সমমূলধন তহবিলে গড়ে উঠছে গ্রামীণ উদ্যোগ
বগুড়ার আদমদীঘি থানার বাগবাড়ী এলাকার চাল ব্যবসায়ী নুরুল ইসলাম ২০০৯ সালে পত্রিকায় বিজ্ঞাপন দেখে সুগন্ধি চাল রপ্তানিতে উদ্বুদ্ধ হন। নিজ এলাকায় একটি স্বয়ংক্রিয় ধানকল (অটো রাইস মিল) প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি। কিন্তু প্রয়োজনীয় অর্থ ছিল না তাঁর। ব্যাংক ঋণ বা ধার করলে উচ্চ সুদের বোঝা টানতে হবে। নুরুল ইসলাম মনে করেন, ঋণ নিলে চড়া সুদ দিতে গিয়ে ব্যবসা লাভজনক করা যাবে না। তাই তিনি অর্থের জন্য শরণাপন্ন হন সমমূলধন-উদ্যোক্তা তহবিল বা ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ফান্ডের (ইইএফ)। এতে বড় সাফল্য আসে তাঁর।নুরুল ইসলামের মতো এমন অসংখ্য গ্রামীণ উদ্যোগকে সহায়তা দিতেই সরকার সুদবিহীন এই তহবিল চালু করেছে। সমমূলধন তহবিল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, এই তহবিলের অর্থায়নে গড়ে ওঠা বেশ কিছু গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে নুরুল ইসলাম একজন। কর্মকর্তারা বলছেন, সীমিত ও স্বল্প পর্যায়ে হলেও এই তহবিল দিয়ে গ্রামীণ সম্ভাবনাময় উদ্যোগগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংকের এসএমই তহবিল ও ইইএফের মতো নানা উদ্যোগে ধীরে ধীরে গ্রামীণ উদ্যোগগুলো আলোর মুখও দেখতে শুরু করেছে। এ ক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প, মাছ চাষ ও হ্যাচারি শিল্পের প্রতি বেশি মনোযোগ দেখা যাচ্ছে উদ্যোক্তাদের। নুরুল ইসলাম জানান, তিনি তহবিলের অর্থ পাওয়ার নিশ্চয়তা পেয়ে ২০০৯ সালে ধানকল তৈরির কাজে হাত দেন। ইইএফ ফান্ড থেকে তিনি নেন চার কোটি ৮৯ লাখ টাকা। আর নিজের টাকা মিলে প্রায় ১২ কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলেন মৌ অ্যাগ্রো অ্যারোমেটিক নামের রাইস মিল। তবে এ কাজে হঠাৎ বাধাও আসে। সরকার সুগন্ধি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এতে স্বপ্নভঙ্গ হয় তাঁর। অবশ্য তিনি থেমে থাকেননি। সুগন্ধি চাল রপ্তানির পরিবর্তে শুরু করেন দেশের বাজারে মানসম্মত চাল বাজারজাত করার কাজ। দ্রুত সাফল্য আসে তাঁর ব্যবসায়। এখন তাঁর উৎপাদিত ‘নবান্ন’ নামের চাল বিক্রি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ ও নিজ এলাকা বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়। ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, চট্টগ্রামের পাহাড়তলীর বাজারে এই চালের বিশেষ চাহিদা রয়েছে বলে জানা গেছে। পাওয়া হিসাবে দেখা যায়, ইইএফের অর্থায়নের প্রায় ৮০ শতাংশই মাছ ও হ্যাচারি শিল্পে দেওয়া হয়েছে। দেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন কমে যাওয়ায় এখন নদী, খাল, বিল ও পুকুরের মাছে চাহিদা মেটানো যাচ্ছে না। ফলে চাষ করা মাছের কোনো বিকল্প নেই। সমমূলধন তহবিল থেকে অর্থায়ন নিয়ে এই খাতে সাফল্য পেয়েছেন নাটোরের উদ্যোক্তা গোলাম নবী। তিনি বলেন, দেশের বাজারে এখন ধীরে