সবজিচাষিদের কান্না শুনবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্যবাহী যানবাহন ধর্মঘটের কারণে উত্তরাঞ্চলের বড় মোকাম বগুড়ার মহাস্থান হাটে এক দিনের ব্যবধানে গতকাল শীতকালীন সবজির দাম অর্ধেকে নেমে আসে l প্রথম আলো
পণ্যবাহী যানবাহন ধর্মঘটের কারণে উত্তরাঞ্চলের বড় মোকাম বগুড়ার মহাস্থান হাটে এক দিনের ব্যবধানে গতকাল শীতকালীন সবজির দাম অর্ধেকে নেমে আসে l প্রথম আলো

সবজির বড় মোকাম বগুড়ার মহাস্থান হাট গতকাল বৃহস্পতিবার শীতকালীন সবজিতে ঠাসা ছিল। ভরা মৌসুমে হাটে রেকর্ড আমদানি ছিল সবজির। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হাটের সবখানেই সবজিতে ভরপুর। সাতসকালে খেত থেকে সবজি তুলে হাটে নিয়েছিলেন কৃষক। ক্রেতা-বিক্রেতা আর আড়তদার-ব্যাপারীদের ভিড় ছিল অন্যদিনের মতোই।

কিন্তু ছিল না শুধু সবজির কাঙ্ক্ষিত দাম। উল্টো এক দিন আগে বুধবার মহাস্থান হাটে যে ফুলকপির পাইকারি দাম ছিল প্রতি কেজি ১৮ টাকা, এক দিনের ব্যবধানে সেই ফুলকপির দাম ৭ টাকায় নেমে এসেছে। এক দিন আগের ১৫ টাকা কেজির মুলা ৫ টাকায় এবং টমেটো ৭ টাকায় নেমেছে। এভাবে দ্বিগুণ থেকে তিন গুণ দাম পড়েছে বাঁধাকপি, বরবটি, বেগুন, পেঁপে, গাজর, শসা, শিম, কাঁচা মরিচ, নতুন পাকড়ি আলুসহ সব ধরনের সবজির।
উত্তরাঞ্চলে চলমান অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে মহাস্থান সবজির এই পাইকারি মোকামে। বাজারে শীতকালীন সবজির প্রচুর আমদানি হলেও পণ্যবাহী পরিবহন ধর্মঘটের অজুহাতে ব্যাপারী ও আড়তদারেরা গা ছাড়া ভাব দেখিয়ে সস্তায় সবজি কিনেছেন। সবজির বাজার পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক।
সড়ক-মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি, ওজন স্টেশন কেন্দ্রে শ্রমিক হয়রানি-নির্যাতন বন্ধ, ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান-ট্যাংকলরির বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক অপসারণের সরকারি নির্দেশ প্রত্যাহার, বকেয়া রুট পারমিট মওকুফ, চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, মহাসড়কে ভটভটি-অটোরিকশাসহ সব অযান্ত্রিক যান চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের এই পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়।
শিবগঞ্জের ঘাগুরদুয়ারের কৃষক মোস্তফা বলেন, ২০ শতক জমিতে ফুলকপি আবাদ করেছিলেন। মৌসুমের শুরু থেকেই দাম মোটামুটি ভালোই পাচ্ছেন। কিন্তু বৃহস্পতিবার হাটে কপি বিক্রি করতে এসে মাথায় হাত তাঁর। এক দিন আগে যে ফুলকপি তিনি প্রতি কেজি বিক্রি করেছেন ১৮ টাকায়, বৃহস্পতিবার তা ৭ টাকায় নেমে এসেছে। গোলাম মোস্তফার মতোই একই দশা হাজারো কৃষকের। উৎপাদন ভালো হলেও ধর্মঘটের কারণে পাইকারেরা তাঁদের কাছ থেকে সস্তায় সবজি কিনছেন।

>উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট, এক দিনেই বগুড়ার মহাস্থান হাটে শীতকালীন সবজির দাম পড়েছে তিন গুণ!

