সমবায় আন্দোলনকে বেগবান করার তাগিদ
মুক্তবাজার অর্থনীতির এ সময়েও সমবায় বা যৌথ উদ্যোগের বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাঁর মতে, বাংলাদেশের মতো দেশে তা আরও বেশি করে প্রয়োজন। কারণ জনবহুল এ দেশটিতে জমির স্বল্পতা ব্যাপক। স্বাভাবিক কারণেই দরকার তাই বড় ধরনের সমবায় আন্দোলন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমবায়ের মূল বিষয় হলো, পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক। অথচ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই এ দুটির বড় ঘাটতি। আর সারা দেশের অর্থনীতিতে সমবায়ের ভূমিকা নিয়ে তিনি যখন চিন্তা করেন, কিছু চ্যালেঞ্জ তাঁর চোখের সামনে ভেসে ওঠে। এ চ্যালেঞ্জ তাঁর কাছে তখন মনে হয়, জাতীয় জীবনেরই চ্যালেঞ্জ।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘ক্রেডিট ইউনিয়ন: স্থানীয়, বিশ্বস্ত, আপনার সেবায় নিয়োজিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ ও কাল্ব সভাপতি নির্মল রোজারিও ছিলেন আলোচক। মূল প্রবন্ধে বলা হয়, ক্রেডিট ইউনিয়নের শক্তিকে কাজে লাগানো দরকার। এর মূল সম্পদ-ভিত্তি গড়ে ওঠে মালিকসদস্যদের শেয়ার ক্রয় ও সঞ্চয় তহবিল থেকে। তবে দেশের ক্রেডিট ইউনিয়নগুলোর ভেতর এবং পরস্পরের মধ্যে অসম বিকাশের সমস্যা রয়েছে। সম্প্রতি কোনো কোনো ক্রেডিট ইউনিয়নের উদ্বৃত্ত পুঁজি শেয়ারবাজারে ঢোকার প্রবণতাও লক্ষণীয়। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মুক্তবাজারের এই যুগে ব্যক্তি-উদ্যোগ ঠিক আছে। কিন্তু বেপরোয়া ব্যক্তি-উদ্যোগ বড় খারাপ। তখন এর সীমারেখা টানার দরকার হয়ে পড়ে। উদাহরণ দিয়ে তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি, জিগাতলা ও শংকর একই অঞ্চলে হলেও ধানমন্ডির জমির দাম কয়েকগুণ বেশি। কারণ ধানমন্ডি পরিকল্পিত এলাকা। সমবায় বা যৌথ উদ্যোগের মাধ্যমে পরিকল্পিত জিগাতলা গড়ে তুলতে পারলে এর জমির দামও ধানমন্ডির মতোই হবে। ধীরাজ কুমার নাথ বলেন, আইনি সমস্যা বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে সমবায় আজ একটি মৃত খাত। গত দুই বাজেটের একটিতেও সমবায় নিয়ে দুটি বাক্য নেই। অথচ এক লাখ ৬০ হাজার সমবায় সমিতিতে ৭৮ লাখ সদস্য রয়েছেন।