সমতা লেদারের অস্বাভাবিক দাম বৃদ্ধির তদন্ত করবে ডিএসই
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে ডিএসই সূত্রে জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সমতা লেদারের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার বিষয়টি তদন্তে এ কমিটি গঠন করা হয়। তবে কমিটির সদস্যদের নাম এতে উল্লেখ করা হয়নি।
ডিএসই সূত্রে জানা যায়, গত সাত কার্য দিবসে সমতা লেদারের শেয়ারের দাম প্রায় ৭৩ শতাংশ বা ১০ টাকা ২০ পয়সা বেড়েছে। ২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ১৪ টাকা। গতকাল লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ২৪ টাকা ২০ পয়সায়। এ ছাড়া আজ বেলা দেড়টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে যায়।
এদিকে এর আগে ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বৃদ্ধির কারণ জানতে চায় ডিএসই। এর পরিপ্রেক্ষিতে ১০ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে জানানো হয় অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। এর পরও দাম বাড়া অব্যাহত থাকলে ডিএসই কর্তৃপক্ষ আজ এ সিদ্ধান্ত নেয়।