সবাই এখন বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা নিতে দেশের বেসরকারি খাত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠায় ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। ইতিমধ্যে ৫০টির বেশি এসইজেড প্রতিষ্ঠার আবেদন পড়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে। প্রতি সপ্তাহেই দু-একটি করে নতুন আবেদন জমা পড়ছে।
এসব আবেদনকারীর মধ্যে দেশের বড় বড় শিল্পগোষ্ঠী যেমন আছে, তেমনি আছে অখ্যাত ছোট ছোট প্রতিষ্ঠান। আবার কিছু শিল্পগোষ্ঠী একাধিক এসইজেডের আবেদন করেছে।
২০৩০ সাল নাগাদ সরকার যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা করেছে, তার মধ্যে কিছু হবে বেসরকারি উদ্যোগে। বেসরকারি খাতে যেসব প্রতিষ্ঠান এসইজেড প্রতিষ্ঠা করবে, তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। এসইজেড থেকে পাওয়া আয় ১০ বছর করমুক্ত, বিদ্যুতের ওপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি, এসইজেড প্রতিষ্ঠায় স্থানীয় বাজার থেকে কেনা উপকরণ মূসক অব্যাহতি, আমদানি পণ্যের ওপর শুল্ক ছাড়, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণে ভর্তুকি ছাড়াও নানা সুবিধা পাবে এসইজেড প্রতিষ্ঠাকারী কোম্পানি।
অন্যদিকে এসইজেডে যাঁরা বিনিয়োগ করবেন, তাঁদের ১০ বছর বিভিন্ন হারে কর অবকাশ সুবিধা দেওয়া হবে। এ ছাড়া বিনিয়োগের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রপাতি কেনায় কর ছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। এ ছাড়া আরেকটি বিশেষ সুবিধা হলো, এসইজেডে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সংযোগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সব মিলিয়ে এসইজেড এখন বেসরকারি খাতের জন্য আকর্ষণে পরিণত হয়েছে। এসব সুবিধা পেতে বড় বড় শিল্পগোষ্ঠী ভবিষ্যৎ বিনিয়োগের জন্য নিজেদের কিনে রাখা জমি এখন এসইজেডে রূপান্তর করতে চাইছে। বেজার গর্ভনিং বোর্ড যে ২০টি এসইজেডের অনুমোদন দিয়েছে, তার মধ্যে ১৩টি প্রাক-যোগ্যতা লাইসেন্স দিয়েছে বেজা। প্রাক-যোগ্যতা লাইসেন্স পাওয়া কোম্পানিগুলো হলো, এ কে খান অ্যান্ড কোম্পানি, আবদুল মোনেম, বে, আমান, মাইশা, ইউনাইটেড, ইউনিক ও আকিজ গ্রুপ একটি করে এবং মেঘনা গ্রুপ তিনটি ও বসুন্ধরা দুটি। এর বাইরে সিটি গ্রুপের দুটি, ফমকম গ্রুপের একটি, অ্যালায়েন্স হোল্ডিংয়ের একটি, ইস্ট কোস্ট গ্রুপের একটি, সিরাজগঞ্জে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানের একটি ও বিজিএমইএর পোশাকপল্লির গভর্নিং বোর্ডের অনুমোদন আছে।
বেজা সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এসইজেড পাওয়া কোম্পানিগুলোর মধ্যে আবদুল মোনেম, বে, আমান গ্রুপ একটি করে, মেঘনা গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ আরও দুটি করে এসইজেডের আবেদন করেছে। এ ছাড়া বিডিজি-মাগুরা গ্রুপ দুটি ও টি কে গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বিএসআরএম গ্রুপ, সাদ মুসা গ্রুপ, জে কে গ্রুপ, কর্ণফুলী ড্রাই ডক, অ্যালায়েন্স হোল্ডিং, ইস্ট কোস্ট গ্রুপ, ইবরাহিম গ্রুপ, প্রবাসী পল্লী গ্রুপ একটি করে এসইজেডের আবেদন করেছে। সিলেটে ফকরুল ইসলাম চৌধুরী অর্থনৈতিক অঞ্চল নামে একটি এসইজেড প্রতিষ্ঠার আবেদন এসেছে বেজায়।
তবে অনেক আবেদনই বেজা বিবেচনায় নিচ্ছে না। অনুমোদনের জন্য তা গভর্নিং বোর্ডের সভায় তোলা হচ্ছে না। জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, এসইজেড প্রতিষ্ঠার বিষয়টি এখন বেশ জনপ্রিয় হয়েছে। এ কারণে সতর্কতা অবলম্বনের সময় এসেছে।
বেসরকারি খাতে এসইজেডের অনুমোদনের ক্ষেত্রে কিছু নির্ধারিত নিয়মকানুন আছে উল্লেখ করে পবন চৌধুরী বলেন, এর বাইরে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবসম্মত কি না, যে কোম্পানি এসইজেড প্রতিষ্ঠা করতে চায়, তাদের কারিগরি, ব্যবস্থাপনা ও আর্থিক সক্ষমতা আছে কি না—এসব বিষয় বিবেচনা করা হয়। যাতে সঠিক বিনিয়োগকারী বিনিয়োগে আসে, বেজা সেই চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বেসরকারি খাতে এসইজেড প্রতিষ্ঠা করতে হলে নিষ্কণ্টক জমি থাকতে হবে। এ ছাড়া কত টাকা বিনিয়োগ হবে, এ টাকা কোথা থেকে আসবে, কত লোকের কর্মসংস্থান হবে—এসব অনেক বিষয় উল্লেখ করে বেজার নির্ধারিত ফরমে আবেদন করতে হয়।
এসব বিষয়ে মতামত জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ধরে নিতে হবে, ভবিষ্যতে সব শিল্প হবে এসইজেডে। ফলে সেখানে যে সুবিধা দেওয়া হবে, তা হতে হবে সুবিধার মানকাঠামো। তাই সুবিধা বুঝেশুনে দিতে হবে।
কোনো কোম্পানি বিনিয়োগের জন্য ঠিক করে রাখা জমি এখন এসইজেডে রূপান্তর করলে কোনো অসুবিধা থাকার কথা নয় বলে উল্লেখ করেন আহসান মনসুর। বেসরকারি খাতে এসইজেডের সংখ্যা বেশি হলে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে বলেও মনে করেন তিনি।