সবুজ ব্যাংকিং কার্যক্রমের ওপর নতুন শাখা খোলার অনুমতি মিলবে: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ব্যাংক যত বেশি ‘সবুজ ব্যাংকিং’ করবে, সেই ব্যাংক তত বেশি নতুন শাখা খোলার অনুমতি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গভর্নর বলেন, ‘সব বাণিজ্যিক ব্যাংককে সবুজ ব্যাংকিংয়ে উৎসাহিত করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ব্যাংকের নতুন শাখা খোলার অনুমতি প্রদানের ক্ষেত্রে পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা ব্যাপকভিত্তিক সবুজ ব্যাংকিং করবে, সেই ব্যাংকের মূলধন সংরক্ষণের ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হবে।’ রাজধানীর ধানমন্ডিতে ভলেন্টারি উইমেনস অ্যাসোসিয়েশন মিলনায়তনে গত শনিবার সকালে ‘সবুজ ব্যাংকিং: টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশের জন্য সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব লাইভলিহুড স্টাডিজ (আইএলও) সেমিনারের আয়োজন করে। সংস্থার চেয়ারম্যান হামিদুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএলওর সমঞ্চানিত ফেলো হারুন-অর-রশিদ। উল্লেখ্য, পরিবেশবান্ধব খাতে সহজ শর্তে ঋণ প্রদানে উৎসাহ জোগাতে ২০১১ সালে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব উৎস থেকে ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে। সেমিনারে এনজিও কর্মী ও ব্যাংকাররা অংশ নেন।