সমন্বয় নেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কাকরাইলের আইডিইবির সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ পুঁজিবাজার প্রদর্শনীর প্রথম দিনে গতকাল একটি স্টলে খোঁজখবর নেন দর্শনার্থীরা l প্রথম আলো
ঢাকার কাকরাইলের আইডিইবির সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ পুঁজিবাজার প্রদর্শনীর প্রথম দিনে গতকাল একটি স্টলে খোঁজখবর নেন দর্শনার্থীরা l প্রথম আলো

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পুঁজিবাজারে ব্যাংকের বাড়তি বিনিয়োগ (ওভার এক্সপোজার) সংক্রান্ত যে জটিলতা দেখা দিয়েছিল, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলে তা আগেই এড়ানো যেত।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শুধু ব্যাংক খাত নয়, পুরো আর্থিক খাতেরই অভিভাবক বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজার আর্থিক খাতেরই অংশ এবং মুদ্রাবাজার-পুঁজিবাজার নিবিড়ভাবে সম্পৃক্ত। একটির ভালো-মন্দের প্রভাব অন্যটির ওপর পড়তে বাধ্য। তিনি কেন্দ্রীয় ব্যাংককে আরও নমনীয় ও পুঁজিবাজারবান্ধব হতে পরামর্শ দেন।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামী ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য কুদ্দুস খান।
সম্মানিত অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আবদুল মজিদ এবং ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম। মেলার আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান এতে স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার তাগিদ দেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশে অনেক বহুজাতিক কোম্পানি ব্যবসা করছে, ভালো মুনাফাও করছে তারা। কিন্তু তালিকাভুক্ত না হওয়ায় তাদের মুনাফার ভাগ সাধারণ মানুষ পান না।
তোফায়েল আহমেদ বলেন, পুঁজিবাজার মেলা বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ফলে কারসাজিও কমবে বাজারে। একটি সুস্থ, বিকশিত ও কার্যকর পুঁজিবাজারের জন্য শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারীর বিকল্প নেই।
বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামী বলেন, পুঁজিবাজার সম্পৃক্ত কোনো কিছু জারি করতে গেলে বিএসইসির সঙ্গে আলাপ করে নেওয়ার নির্দেশনা রয়েছে সরকারের। কিন্তু বাংলাদেশ ব্যাংক, আইডিআরএ এবং এনার্জি রেগুলেটরি কমিশনসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে।
সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স বাতিলের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আইডিআরএর উচিত ছিল বিএসইসির সঙ্গে আলোচনা করার। শেয়ারধারীদের এখন কী জবাব দেব?’
সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকলে পুঁজিবাজার উন্নয়নে কাজ করা কষ্টকর উল্লেখ করে হেলাল উদ্দিন নিজামী বলেন, সমন্বয়হীনতা চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে। আর পুঁজিবাজারে ব্যাংকের বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা ব্যাংক কোম্পানি আইনের মধ্যে যে তিন বছর উল্লেখ করে দেওয়া হয়েছে, তা এসেছে মূলত কোনো অনুর্বর মস্তিষ্ক থেকে।
হেলাল উদ্দিন আরও বলেন, বাজারে শেয়ারমূল্য ওঠানামা হবেই। এটাই বাজারের ধর্ম। এগুলো দেখা নিয়ন্ত্রক সংস্থার কাজ নয়। অথচ মূল্য ওঠানামা হলে নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মিছিল হয় দেশে। এমন ঘটনা বিশ্বের অন্য কোথাও পাওয়া যাবে না।
আইডিআরএর সদস্য কুদ্দুস খান বলেন, দেশের সমৃদ্ধির জন্য বিনিয়োগের প্রয়োজন, বিনিয়োগের জন্য অর্থের প্রয়োজন, আর অর্থের জন্যই শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন। শেয়ারবাজার কেলেঙ্কারির নায়কদের শাস্তি জরুরি উল্লেখ করে তিনি বলেন, শাস্তি দেওয়া না হলে একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
মেলার সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ অর্থনীতি সমিতি, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ, দ্য ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ।
অনুষ্ঠানে জানানো হয়, মেলায় ৬৫টি স্টল রয়েছে। দর্শনার্থীদের জন্য থাকছে র্যা ফল ড্র, যাতে পুরস্কার থাকছে প্রতিদিনই ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা বিমান টিকিট, ল্যাপটপ, স্মার্টফোন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।