সবার জন্য আবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিহ্যাব আবাসন মেলার চতুর্থ দিনে গতকালও দর্শনার্থীরা ব্যাপক ভিড় করেন l প্রথম আলো
রিহ্যাব আবাসন মেলার চতুর্থ দিনে গতকালও দর্শনার্থীরা ব্যাপক ভিড় করেন l প্রথম আলো

দেশের সব মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হলে সরকারি-বেসরকারি সব পক্ষকে মিলে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। এর আওতায় ব্যাংকঋণের সুদের হার কমানোর পাশাপাশি স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য গঠন করতে হবে একটি বিশেষ তহবিল। যাতে করে তাঁরা বাসা ভাড়ার অর্থ দিয়ে ফ্ল্যাটের কিস্তি পরিশোধ করতে পারেন।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলা প্রাঙ্গণে গতকাল শনিবার আবাসন খাত নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রিহ্যাব আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ। সভাপতিত্ব করেন রিহ্যাবের সহসভাপতি রবিউল হক।
আবাসন খাতের কয়েকজন ব্যবসায়ী বলেন, দুই বছর ধরে আবাসন খাত সংকটের মধ্যে আছে। দাম বেড়ে যাওয়ায় মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফ্ল্যাটের দাম। বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১২-১৩ শতাংশ সুদহারে গৃহঋণ বিতরণের অফার দিচ্ছে। তবে অনেক লুকায়িত চার্জের কারণে শেষ পর্যন্ত তা ১৬-২২ শতাংশে গিয়ে দাঁড়ায়। এ ছাড়া জমির স্বল্পতার কারণে সরকারি পর্যায়ে প্লট বরাদ্দ দেওয়া যাবে না বলে বক্তারা উল্লেখ করেন।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, আবাসন ছাড়া চলবে না। ফলে চাহিদা ও সরবরাহ বিশ্লেষণ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার কী ভূমিকা, তা নিয়ে একটি কাঠামো তৈরি করতে হবে। সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়েই খাতটিকে এগিয়ে নেওয়া সম্ভব।
আবদুল মজিদ বলেন, অর্থনীতিকে গতিশীল করতে পারলে সবাই উপকৃত হন। বর্তমানে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে পড়ে আছে। এই অর্থ বিনিয়োগে সরকার উদ্যোগী হয়ে তহবিল গঠন করতে পারে; যাতে স্বল্প সুদে ঋণ দেওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আয়বৈষম্য বেড়ে যাচ্ছে। সে জন্য মানুষের আয় অনুযায়ী ব্যাংকঋণের সুদের হার নির্ধারণ করে দিতে পারে সরকার।
সভায় আরও বক্তব্য দেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য সোহেল রানা প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণমাধ্যমকর্মী রাজু আহমেদ।
মেলায় ক্রেতাদের ভিড়: মেলার চতুর্থ দিনে গতকালও বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটে। বেশ কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ভালো সাড়া পাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে ফ্ল্যাটের বুকিং পেয়েছেন কেউ কেউ।
বিকেলে মেলায় এসেট ডেভেলপমেন্টের স্টলে এর সহকারী বিক্রয় মহাব্যবস্থাপক শান্ত খন্দকার জানান, তাঁদের বিভিন্ন এলাকার বড়-মাঝারি-ছোট ফ্ল্যাট সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন দর্শক-ক্রেতারা। কম্প্রিহেনসিভ হোল্ডিংয়ের এক কর্মকর্তা জানান, তাঁরাও ভালো সাড়া পেয়েছেন।
এদিকে নাভানা রিয়েল এস্টেট বিভিন্ন এলাকায় সর্বনিম্ন ১ হাজার ২১১ থেকে ৬ হাজার ২০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট মেলায় প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটি বারিধারা ও গুলশানে ২৮-৩৩ হাজার, ধানমন্ডিতে ১৮-২২ হাজার, নিকেতনে ১৫-২০ হাজার, লালমাটিয়ায় সাড়ে ১৩-১৫ হাজার, ইস্কাটনে সাড়ে ১১ হাজার, ধোলাইখালে আট হাজার, ওয়ারীতে ১৩ হাজার টাকা প্রতি বর্গফুট দরে ফ্ল্যাট বিক্রি করছে। মেলায় মূল্যছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে তারা। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মামুন হাসান বললেন, ‘ছয়টি ফ্ল্যাটের বুকি পেয়েছি আমরা।’
আরেক প্রতিষ্ঠান অ্যাসুরেন্স ডেভেলপমেন্ট ৫২টি প্রকল্পের প্রায় ৩৩০টি ফ্ল্যাট বিক্রির জন্য প্রদর্শন করছে। এসব ফ্ল্যাটের আয়তন ১ হাজার ১১৫ থেকে ২ হাজার ৬৭০ বর্গফুট। তাদের ফ্ল্যাটের বর্গফুটপ্রতি দাম হলো বসুন্ধরা এলাকায় সাড়ে ৮-সাড়ে ১০, বনানীতে ১৪-১৬, গুলশানে ১৮-২১, নিকেতনে ১২, উত্তরায় ৯-১১, ধানমন্ডিতে ১৫-সাড়ে ১৭ হাজার টাকা।
রাজউক গতকালও মেলার বিভিন্ন কোম্পানির স্টলে অভিযান চালায়। প্রকল্পের নকশায় ত্রুটিবিচ্যুতি রয়েছে কি না, তা খতিয়ে দেখেন রাজউক কর্মকর্তারা।
আজ মেলার শেষ দিন। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।