সময় এক মাস বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর রিটার্ন বা বিবরণী দাখিলের সময়সীমা এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছে সংগঠনটি।
অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ বিষয়ে সুপারিশও পাঠিয়েছে এফবিসিসিআই। ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন থেকে গতকাল সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এনবিআরের পূর্বঘোষণা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী দাখিল করা যাবে।
এফবিসিসিআই বলেছে, আয়কর খাতে রাজস্ব আদায় এবং কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সুষ্ঠুভাবে আয়কর আদায়ের মাধ্যমে রাজস্ব আহরণের প্রক্রিয়ায় সরকারকে এফবিসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে।
তবে সংগঠনটির অভিযোগ, অনলাইনে ই-টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) পদ্ধতিতে পুনর্নিবন্ধনের মাধ্যমে ১০ সংখ্যার পরিবর্তে ১২ সংখ্যার ই-টিআইএন নম্বর নেওয়ার ক্ষেত্রে কর সার্কেল (মাঠপর্যায়ের কর কার্যালয়) ও অঞ্চল পরিবর্তনের কারণে করদাতারা ঝামেলায় পড়ছেন। আবার সামনে পবিত্র ঈদুল আজহা ও দুর্গা পূজার কারণে ব্যবসায়ী করদাতাদের পক্ষে নির্ধারিত সময়ে আয়কর বিবরণী দাখিল করা সম্ভব হবে না।