সমন্বয়হীনতা ও বিভ্রান্তিতেই কেটে গেল বছর
প্রতিবেশী ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় গত বছর। ২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের যৌথ ঘোষণায় তারই প্রতিফলন ঘটে।কিন্তু বছরজুড়ে ট্রানজিট বিষয়ে সরকারের দিক থেকে সুপরিকল্পিত ও অর্থবহ পদক্ষেপ দেখা যায়নি। ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়ার বিষয়টি নিয়েও উল্লেখযোগ্য কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি। ট্রানজিট দেওয়ার বিনিময়ে বাংলাদেশ কতটা লাভবান হবে বা এর জন্য কীভাবে দরকষাকষি করা উচিত, সে বিষয়েও সুস্পষ্ট কোনো কর্মকাণ্ড ছিল না। বরং সেপ্টেম্বর মাসে এসে বিদ্যমান নৌপথে ট্রানজিট-সুবিধার বিপরীতে ভারতীয় জাহাজ থেকে মাশুল আদায় নিয়ে বিপত্তি বাধে। সরকারের একটি অংশ কোনো রকম মাশুল বা ফি ছাড়াই ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য সচেষ্ট হয়। একপর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা ট্রানজিট-বিষয়ক বিধিমালা স্থগিতও করা হয়। জুন মাসেই এনবিআর এই বিধিমালা জারি করে যেখানে স্থল, নৌ ও রেলপথে ট্রানজিটের আওতায় পণ্য পরিবহনের মাশুল নির্ধারণ করা হয়।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রানজিট-বিষয়ক বিধিমালায় বলা হয়েছে, ট্রানজিট প্রদানকারী দেশ সেবা প্রদান ও ব্যয়ভার বহনের জন্য প্রশাসনিক মাশুল আরোপ করতে পারে। সরকারের পক্ষ থেকে ট্রানজিট বিষয়ে কোনো সমীক্ষা চালানোরও উদ্যোগ নেওয়া হয়নি। বরং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক সমীক্ষা প্রতিবেদন সামনে রেখে ট্রানজিট থেকে লাভালাভের বিষয়টি বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠেছে। আর এসবের মধ্য দিয়ে ট্রানজিট নিয়ে সরকারের মধ্যকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে যায়।তবে বছরের শেষদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিনা মাশুলে ট্রানজিটের সম্ভাবনা নাকচ করে দেন। মূলত তাঁরই নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে ট্রানজিট বিষয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়। ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে এই গ্রুপের প্রধান করা হয়েছে। এর আওতায় পাঁচটি উপদল কাজ করছে। তবে যে সময়ের মধ্যে (১৫ জানুয়ারি, ২০১১) ট্রানজিটের পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে, তা অত্যন্ত অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা আরও বলছেন, এ রকম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে এত অল্প সময়ে ভালো কোনো কাজ করা সম্ভব নয়। এডিবি ট্রানজিট বিষয়ে যে সমীক্ষা প্রতিবেদন প্রস্তুত করেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সরকারের কাছে দাখিল করা হয়েছে। সেই সমীক্ষায় দেখানো হয়েছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৩৪৭ কোটি ডলার বা ২৪ হাজার ২৯০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পর বছরে বাংলাদেশ ৫০ কোটি ডলার বা প্রায় সাত হাজার কোটি টাকা আয় করতে পারবে। অর্থাৎ অবকাঠামো উন্নয়নের পাঁচ বছর পর থেকে বছরে এই আয় আসবে। অবশ্য এর আগে শুরুতে প্রতিবছর মাশুল থেকে পাঁচ কোটি ডলার বা ৩৫০ কোটি টাকা আয় হবে বলে সমীক্ষায় বলা হয়েছে। দীর্ঘমেয়াদে এই আয় বেড়ে দাঁড়াবে বছরে ১০০ কোটি ডলার বা প্রায় সাত হাজার কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পলিসি রিসোর্স প্রোগ্রামের আওতায় কেএএস মুরশিদ যে গবেষণা করেছেন, তাতে ট্রানজিট থেকে বাংলাদেশের প্রত্যক্ষ লাভ সীমিত হবে বলে উল্লেখ করা হয়েছে। এই গবেষণায় বলা হয়েছে, ভারতের প্রধান অংশের সঙ্গে উত্তর-পূর্ব রাজ্যগুলোর পণ্যবহন রেলপথনির্ভর এবং আসামকেন্দ্রিক। কাজেই আসামমুখী বাণিজ্যের কতটা বাংলাদেশের ওপর দিয়ে সম্পন্ন হবে তার ওপর বহুলাংশে নির্ভর করছে ট্রানজিটের লাভক্ষতির বিষয়টি। আবার আসামের বাণিজ্য কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পেয়ে থাকে। বিআইডিএসের গবেষণায় আরও বলা হয়েছে, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরের ক্ষেত্রে প্রায় পুরোটাই মেঘালয়ের ক্ষেত্রে কিছুটা পণ্য বাংলাদেশের ওপর দিয়ে আনা-নেওয়া হতে পারে। এভাবে বছরে সমন্বিতভাবে ৩৩ লাখ মেট্রিক টন (১০ লাখ মেট্রিক টন রেলপথে ও ২৩ লাখ মেট্রিক টন সড়কপথে) পণ্য পরিবহন হতে পারে ট্রানজিটের আওতায়, যা বর্তমানের সাড়ে পাঁচ কোটি মেট্রিক টন পণ্য আনা-নেওয়ার বাজারের অতি ক্ষুদ্র অংশ। এ অবস্থায় রেল অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ডলার বিনিয়োগ করে বছরে দেড় কোটি ডলার থেকে তিন কোটি ডলার পর্যন্ত বাংলাদেশের আয় হতে পারে বলে মন্তব্য করা হয়েছে এই সমীক্ষায়। এতে রেলপথে ট্রানজিট সবচেয়ে লাভজনক এবং এর বিপরীতে অর্থপ্রাপ্তির চেয়ে বরং দীর্ঘমেয়াদে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে।আবার ভারতের একাংশ থেকে আরেকাংশে যাওয়ার জন্য বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া ট্রানজিট নাকি করিডর সুবিধা, সেটা নিয়েও বিতর্ক রয়েছে। কেউ কেউ বলছেন, তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পৃক্ততার জন্য কোনো দেশ তার ভূখণ্ড দ্বিতীয় দেশকে ব্যবহার করতে দিলে তা হবে ট্রানজিট। যেমন: ভারত যদি নেপাল ও ভুটানকে বাংলাদেশে আসার জন্য তার ভূখণ্ড ব্যবহারে অনুমতি দেয়। কিন্তু কলকাতা থেকে বাংলাদেশের ওপর দিয়ে আগরতলা যাওয়ার সুবিধাটি করিডর হিসেবে বিবেচিত হবে।