
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এ বছর অনেক নতুন মুখ ছিলেন, যাঁরা প্রথমবারের মতো ট্যাক্স কার্ড পেয়েছেন। এবার এনবিআর শীর্ষ করদাতার পেশাভেদে ভিন্ন ভিন্ন শ্রেণি তালিকা করায় তাঁদের সুযোগ হয়েছে সেরার তালিকায় ওঠার। করদাতা হিসেবে প্রথমবারের মতো সরকারি সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তরুণ, নারী, প্রতিবন্ধী, শিল্পী, খেলোয়াড় ও নতুন করদাতারা বললেন, এ স্বীকৃতি কর দিতে তাঁদের উৎসাহ বাড়াবে। সবাই মিলে কর দিলে দেশ এগোবে।
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সংগীতশিল্পী সুবীর নন্দী, আইনজীবী রফিক-উল হকের মতো পরিচিত মুখ। আবার উপস্থিত ছিলেন এ কে এম আতাউল করিম, আবু তাহেরের মতো অপরিচিত করদাতারা; যাঁরা সবাই নিয়মিত কর দিচ্ছেন। দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।
যাঁরা এখনো নিয়মিত কর দিতে অভ্যস্ত হননি তাঁদের উদ্দেশে সেরা করদাতারা বলেন, কর দিলে করদাতারা নিজেরাই উপকৃত হবেন। রাষ্ট্রের কাছে শুধু চাইলেই হয় না, কিছু দিতেও হয়।
খেলোয়াড় শ্রেণিতে সেরা করদাতার সম্মাননা নিয়ে ফিরে যাওয়ার সময় সংবাদকর্মীরা ঘিরে ধরলেও ক্রিকেটার তামিম কোনো কথা বলেননি। তবে নিজের অনুভূতি প্রকাশ করেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘কর দেওয়া আমাদের কর্তব্য। আমরা শুধু এ দায়িত্ব পালন করেছি। সরকারের স্বীকৃতি আমাদের উৎসাহিত করবে, অন্য খেলোয়াড়েরাও উৎসাহিত হবে।’
কত বছর ধরে কর দিচ্ছেন তা মনে নেই সংগীতশিল্পী সুবীর নন্দীর। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে অনুমান করে এ গুণী শিল্পী বললেন, তিন দশকের বেশি হবে। তিনি বলেন, ‘দেশকে কর দিয়ে আমি গর্বিত। আমি মনে করি রাষ্ট্র বিনির্মাণে আমাদের সবার অংশগ্রহণ থাকা উচিত।’
আইনজীবী তানজীব-উল-আলমও বললেন একই কথা। তাঁর মতে, কর দেওয়া নাগরিক দায়িত্ব। প্রায় ১৯ বছর নিজে কর দিচ্ছেন। এবার আইনজীবী শ্রেণিতে চতুর্থ সেরা করদাতা হয়েছেন তিনি।
স্থপতি শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন রফিক আজম। তিনি মনে করেন, কর দিলে শুধু টাকা বৈধ হয় না, সমাজের প্রতি কিছুটা অবদানও রাখা হয়। প্রথম আলোকে তিনি বলেন, কর দিলে দেশ এগোবে। নিজের ভালো হবে।
সম্মাননা নিয়ে সংগীতশিল্পী শাহীন সামাদ বলেন, দেশে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। কিন্তু কর দিচ্ছেন মাত্র ১১ লাখ। সরকার বলছে, শিগগিরই এটা বেড়ে ২০ লাখ হবে। কিন্তু করদাতা আরও বেশি হওয়া উচিত।
ঢাকার অনেক বাড়ির মালিক ও বহু ফ্ল্যাটের মালিকেরা ঠিকমতো আয়কর দেন না। কিন্তু বাড়িভাড়া থেকে আয়ের ওপর কর দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী আকরাম মাহমুদ প্রতিবন্ধী শ্রেণিতে শীর্ষ করদাতা হয়েছেন। তাঁর পক্ষে এনবিআরের সম্মাননা নিতে আসা ভাই সোলায়মান মাহমুদ বলেন, আকরাম মাহমুদ ১৯৯০ সাল থেকে কর দিচ্ছেন। এ বছর তাঁর কর এসেছে প্রায় ৪ লাখ টাকা। প্রতিবন্ধী শ্রেণিতে দ্বিতীয় শীর্ষ করদাতা হয়েছেন সিলেটের ব্যবসায়ী আবু তাহের। শারীরিক প্রতিবন্ধী এ ব্যবসায়ী চিকিৎসা সরঞ্জামের সরবরাহকারী তাহের এন্টারপ্রাইজের মালিক। তিনিও কর দিয়েছেন প্রায় ৪ লাখ টাকা। একই শ্রেণিতে তৃতীয় শীর্ষ করদাতা মামুনুর রশিদ পেশায় চিকিৎসক। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে একটি হাত ও পা অকেজো হয়ে যায় তাঁর। তিনি কর দিয়েছেন প্রায় দেড় লাখ টাকা।
তরুণ করদাতার (যাঁদের বয়স ৪০-এর নিচে) মধ্যে সিলেটের ব্যবসায়ী এ কে এম আতাউল করিমের অবস্থান পঞ্চম। তাঁর পরিবারের অন্য ব্যবসা থাকলেও তিনি নিজে গড়ে তুলেছেন এ বি এম ওয়াটার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এ কোম্পানিটি পানির লবণাক্ততা মুক্ত করা, পানি পরিশোধন, বর্জ্য পরিশোধনাগার স্থাপনের ব্যবসা করে। তিনি গত বছর কর দিয়েছেন প্রায় আড়াই কোটি টাকা। তিনি বলেন, সবাই মিলে কর দিলে পাঁচ বছরে বাংলাদেশের চিত্র পাল্টে যেতে পারে।
নতুন করদাতার তালিকায় প্রথম নামটি ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) ব্যবসায়ী সুলতান মাহমুদের। ৩৫ বছর বয়সী এ ব্যবসায়ী গত বছর মোট ৪২ লাখ টাকা কর দিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমি কর দিই। বাংলাদেশের তরুণ-তরুণীদের বেশি বেশি কর দেওয়া উচিত।’
নতুন করদাতাদের মধ্যে মোহাম্মদ আরমান, আবদুল কাইয়ুম, রাফাত কায়সার, বশির উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্যাক্স কার্ড সংগ্রহ করেন।
নারী শ্রেণিতে প্রথম দুজন শীর্ষ করদাতা দুই বোন হোসনে আরা হোসেন ও লায়লা হোসেন। তাঁরা উপস্থিত ছিলেন সম্মাননা প্রদান অনুষ্ঠানে। জানতে চাইলে তাঁরা বলেন, পাকিস্তান আমল থেকে কর দিয়ে আসছেন। তাঁদের পরিবারের ছয়জন শীর্ষ করদাতার তালিকায় রয়েছেন। সবাই ওষুধ উৎপাদনকারী কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের পরিচালক। তাঁদের সবাই বেশ কয়েক বছর ধরে ট্যাক্স কার্ড পেয়ে আসছেন।
শীর্ষ নারী করদাতাদের তালিকায় ৪ নম্বরে আছেন জেবা আলী। তিনি ম্যাপল লিফ স্কুলের অধ্যক্ষ ও ম্যাপল লিফ প্রপার্টিজের চেয়ারম্যান। তিনি গত বছর কর দিয়েছেন প্রায় সাড়ে চার কোটি টাকা। স্বীকৃতি পেয়ে কেমন লাগছে জানতে চাইলে একবাক্যে বলেন, ‘খুবই ভালো লাগছে।’