অন্যদিকে পাইকারেরা বলছেন, ঢাকা বা চট্টগ্রামে তাঁরা সবজি পাঠাতে পারছেন না। ঝুঁকি নিয়ে যে সবজি তাঁরা কিনছেন, ঠিকমতো মোকামে পাঠাতে না পারলে পথে বসতে হবে।
গতকাল সকাল নয়টার দিকে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজির পাইকারি মোকাম মহাস্থান হাটে গিয়ে দেখা গেল, হাটজুড়ে শুধু সবজি আর সবজি। কোথাও তিল ধারণের জায়গা নেই। বাজার ছাড়াও মহাসড়কের আশপাশে সবজির স্তূপ। খেত থেকে তোলা সবজি নিয়ে ক্রেতার আশায় সকাল থেকে বাজারে বসে আছেন চাষিরা। আর আড়তদার ও ফড়িয়ারা অনেকটা পানির দামে সবজি কিনছেন। পানির দামে সবজি বিক্রি করে বিষণ্ন মন নিয়ে বাড়ি ফিরেছেন কৃষকেরা।
ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাস্থান পাইকারি মোকামে বুধবার প্রতি মণ ফুলকপি ৭০০ টাকা, মুলা ও টমেটো প্রতি মণ ৬০০, বাঁধাকপি প্রতিটি ২২ থেকে ২৫, বরবটি, শসা ও বেগুন প্রতি মণ ৮০০, পেঁপে প্রতি মণ ৪৫০, গাজর ও শিম প্রতি মণ ১ হাজার ৬০০, কাঁচা মরিচ প্রতি মণ ১ হাজার ৩০০, নতুন পাকড়ি আলু প্রতি মণ ২ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার দাম পড়ে যাওয়ায় ফুলকপি ও টমেটো প্রতি মণ ৩০০, বরবটি ও শসা ৪০০, বেগুন ৫০০, পেঁপে ও মুলা ২০০, গাজর ১ হাজার ২০০, কাঁচা মরিচ ১ হাজার, নতুন পাকড়ি আলু ১ হাজার ৬০০, বাঁধাকপি প্রতিটি ১০ টাকা দরে বিক্রি হয়েছে।
রায়মাঝিড়া গ্রামের কৃষক আবু জাফর বলেন, ‘বিয়ানবেলা খেতত থ্যাকে ১৫ মণ ফুলকপি তুলে হাটত লিয়্যাচ্চি। ইটি অ্যাসে দেখি সবজি কিনবার লোক নাই। বুধবার এক কেজি ফুলকপি বেচে ১৮ টাকা পাচনো। আজকা পানো ৭ টেকা।’
মহাস্থান বাজারের আড়তদার জাহিদুল ইসলাম বলেন, ধর্মঘটের কারণে সবজি কেনায় আগ্রহ ছিল না ব্যবসায়ীদের। অনেকেই ঝুঁকি নিয়ে সবজি কিনলেও তা মোকামে পাঠানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
মহাস্থান হাট সবজি, কাচা ও পাকা মাল ব্যবসায়ী এবং আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, খেত থেকে সবজি তুলে হাটে এনে দাম না পেয়ে অনেক কৃষক কেঁদেছেন। কৃষকের কষ্টের কথা বিবেচনা করে পরিবহন ধর্মঘট শর্তেও ঝুঁকি নিয়ে আড়তদার ও ব্যাপারীরা কিছু সবজি কিনছেন। এখন কেনা সবজি মোকামে পাঠানো না গেলে ব্যবসায়ীরাও পুঁজি হারিয়ে পথে বসবেন।
জানতে চাইলে উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাত দফা দাবি আদায়ে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘কৃষকের হাহাকার দেখে আমরাও কষ্ট পেয়েছি। কৃষকের স্বার্থে সবজিবাহী যানবাহন ধর্মঘটের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রশাসন এখনো বৈঠকে বসার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।’