সমঝোতা চুক্তিতে নেই বেসিক ব্যাংক
সমঝোতা চুক্তির চেয়ে বেশি ঋণ দিয়ে চলেছে বেসিক ব্যাংক। খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণ, কমেছে মূলধন। তবুও বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিতে পারছে না। কেবল অনুনয় করে চলেছে যে চুক্তির মধ্যে থাকতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকে সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী ঋণ প্রবৃদ্ধি ১০ শতাংশের মধ্যে রাখার কথা। কিন্তু সেপ্টেম্বরে হয়েছে ২০ শতাংশের কাছাকাছি। খেলাপি ঋণ কমানোর কথা থাকলেও হয়েছে দ্বিগুণ। এসব বিষয়ে গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে শিগগিরই খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মেটানোসহ সার্বিক সূচকের উন্নতির পরামর্শ আবারও দেওয়া হয়েছে।
সূত্র জানায়, শর্ত ভেঙে বেসিক ব্যাংক এখনো ঋণ দিয়ে যাচ্ছে। গত জুনে খেলাপি ঋণ ছিল ৯২৩ কোটি টাকা, সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে এক হাজার ৮৬৩ কোটি টাকা। হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া মূলধন ঘাটতি বেড়ে হয়েছে ৫৯৭ কোটি টাকা। গত জুনে ছিল ১৮২ কোটি টাকা।
এমন পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবারের বৈঠকে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক নওশদ আলী চৌধুরী, বেসিক ব্যাংকের এমডি কাজী ফখরুল ইসলাম, ডিএমডি ফজলুস সোবহান, কনক কুমার পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
এস কে সুর চৌধুরী বলেন, আগের বিতরণ করা ঋণগুলোর বড় অংশই এখন এসে খেলাপি হয়েছে। একই কারণে বেড়েছে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি। ঋণের প্রবৃদ্ধিও কিছুটা বেশি হয়েছে। তবে এগুলো সব সীমার মধ্যে নামিয়ে আনতে নির্দেশনা দেওয়া হবে।