সবজির বাজার ঠান্ডা, বেড়েছে আলুর দাম
দুই দিনের বৃষ্টিতে তরিতরকারির সরবরাহ কিছুটা কমলেও কাঁচাবাজারে তার তেমন প্রভাব পড়েনি। বরং কিছু সবজি আগের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তবে নতুন করে বেড়েছে আলুর দাম। আর ডিম, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলের দামও বেশ কিছুদিন ধরেই চড়া।রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শনিবার বিকেলে ঘুরে দেখা গেছে, কর্দমাক্ত বাজারে ক্রেতার সংখ্যা কম। আর পচনশীল সবজি বৃষ্টিতে পচে যেতে পারে বলে কম দামে বিক্রি করে দিচ্ছেন বিক্রেতারা।বাজারে গতকাল প্রতি কেজি করলা ৩৫, টমেটো ৩০, ঢ্যাঁড়স ২০, পটোল ৩৫, চিচিঙা ২০ থেকে ২৫, শসা ২০, বেগুন ২০ ও শিম ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া ছোট ১৫, মাঝারি ২০ এবং বড় ২৫—এই তিন দামে বাজারে লাউ বিক্রি হচ্ছে। ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আট টাকায়।বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২২ ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম কিছুটা বেড়েছে। বাজারে দেশি রসুন ৪০ ও আমদানি করা চীনা রসুন ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।তবে গত কয়েক দিনে বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে আলুর। এক সপ্তাহ আগেও যে আলু বিক্রি হতো ১২ থেকে ১৩ টাকায়, তা এখন বিক্রি হচ্ছে ১৬ টাকায়। পাড়া-মহল্লার বাজারে অবশ্য কেজিপ্রতি ১৮ টাকা দরেও আলু বিক্রি হয়েছে গতকাল।কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান, বাজারে আলুর সরবরাহ কম, তাই পাইকারদের কাছ থেকে বেশি দামে তাদের আলু কিনতে হচ্ছে।আড়তদারেরা বলছেন, এ বছর আলুর উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কম। তাই গত এক সপ্তাহে মোকামে আলুর দাম বেড়েছে। ভালো মানের আলু গত সপ্তাহে মণপ্রতি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এ কারণে তাঁদেরও খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে।ডিমের দাম আগের মতোই চড়া। এক হালি ফার্মের মুরগির ডিম কিনতে এখনো ক্রেতাকে গুনতে হচ্ছে ৩৪ টাকা। বিভিন্ন ধরনের মুরগির দামও বেশি। এক কেজি ওজনের ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের (৭০০ গ্রাম) প্রতিটি দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। আর এক কেজি ওজনের দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।ভোজ্যতেলও চড়া দামেই বিক্রি হচ্ছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৩১ থেকে ১৩৫ এবং পাঁচ লিটারের তেল ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার খোলা পাম তেল ১০৫ থেকে ১০৭ টাকায় বিক্রি হচ্ছে।