ডিএসইর আয়োজনে পুঁজিবাজার সম্মেলন অনুষ্ঠিত
সবার ব্যর্থতায় বিনিয়োগকারীদের আস্থা নেই মিউচুয়াল ফান্ডে
নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগের পরও মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকসহ অন্যান্যদের সম্মিলিত ব্যর্থতার কারণে মিউচুয়াল ফান্ডের ওপর থেকে বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছেন। অনেক সম্পদ ব্যবস্থাপক বিনিয়োগকারীর টাকার অপব্যবহারও করেছেন। এখন থেকে সম্পদ ব্যবস্থাপকেরা ফান্ডের টাকা কোথায়, কীভাবে বিনিয়োগ করছেন সেই তথ্য বিনিয়োগকারীকে জানাতে হবে। নিয়মিতভাবে ফান্ডের পত্রকোষের তথ্য প্রকাশ করতে হবে। এ জন্য আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত পুঁজিবাজার সম্মেলনে এ কথা জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হেলালউদ্দিন নিজামী। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের শেয়ারবাজারের মিউচুয়াল ফান্ড খাত নিয়ে অনুষ্ঠিত প্রথম কর্ম-অধিবেশনে সভাপতির বক্তব্যে হেলালউদ্দিন নিজামী এসব কথা বলেন।
হেলালউদ্দিন নিজামী আরও বলেন, মিউচুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আইনি সংস্কার করা হবে। এ সময় তিনি সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবালের ব্যবস্থাপনাধীন তহবিলের বিপুল অর্থ অপব্যবহারের প্রসঙ্গটিও তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসইসি ব্যবস্থা গ্রহণের পর তারা আদালতের শরণাপন্ন হয়েছে। কিন্তু বাজার-সংশ্লিষ্ট কেউই প্রতিষ্ঠানটির অনিয়মের বিষয়ে মোটেই সোচ্চার নয়। বিএসইসিকে এককভাবে লড়াই করতে হচ্ছে।
সম্প্রতি মিউচুয়াল ফান্ডগুলো রি-ইনভেস্টমেন্টের নামে বোনাস ইউনিট ঘোষণার আইনি সুযোগ নিয়ে তহবিলের আকার বাড়াচ্ছে। এর ফলে তহবিল ব্যবস্থাপকদের আয়ও বেড়ে যাচ্ছে।
রি-ইনভেস্টমেন্টের সুযোগ নিয়ে কোনো সম্পদ ব্যবস্থাপক এটির অপব্যবহার করছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হেলালউদ্দিন নিজামী। তিনি বলেন, পুরো বিষয়টি পর্যালোচনা করে কমিশন এ সংক্রান্ত বিধিবিধান পুনর্বিবেচনা করবে।
কর্ম-অধিবেশনের আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, শিগগিরই শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট নামে আলাদা কোম্পানি গঠন করা হবে। সেই সঙ্গে আন্তসীমান্ত তালিকাভুক্তির (ক্রস বর্ডার লিস্টিং) জন্য বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ। এর ফলে দেশীয় উদ্যোক্তারা চাইলে বিদেশের বাজারেও তালিকাভুিক্তর সুযোগ পাবেন।
ডিএসইর সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির সদস্য আরিফ খান। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশ্বের বড় বড় বিনিয়োগকারী বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়ে উঠছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেয়ারবাজারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। তিনি তাঁর প্রবন্ধে বলেন, শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করা হলে তাতে মূলধনের খরচ অনেক কমে যায়। এ ছাড়া তালিকাভুক্ত বিভিন্ন খাতের কোম্পানির জন্য কর ছাড়েরও ব্যবস্থা রয়েছে। এ সময় তিনি শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের বিভিন্ন পন্থাও তুলে ধরেন। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন ও পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগের কথাও জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই মিউচুয়াল ফান্ড খাত নিয়ে প্রথম কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। তাতে বাংলাদেশে এ খাতের বর্তমান অবস্থা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান মিনহাজ জিয়া। এতে আরও বক্তব্য দেন রেইস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী হাসান ইমাম।
সম্মেলনের দ্বিতীয় কর্ম-অধিবেশনটি ছিল ঋণ সিকিউরিটিজ নিয়ে। তাতে সভাপতিত্ব করেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। সম্মেলনের শেষ কর্ম-অধিবেশনটি ছিল ‘শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ’ নিয়ে। বিএসইসির কমিশনার আরিফ খানের সভাপতিত্বে তাতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) জিয়াউল হাসান খান। নির্ধারিত আলোচক ছিলেন গ্রামীণফোনের কোম্পানি সচিব ও পরিচালক হোসেন সাদাত এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান।