সমবায় সমিতির নিবন্ধন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সারা দেশে নতুন সমবায় সমিতির নিবন্ধন উল্লেখযোগ্য হারে কমে গেছে। বিদ্যমান বিভিন্ন সমবায় সমিতির অনিয়মের পরিপ্রেক্ষিতে সমবায় অধিদপ্তর কড়াকড়ি আরোপ করায় এমনটি হয়েছে।
অবস্থা এমনই দাঁড়িয়েছে যে গত অক্টোবর মাসে পুরো রাজশাহী বিভাগে একটি সমবায় সমিতিও নিবন্ধন পায়নি। অথচ আগের বছরের অক্টোবরে এই বিভাগে নিবন্ধিত হয়েছিল ১০৯টি সমবায় সমিতি। সমবায় অধিদপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অমিয়কুমার চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আগে অসৎ উদ্দেশ্যে অনেক সমবায় সমিতির নিবন্ধন নেওয়া হতো। মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে লাপাত্তা হয়ে যেত। এসব ঠেকাতে সমবায় অধিদপ্তর নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কিছু কড়াকড়ি আরোপ করেছে। সে কারণে এখন অনেকেই নিবন্ধন নেওয়ার আগে ভাবছেন।’
সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দুটি কারণে নতুন সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার পরিমাণ কমে গেছে। প্রথমত, আগে সমবায় সমিতিগুলো সদস্য ছাড়াও অন্যদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারত। ফলে সমবায় সমিতি গঠন করতে অনেকেরই উৎসাহ ছিল। কিন্তু সরকার সমবায় সমিতি আইন সংশোধন করে শুধু সদস্যদের কাছ থেকে আমানত সংগ্রহের বিধান করায় অনেকেই এখন সমিতির নিবন্ধন নিতে উৎসাহী হচ্ছেন না।
দ্বিতীয়ত, সমবায় অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাঠপর্যায়ের সমবায় কর্মকর্তাদের কাছে একটি অলিখিত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে কোনো সমিতির নিবন্ধন দিতে হলে ওই সমিতির সংগ্রহ করা অর্থ কোন উৎপাদনশীল খাতে ব্যবহৃত হবে, সেটা সমবায় কর্মকর্তাকে অবশ্যই জানতে হবে এবং তা সরেজমিনে দেখতে হবে। সমিতির অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহৃত না হলে তাকে কোনোভাবেই নিবন্ধন দেওয়া যাবে না।
অতিরিক্ত নিবন্ধক অমিয়কুমার চট্টোপাধ্যায় বলেন, ‘সমবায় সমিতিগুলোর যত অনিয়ম দেখেন, তার সবই হয় ওই সমিতির অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় না হওয়ার কারণে। ফলে সমবায় সমিতির কর্মকর্তারা সংগৃহীত অর্থ সহজেই আত্মসাৎ করে গা ঢাকা দিতে পারেন। অনিয়ম ঠেকাতেই এমনটা করা হয়েছে।’
পরিসংখ্যান: অধিদপ্তর সূত্র বলছে, গত অক্টোবরে সারা দেশে ১৪১টি নতুন সমবায় সমিতি নিবন্ধিত হয়েছে। আগের বছরের অক্টোবরে নিবন্ধিত সমিতির সংখ্যা ছিল ৭৬৬।
