রপ্তানি পণ্য ও খালি কনটেইনার পরিবহনে বেসরকারি ডিপোগুলোর সেবা মাশুল সাড়ে ১৩ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ছে। বন্দরের নেতৃত্বে একটি কমিটি ডিপোর মালিক ও ব্যবহারকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মাশুল বৃদ্ধির এ সিদ্ধান্ত ঘোষণা করেছে।
তবে নতুন বর্ধিত মাশুল কার্যকর হওয়া নিয়ে এখনো দ্বিমত লক্ষ করা যাচ্ছে। একদিকে ডিপো মালিক সমিতির সংগঠন বিকডা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী খালি কনটেইনারের ক্ষেত্রে গত ১ জানুয়ারি এবং রপ্তানি পণ্যে ১ মার্চ থেকে এ মাশুল কার্যকর করার কথা বলেছে। অন্যদিকে ব্যবহারকারীরা অন্তত এক মাস সময় চাইছেন।
আবার মাশুল বাড়ানোর নতুন হার সাময়িক সময়ের জন্য কার্যকর করতে বলেছিল কমিটি। প্রস্তাবিত বিকডা নীতিমালা চূড়ান্ত হলে সেটির আলোকে সেবা মাশুলের হার নির্ধারণের সুপারিশ করেছিল কমিটি।
এ বিষয়ে রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ‘কমিটির প্রতিবেদন হস্তান্তরের পর বাস্তবায়নের জন্য কিছু সময় চেয়েছিলাম আমরা। বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করতে এই সময় চাওয়া হয়েছিল। অথচ বিকডা উল্টো পেছনের তারিখে মাশুলের নতুন হার কার্যকর করেছে। এটা দুঃখজনক ও অসহযোগিতামূলক।’
অন্যদিকে বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘মাশুল বাড়ানো নিয়ে বেসরকারি ডিপোতে অচলাবস্থা চাইনি বলে কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ কমিটির প্রতিবেদন হস্তান্তরের আগেই নতুন মাশুল কার্যকর করার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাশুল কার্যকরের সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। বন্দর কর্তৃপক্ষ কমিটি করে মাশুল পুনর্নির্ধারণ করতে তিন মাস সময় নিয়েছে। এ কারণে আগের ঘোষণা অনুযায়ী বর্ধিত মাশুল কার্যকর হবে।’
এর আগে বিকডা গত বছরের ১২ নভেম্বরে নিজেদের সিদ্ধান্তে সেবা মাশুল ১৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। তখন ১ জানুয়ারি থেকে খালি কনটেইনার এবং ১ মার্চ থেকে রপ্তানি পণ্যের সেবা মাশুল কার্যকরের ঘোষণা দেয় সংগঠনটি। এতে ব্যবহারকারীরা আপত্তি জানালে বিতর্ক দেখা দেয়। এ বিরোধ নিরসনের লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ গত ১৯ জানুয়ারি ১১ সদস্যের একটি কমিটি গঠন করে। বন্দরের পর্ষদ সদস্য শাহীন রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়। ওই কমিটি নানা খাতের খরচ পর্যালোচনা করে বেসরকারি ডিপোর নতুন সেবা মাশুল নির্ধারণ করে। বন্দরের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ ১০ মার্চ এ-সংক্রান্ত প্রতিবেদন বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খানের কাছে হস্তান্তর করেন।
বন্দর কমিটির প্রতিবেদনে ডিপোতে প্রতিটি ২০ ফুট লম্বা খালি কনটেইনার রাখার মাশুল ১১০ থেকে বাড়িয়ে ১২৫ টাকা এবং খালি কনটেইনার ওঠানো-নামানোর মাশুল ২৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা, দালিলিক কার্যক্রমের ফি ২০০ থেকে ২৪০ টাকায় এবং বন্দর থেকে ডিপোতে খালি কনটেইনার আনা-নেওয়ার ভাড়া ৮০০ থেকে ১,০০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
রপ্তানিমুখী কনটেইনারে পণ্য বোঝাইয়ে ২০ ফুট লম্বা কনটেইনারের জন্য মাশুল ৩ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার ৬০০ টাকা এবং একই আকারের রপ্তানি পণ্যভর্তি কনটেইনার রাখার ভাড়া ১১০ থেকে ১২৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রামে ১৭টি অনুমোদিত বেসরকারি কনটেইনার ডিপো রয়েছে। বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৭ ধরনের কনটেইনার-ভর্তি পণ্য এসব ডিপোতে এনে খালাস করা বাধ্যতামূলক। আবার রপ্তানি পণ্যের ৯০ শতাংশ এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়। এ ছাড়া ডিপোগুলো খালি কনটেইনার সংরক্ষণ করে।