সবজির দর এখনো চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে শীতের আগাম সবজির দাম কিছুটা কমেছে। তবে তা এখনো সাধারণের নাগালের বাইরে। অন্যদিকে গ্রীষ্মের সবজিগুলোর দাম আরও কিছুটা বেড়েছে।
সব মিলিয়ে প্রায় সব ধরনের সবজির দামই কেজিপ্রতি ৫০ টাকা বা তার বেশি। বিক্রেতারা বলছেন, ধীরে ধীরে শীতের সবজির সরবরাহ বাড়বে। দামও কমবে। তবে শিগগিরই দাম খুব বেশি কমার সুযোগ নেই। গতকাল রোববার ও আগের দিন শনিবার রাজধানীর একাধিক বাজার ঘুরে এমনটাই জানা গেল।
রাজধানীর ইন্দিরা রোডের অস্থায়ী সবজির দোকানগুলোতে প্রতি কেজি শিম ৮০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, ফুলকপি আকারভেদে প্রতিটি ৩০-৫০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩৫ টাকা ও মুলা কেজিপ্রতি ৫০ টাকা চাচ্ছেন বিক্রেতারা।
বিক্রেতা মো. শাহিন বলেন, গত সপ্তাহে তিনি শিম বিক্রি করেছেন কেজিপ্রতি ১২০ টাকা দরে। শিমের দাম কেজিতে ৪০ টাকা কমেছে। কাঁচামরিচের দামও কমেছে, কেজিপ্রতি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৮০ থেকে কমে ৭০ টাকায় নেমেছে বলে দাবি করেন তিনি।
তবে মো. শাহিন জানান, তাঁর দোকানে ৫০ টাকা কেজির নিচে কেবল পেঁপে ও কচুমুখী আছে। বাকি সব সবজির দাম এর চেয়ে বেশি।
বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঢ্যাঁড়স, ঝিঙে ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা দরে। করলার দাম উঠেছে কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায়। বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে এক মুঠো ১৫ থেকে ২০ টাকায়।
ইন্দিরা রোডে সবজি কেনার সময় স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, গ্রীষ্মের সবজিগুলোর মান ভালো নয়। দেখলেই বোঝা যায় বিবর্ণ হয়ে গেছে। কিন্তু দাম চাইছে ৫০ টাকার বেশি। তাজা সবজি খেতে হলে এখন শীতের আগাম সবজিই কিনতে হবে। কিন্তু সেগুলোর দাম এত চড়া যে কেনার উপায় নেই।
এদিকে বাজারে পেঁয়াজের দাম কমেছে। কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০-৩২ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর কাজীপাড়া ও ইন্দিরা রোডে দেশি পেঁয়াজ আকারভেদে ৩৫ থেকে ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩০-৩৫ টাকা চাইছেন বিক্রেতারা। রসুনের দামও কেজিতে ১০ টাকা কমেছে। চীনা রসুন ১৮০ টাকা ও দেশি রসুন ১৬০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। অন্যান্য পণ্যের দামে তেমন কোনো হেরফের নেই।
কারওয়ান বাজারের বিক্রেতা মো. মামুন বলেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ বেশি। এ ছাড়া মৌসুম ঘনিয়ে আসায় দেশি পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন ফড়িয়ারা। এ কারণে দাম কমেছে।