সমতাভিত্তিক সমাজের দিকনির্দেশনা দরকার
বাজেটের এক-চতুর্থাংশ পরিমাণ টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এ টাকা দেশে থাকলে সাধারণ জনগণের কর না নিলেও চলত। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দিকনির্দেশনা বাজেটে থাকা উচিত।
গতকাল রোববার আগামী অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় পরিকল্পনা ও বাজেট-বিষয়ক সংসদীয় ককাসের সভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ সভা হয়। এ সময় খাদ্য প্রাপ্তির জন্য রাইট টু ফুড অ্যাক্ট নামের আইন পাস করার সুপারিশ করা হয়।
এতে বক্তব্য দেন সংসদীয় ককাসের সহসভাপতি ও সাংসদ ফজলে হোসেন বাদশা, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, টিপু সুলতান, মুস্তফা লুৎফুল্লাহ, আবুল কালাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন অর্থনীতিবিদ এম এম আকাশ, প্রথম আলোর বাণিজ্য সম্পাদক শওকত হোসেন ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক গোলাম মোয়াজ্জেম।
এম এম আকাশ বলেন, বাজেটের এক-চতুর্থাংশ পরিমাণ টাকা দেশের বাইরে চলে যায়। এই টাকা আটকাতে পারলে তা দিয়ে শিল্পকারখানা হতো; কর্মসংস্থান হতো। দেশীয় বিনিয়োগে যুক্ত হলে জনগণের কাছ থেকে আর কর নিতে হতো না। দেশে বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে, তাই সরকার মেগা প্রকল্প দিয়ে বিনিয়োগ বাড়াতে চাইছে। এসব প্রকল্প দিয়ে সাধারণ জনগণ তেমন লাভবান হতে পারছে না।
ফজলে হোসেন বাদশা বলেন, বাজেট বক্তৃতার শিরোনামে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কিন্তু বাজেটে তার সঠিক দিকনির্দেশনা নেই। আবুল কালাম আজাদ বক্তব্যে কৃষিভিত্তিক আঞ্চলিক শিল্পকারখানা গড়ে তোলার ওপর জোর দেন। নূর-ই-হাসনা লিলি চৌধুরী নারী ও শিশুবান্ধব বাজেট প্রণয়নের ওপর জোর দাবি জানান।
আরেক আলোচক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এবারের বাজেটের ইতিবাচক দিক হলো, সরকার এখন নিজস্ব অর্থায়নে প্রকল্প নিচ্ছে। নেতিবাচক হলো, প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে ব্যয়বাহুল্য হচ্ছে।
মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন নাগরিক সংগঠন ও অন্য সংগঠনের প্রতিনিধিরা খাতভিত্তিক বাজেট নিয়ে আলোচনা করেন।