প্রবাসে থেকেই নিজের দেশের টাটকা শাকসবজি, ফলমূল ও পান কিনতে পারেন বাংলাদেশিরা। বিভিন্ন জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি এসব পণ্য সংগ্রহ করে রপ্তানি করছেন প্রায় দুই শ রপ্তানিকারক। ৩০ বছর ধরে এমনটাই চলে আসছে।
বাংলাদেশ ফ্রুট, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফভিএপিইএ) দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মরিচ, কাঁকরোল, করলা, শসা, বেগুন, পেঁপে, বরবটি, কচু, লাউ, লতি, লেবুসহ ২৫-৩০ ধরনের সবজি সৌদি আরব, কাতার, আবুধাবি, কুয়েত, বাহরাইন, ওমান, যুক্তরাজ্য, সুইডেন, ইতালিসহ বিভিন্ন দেশে যায়। এ ছাড়া আম, জাম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলও রপ্তানি হয় এসব দেশে।
এসব সবজি, পান ও ফলমূল রপ্তানির পরিমাণ একেবারে কম নয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, ২০১৪-১৫ অর্থবছরে ৪৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়। গত অর্থবছর সেটি বেড়ে ৫৯ কোটি ৬০ লাখে দাঁড়ায়। চলতি অর্থবছরের প্রথম ৯ (জুলাই-মার্চ) মাসে ৪০ কোটি ৯০ লাখ ডলারের সবজি, পান ও ফলমূল রপ্তানি হয়েছে।
বিএফভিএপিইএ বলছে, কৃষিপণ্য রপ্তানিকে সম্প্রসারণ করতে সরকার শাকসবজি ও ফলমূল রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা দিয়ে আসছে। চলতি অর্থবছর এই সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তবে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভিয়েতনাম প্রতিযোগী হয়ে উঠেছে। ভৌগোলিক কারণে এসব দেশ সুবিধাজনক অবস্থানে। কারণ, বাংলাদেশের তুলনায় এসব দেশ রপ্তানি গন্তব্য দেশের চেয়ে কম দূরত্বে। সে জন্য তারা কিছুটা কম পরিবহন খরচে সবজি ও ফলমূল পাঠাতে পারে।
এই যুক্তি দেখিয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তাজা সবজি, ফলমূল ও পান রপ্তানিতে ৩০ শতাংশ নগদ সহায়তা দাবি করেছে বিএফভিএপিইএ। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডে দেওয়া প্রস্তাবে সমিতি বলেছে, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া কৃষিপণ্যের ৯০ শতাংশই আকাশপথে পাঠাতে হয়। এ ক্ষেত্রে পরিবহন ভাড়া বাদ দেওয়ার পর যে অবশিষ্ট মূল্য থাকে, তার সঙ্গে ২০ শতাংশ নগদ সহায়তা যোগ করলেও তেমন কিছু থাকে না।

অভিমত
প্রতিযোগিতা ধরে রাখতেই নগদ সহায়তা দরকার
মোহাম্মদ মনসুর
সাধারণ সম্পাদক, বিএফভিএপিইএ
সরকার দীর্ঘদিন ধরে সবজি ও ফলমূল রপ্তানিতে ভর্তুকি দিয়ে আসছে। এ জন্য সবজি রপ্তানিতে ভালো করছে বাংলাদেশ। তবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সমস্যায় আছেন রপ্তানিকারকেরা। ভারত থেকে মধ্যপ্রাচ্যে এক কেজি সবজি পাঠাতে ৬০ টাকার মতো খরচ হয়। সেখানে বাংলাদেশ থেকে পাঠাতে খরচ পড়ে ৯০ টাকার মতো। প্রতিযোগিতা ধরে রেখে কৃষিপণ্য রপ্তানি অব্যাহত রাখা দরকার। এতে করে গ্রামের হতদরিদ্র কৃষক তাঁর পণ্যের ন্যায্যমূল্য পাবেন। বর্তমানে পণ্যের গুণমান ঠিক রাখতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকদের কাছ থেকে তাঁদের খেতের পাশেই মোড়কজাত করে পণ্য নিয়ে আসেন রপ্তানিকারকেরা। সে জন্যই আগামী বাজেটে সবজি ও ফলমূল রপ্তানিতে নগদ সহায়তা বৃদ্ধি করে ৩০ শতাংশ করার কথা বলছি আমরা।