
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। আয়োজকেরা এটির নাম দিয়েছেন ‘আন্তর্জাতিক প্লাস্টিক সামিট’। গতকাল বুধবার মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এই মেলার আয়োজন করেছে। এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে বিদেশি প্রতিষ্ঠান চাং চাও ইন্টারন্যাশনাল ও এশিয়া প্লাস্টিক ফোরাম। আয়োজকেরা জানান, এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২১টি দেশের তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে শতাধিক।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, প্লাস্টিক শিল্পের জন্য মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫০ একর জমিতে ১৩৩ কোটি টাকা ব্যয়ে একটি শিল্পনগরী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি গড়ে উঠলে ৩৬০টি প্লাস্টিক শিল্প ইউনিট স্থাপন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্লাস্টিক খাতের শিল্পমালিকেরা একটি সমন্বিত প্যাকেজিং আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানান। তাঁদের মতে, প্লাস্টিক খাতের পণ্যের ব্যবহারের জন্য সমন্বিত কোনো আইন না থাকায় সরকারের নানা সিদ্ধান্তে এ খাতটি ক্ষতির মুখে পড়ছে। এ বিষয়ে বিপিজিএমইএ সভাপতি জসীম উদ্দিন বলেন, একসময় সরকার পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করল। সম্প্রতি বিভিন্ন পণ্যে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সময়ে সময়ে নেওয়া এ ধরনের সিদ্ধান্তের কারণে শিল্প ক্ষতিগ্রস্ত হয়। সেটি যাতে না হয় সে জন্য একটি সমন্বিত আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পমালিকদের উদ্দেশ্যে বলেন, যেসব কারখানায় পরিবেশ দূষণকারী বর্জ্য উৎপাদিত হয়, সেসব কারখানায় বাধ্যতামূলকভাবে বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপন করতে হবে। কারণ, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে এমন কোনো শিল্পায়নে সরকার সহায়তা দেবে না।
আমির হোসেন আমুর মতে, যদি প্লাস্টিক শিল্পখাতে পণ্য বহুমুখীকরণের প্রয়োজনীয় নীতি-সহায়তা দেওয়া হয়, তাহলে ২০২১ সালের মধ্যে এই খাত থেকে ১০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় করা সম্ভব। আর এ কারণেই নতুন শিল্পনীতিতে সরকার প্লাস্টিক খাতকে অগ্রাধিকার তালিকায় স্থান দিয়েছে।
বিপিজিএমইএর সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়া প্লাস্টিক ফোরামের সাধারণ সম্পাদক ক্যালাম চেন, চাং চাও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক যুদি ওয়াং। আরও বক্তব্য দেন বিপিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুল মাতলুব আহমাদ বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৬ কোটি মানুষের বিশাল একটি বাজার আছে বাংলাদেশের। সেই সঙ্গে বিশ্বের ৪০টির মতো দেশে বাংলাদেশে তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা আছে।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, ২০ বছর ধরে বাংলাদেশে প্লাস্টিক শিল্প খাতে ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটছে। সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য রপ্তানি করে বাংলাদেশ ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করেছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
আগামী শনিবার পর্যন্ত প্লাস্টিক মেলা চলবে।