সবুজ জ্বালানির প্রদর্শনী শুরু

সৌরবিদ্যুৎ ব্যবহারে গত এক দশকে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। দেশের প্রায় দুই কোটি মানুষ বর্তমানে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎসুবিধা পাচ্ছে। শুধু সৌরবিদ্যুৎ নয়, নবায়নযোগ্য বিভিন্ন প্রাকৃতিক উৎস কাজে লাগিয়ে জ্বালানি ব্যবহারও আগের চেয়ে অনেক বেড়েছে। দিন দিন বাড়ছে চাহিদা।
এই অবস্থায় নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব শক্তির উৎস ও শক্তির বিভিন্ন ব্যবহার নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘গ্রিন এনার্জি এক্সপো’ শীর্ষক এক প্রদর্শনী। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রদর্শনীটির আয়োজন করছে।
ইডকলের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেলের সংখ্যা ৩৫ লাখ। এ সাফল্য উদ্যাপনে এবং সবুজ জ্বালানির ব্যবহার বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান ইডকলের কর্মকর্তা শাহিনুর রহমান। তিনি জানালেন, ইডকলের অংশীদার বিভিন্ন এনজিও, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের স্টল ছাড়াও মোট ৫৮টি স্টল রয়েছে এ প্রদর্শনীতে।
গতকাল বিকেলে প্রদর্শনী ঘুরে দেখা যায়, হরতালের মধ্যেও ব্যতিক্রমী এই আয়োজনে দর্শনার্থীরা এসেছেন। কেউ স্টলগুলো ঘুরে দেখছেন, কেউবা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও মূল্য সম্পর্কে তথ্য নিচ্ছেন। কোথাও চোখে পড়ে সৌর প্যানেল, কোথাও বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাতি, বায়োগ্যাস, উন্নত মানের চুলার প্রদর্শনী। সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচ পাম্পের প্রদর্শনী দেখা গেল কয়েকটি স্টলে।
কুষ্টিয়া থেকে প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশীয় এনজিও দিশা। প্রতিষ্ঠানটির মূল আকর্ষণ বায়োগ্যাসের চুলা। প্রবেশমুখেই বায়োগ্যাসের একটি উৎপাদন মডেল সাজিয়ে রাখা হয়েছে। আগ্রহী অনেকেই এর ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছিলেন। স্টলটির ব্যবস্থাপক জানালেন, ৩০ থেকে ৩৬ হাজার টাকায় বায়োগ্যাসের চুলা কিনতে পাওয়া যায়। সঙ্গে রয়েছে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা।
রাজধানীর বনশ্রী থেকে প্রদর্শনীতে এসেছেন ব্যবসায়ী সৈয়দ শাহরিয়ার। প্রদর্শনী কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার যে প্রত্যাশা ছিল, তার অনেকটাই পূরণ হয়েছে। যেহেতু প্রত্যন্ত অঞ্চলের মানুষ এসব প্রযুক্তির ব্যবহার বেশি করে, তাই ঢাকার বাইরে এটি করা গেলে আরও ভালো হতো।’
সৌর সেচপ্রযুক্তির বাজারজাতকারী প্রতিষ্ঠান শেরপা পাওয়ারের স্টলে কথা হয় আলী নূরের সঙ্গে। খাগড়াছড়িতে নিজের ৪০ একর জায়গায় সৌর সেচের ব্যবস্থা করার জন্য কত খরচ পড়বে, তা জানতে এসেছেন তিনি। বললেন, ‘ইডকলের মাধ্যমে আমি এ প্রযুক্তির সেচের কথা জানতে পেরেছি। তাঁদের প্রকৌশলীরা ইতিমধ্যেই খাগড়াছড়িতে আমার জায়গা পরিদর্শন করে এসে জানিয়েছে, সৌরপ্রযুক্তির সেচযন্ত্র বসাতে মোট ৪০ লাখ টাকা খরচ হবে।’
সৌরবিদ্যুতের মাধ্যমে যে বাতি ব্যবহার করা হয়, তা সাধারণ বাতি থেকে অনেকটা আলাদা। এ ধরনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের স্টল দেখা গেল প্রদর্শনীতে। এমনই একটি প্রতিষ্ঠান ইনোভেটিভ টেকনোলজিস। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, ‘সৌরবিদ্যুতে ব্যবহারের উপযোগী বিভিন্ন এলইডি প্রযুক্তির বাতি ও টিউব বাতি ২৮০ টাকা থেকে ৪৫০ টাকায় আমরা বিক্রি করছি।’
প্রদর্শনীতে এনার্জিপ্যাক, রহিমআফরোজ, বেঙ্গল সোলার, সাইফ পাওয়ারটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ ছাড়া আছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি, বিশ্বব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের স্টল। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে গতকাল সকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, আগামী জানুয়ারি থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবুজ অর্থায়ন বাধ্যতামূলক করা হবে। তিনি জানান, গত ২০১২ থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৮২ হাজার ৬২৯ কোটি ৮৪ লাখ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ করেছে।