ধীরে চাষ হওয়া মাছের চাহিদা বাড়ছে। ফলে হ্যাচারি ও মাছ চাষের বাণিজ্যিক সফলতার দিকটিও বাড়ছে। সমমূলধন তহবিলের খাত: কেবল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং কৃষিভিত্তিক প্রকল্পে অর্থ জোগান দেয় ইইএফ ফান্ড। এই তহবিল থেকে মূলধন পেতে প্রকল্পটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানাতে হয়। সর্বোচ্চ ১০ কোটি টাকার প্রকল্পে মূলধন জোগান দেয় এই তহবিল। ১০ কোটি টাকার প্রকল্পের ৫১ শতাংশ বা পাঁচ কোটি ১০ লাখ টাকা উদ্যোক্তাকে জোগান দিতে হয়। আর তহবিল থেকে দেওয়া হবে বাকি ৪৯ শতাংশ বা চার কোটি ৯০ লাখ টাকার মূলধন-সহায়তা। উদ্যোক্তাকে প্রথমে তাঁর নিজের টাকা প্রকল্পে বিনিয়োগ করতে হবে। উদ্যোক্তার অংশের বিনিয়োগ শেষ হলে ইইএফের ঋণ মঞ্জুর করা হবে। তার আগে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি প্রকল্প মূল্যায়ন ও সম্ভাবনার দিকটি খতিয়ে দেখবে। প্রকল্প এলাকা পরিদর্শনও করবে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কৃষিভিত্তিক প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প এলাকার জমি কোম্পানির নামে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয়। অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগে বলে মূলধন মঞ্জুর প্রক্রিয়াটিও দীর্ঘায়িত হয়। এ ছাড়া তথ্য-যোগাযোগ খাতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকার প্রকল্পে মূলধন সহায়তা দেওয়া হয়। এ ক্ষেত্রে উদ্যোক্তার তিন বছরের অভিজ্ঞতা লাগে।কোনো ধরনের সুদ ছাড়াই এই তহবিল থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন করা হয়। প্রকল্প শুরুর প্রথম তিন বছর কোনো অর্থ পরিশোধ করতে হয় না। চতুর্থ বছর থেকে নির্দিষ্ট হারে উদ্যোক্তাকে ইইএফের কাছ থেকে শেয়ার বাই-ব্যাক বা পুনঃক্রয় করতে হয়। এর মধ্যে শিল্পটি লাভজনক হলে শেয়ারের মালিকানার ভিত্তিতে তা ভাগাভাগি করার বিধান রয়েছে। যেহেতু এই তহবিলের অর্থায়ন পুরোপুরি সুদমুক্ত, তাই এটি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্পের মালিকানার অংশীদারির ভিত্তিতেই এই তহবিলের অর্থ বিনিয়োগ করা হয়। নিজের সঞ্চয় আর ইইএফের অর্থ নিয়ে নুরুল ইসলাম ও গোলাম নবীর মতো আরও অনেকে এরই মধ্যে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। জানা গেছে, শুধু ইইএফের সঙ্গে মালিকানা ভাগাভাগির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৭০০ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছেন, যাঁদের ছোট ছোট উদ্যোগগুলো গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে। জানা গেছে, ২০১০ সালের মে মাস থেকে চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত ৮৮ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ইইএফ তহবিল থেকে প্রায় ৭৯ কোটি ২৪ লাখ টাকার অর্থায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে মাছ ও হ্যাচারি শিল্প খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিতরণ করা টাকার ৮০ শতাংশেরও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এই খাতে। কারণ হিসেবে তহবিল ব্যবস্থাপকেরা বলছেন, বেশির ভাগ উদ্যোক্তাই মনে করেন, এই ধরনের শিল্পের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বাড়ানো অনেক সহজ। কৃষিভিত্তিক শিল্প ‘মৌ অ্যাগ্রো অ্যারোমেটিক’ নামের রাইস মিলে এরই মধ্যে ১০০ জনের কর্মসংস্থান হয়েছে বলে জানান মিলমালিক। কোন খাতে কত টাকা : জানা গেছে, গত প্রায় দুই বছরে মাছ ও হ্যাচারি খাতের ৭৩ জন উদ্যোক্তা ইইএফ থেকে প্রায় ৫৩ কোটি টাকা অর্থ সহায়তা নিয়েছেন। যদিও এ খাতে এখন পর্যন্ত ৪৭৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি তিন লাখ টাকার বেশি। যার মধ্যে ইইএফ দেবে প্রায় ৫৯ কোটি ৩০ লাখ টাকা। বাকি ৬১ কোটি ৭২ লাখ টাকা উদ্যোক্তারা নিজেরাই জোগান দেবেন। এ ছাড়া স্বয়ংক্রিয় ধানকল খাতে ১৭টি, খাদ্যকল (ফিড মিল) খাতে ৬৪টি, খাদ্য প্রক্রিয়াকরণ খাতে ১৩টি, গলদা চিংড়ির হ্যাচারি খাতে ১১টি, হাইব্রিড বীজ খাতে ১০টি, মাশরুম খাতে আটটি, দুধ প্রক্রিয়াকরণ খাতে ২১টি, পোলট্রি এবং হ্যাচারি খাতে ৬২টি, টিস্যু কালচার খাতে ১০টি, রাসনা (অরকিড) এবং ফুল উৎপাদন খাতে ১০টি এবং অন্যান্য খাতে আরও আটটিসহ মোট ২৩৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। মাছ ও হ্যাচারি শিল্প উদ্যোক্তার কথা: এই তহবিলের সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত হলেন মাছ ও হ্যাচারি খাতের ব্যবসায়ী মোহাম্মদ গোলাম নবী। নাটোর সদরের মাঝদিঘা এলাকার ১১ একর জমির ওপর ১০টি পুকুর নিয়ে চলতি বছরের জুন মাসে সেখানে হ্যাচারির কার্যক্রম শুরু করেন তিনি। তার এই প্রকল্পের নাম নাটোর আধুনিক মৎস্য চাষ প্রকল্প লিমিটেড। বর্তমানে তেলাপিয়া মাছের চাষ করা হলেও ভবিষ্যতে দেশি মাগুর মাছ চাষের পরিকল্পনা রয়েছে তাঁর। প্রকল্পটি তাঁকে আর্থিকভাবে সফলতা এনে দিয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, এই ধরনের প্রকল্পে আর বেশি অর্থায়ন করা ঠিক হবে না। কারণ, এতে চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হবে। বর্তমানে এই প্রকল্পে স্থায়ী ও অস্থায়ী মিলে ৩২ জনের কর্মসংস্থান হয়েছে। এই প্রকল্পের মাছ এখন নাটোর, নওগাঁ, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।গোলাম নবী জানান, এই হ্যাচারি প্রকল্পে মোট দুই কোটি ৫১ লাখ টাকা বিনিয়োগ করা হয়, যার মধ্যে এক কোটি ২৩ লাখ টাকার জোগান দিয়েছে ইইএফ তহবিল।গোলাম নবী বলেন, যদি ইইএফের টাকা সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে অনেক লোকের ভাগ্য বদলে যাবে। তবে প্রকল্প সহায়তার পরিমাণ আরও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। কারণ, এমন অনেক উদ্যোক্তা আছেন, যাঁদের নিজেদের কোনো জমিজমা নেই। তাঁরা যদি ইইএফের অর্থায়নে এই ধরনের প্রকল্পের উদ্যোগ নেন, তাহলে বেশির ভাগ বিনিয়োগ চলে যাবে জমির পেছনে।