গত বছরের অক্টোবরে যেখানে ঢাকা বিভাগে ২৫০টি সমবায় সমিতি নিবন্ধিত হয়েছিল, সেখানে এ বছরের অক্টোবরে নিবন্ধত হয়েছে মাত্র চারটি সমিতি। একইভাবে গত বছরের অক্টোবরে চট্টগ্রাম বিভাগে ১০৫টি সমিতি নিবন্ধিত হলেও এ বছর হয়েছে মাত্র একটি। খুলনা বিভাগে আগের বছরের অক্টোবরে ১৮০টি সমিতি নিবন্ধিত হলেও এ বছর হয়েছে ২০টি। সিলেট বিভাগে গত বছরের অক্টোবরে ৩০টি সমিতি নিবন্ধন পেলেও এ বছর হয়েছে তিনটি। রংপুরে গত বছরের অক্টোবরে ৪২টি সমিতি নিবন্ধিত হলেও এ বছর হয়েছে ৩২টি।
তবে সমিতি নিবন্ধনের দিক থেকে আপাতদৃষ্টিতে ভালো অবস্থায় আছে বরিশাল বিভাগ। এখানে গত বছরের অক্টোবরে ৬০টি সমিতি নিবন্ধন পেলেও এ বছর পেয়েছে ৮১টি।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে সমবায় সমিতি গঠন করতে হচ্ছে। এসব সমিতির নিবন্ধন দিচ্ছে সমবায় অধিদপ্তর। সে কারণেই বরিশাল ও রংপুর বিভাগে নতুন সমিতির নিবন্ধনের পরিমাণ বেশি।
আবার এ বছরের সেপ্টেম্বর মাসে দেশে নিবন্ধিত হয়েছে এক হাজার ১৭৯টি সমবায় সমিতি। এর মধ্যে শুধু চট্টগ্রামেই নিবন্ধিত হয়েছে এক হাজার ১৫১টি। এটাও হয়েছে সিআইজি প্রকল্পের কারণে। চট্টগ্রামের বাইরে সারা দেশে নিবন্ধিত হয়েছে মাত্র ২৮টি সমিতি। আর গত বছরের সেপ্টেম্বরে দেশে নিবন্ধিত হয় ৭৫৩টি সমিতি।
সূত্র বলছে, নতুন সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে এখন কোন উদ্দেশ্যে সমিতিটি গঠন করা হচ্ছে, তা দেখা হচ্ছে। আগেও উদ্দেশ্য জানতে চাওয়া হতো; তবে তা সঠিকভাবে যাচাই করা হতো না। সে কারণেই তখন অনেক বেশি সমিতি নিবন্ধন নিত।
যোগাযোগ করা হলে সূত্রাপুর থানা সমবায় কর্মকর্তা নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন মানুষ একটা সমিতি করার জন্য আমাদের কাছে এলেই আগে আমরা নিবন্ধন দিয়ে দিতাম। এখন আমরা দেখি তারা কোনো উৎপাদনশীল খাতে তাদের অর্থ ব্যয় করছে কি না।’
গাজীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘উৎপাদনশীল খাতের কথা জিজ্ঞেস করলেই নিবন্ধন নিতে আসা সমবায় সমিতিগুলো বিব্রত বোধ করে। তারা কোন উৎপাদনশীল খাতে অর্থ ব্যয় করবে, তা বলতে পারে না। শুধু বলে, আমরা ক্ষুদ্রঋণ দেব।’
সারা দেশে এখন কতগুলো সমিতি উৎপাদনশীল কাজের সঙ্গে জড়িত, তার কোনো তথ্য সমবায় অধিদপ্তরের কাছে নেই। এ বিষয়ে অমিয়কুমার চট্টোপাধ্যায় বলেন, কোনো সমিতি উৎপাদনশীল খাতে অর্থ ব্যয় করছে কি না, তা এখন থেকে নিরীক্ষা প্রতিবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে। এ-সংক্রান্ত একটি নির্দেশনা তৈরি করা হচ্ছে। খুব শিগগির তা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ফলে এখন থেকে এসব তথ্য জানা যাবে।
দেশে এখন এক লাখ ৯৪ হাজার নিবন্ধিত সমবায় সমিতি আছে। এর মধ্যে ৪০ শতাংশই বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)। এর আওতায় ছিল কৃষক সমবায় সমিতি, বিত্তহীন সমবায় সমিতি, বিত্তহীন সমিতির মতো নানা নামের সমিতি। এই সমিতিগুলোর প্রায় সবই বর্তমানে অকার্যকর।