লেগে যাবে। তবে যেসব সবজি নিয়ে সমস্যা নেই, সেসব রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা যুক্তিসংগত হয়নি।

রপ্তানিকারকেরা কেন কন্ট্রাক্ট ফার্মিং করছেন না, এমন প্রশ্নে মনসুর আহমেদ বলেন, ‘বললেই তো করা যায় না। অনেক টাকাপয়সার ব্যাপার। দুই-তিন বছর ধরে কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে আলোচনা হচ্ছে। আশা করছি, ভবিষ্যতে ব্যবসায়ীরা এসব করবেন।’

জানতে চাইলে, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলাই কৃষ্ণ হাজরা গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘গত বছর বাংলাদেশের কয়েক ধরনের সবজির ২৮টি চালানে কাঙ্ক্ষিত মান না পাওয়ায় অভিযোগ করে ইইউ। সে জন্য এবার আম রপ্তানি নিশ্চিত করার সময় ইইউর সঙ্গে ভিডিও কনফারেন্সে আমাদের কিছু চুক্তি হয়েছে। সবজি উৎপাদনে কন্ট্রাক্ট ফার্মিং করতে হবে, যেন সেটি কোথায় উৎপাদন ও কীভাবে পরিচর্যা হয়েছে সেসব নথিভুক্ত থাকে। বাজার থেকে কিনে সবজি রপ্তানি করা যাবে না। শুধুমাত্র এই বিষয়গুলো নির্দেশনা হিসেবে যুক্ত করা হয়েছে।’

বলাই কৃষ্ণ হাজরা আরও বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে ক্রিটিক্যাল ও নন ক্রিটিক্যাল সবজির একটি তালিকা তৈরি করেছি। নন ক্রিটিক্যাল বা যেসব সবজির মান নিয়ে প্রশ্ন ওঠেনি, সেগুলো আগের মতো রপ্তানির সুযোগ দিতে একটি নথি তৈরি করা হয়েছে। কৃষিমন্ত্রী অনুমোদন দিলেই বিদ্যমান সমস্যা মিটে যাবে আশা করছি।’