সময়মতো কারখানা সংস্কারকাজ না করলে ব্যবসা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিদিষ্ট সময়ের মধ্যে শ্রমিকের কর্মপরিবেশ নিশ্চিত করে পোশাক কারখানার সংস্কার শেষ করতে হবে। না হলে ক্রেতাপ্রতিষ্ঠান কারখানাগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে। বাংলাদেশের পোশাকশিল্প মালিকদের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স।
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি ১৮ মাসের অগ্রগতি প্রতিবেদন গত সোমবার প্রকাশ করে। এতে এ জোটের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যালেন ও’কেন টাউসার বলেছেন, ‘বাংলাদেশে চলমান সহিংসতার জন্য কারখানা সংস্কারকাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। সফল বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সব পক্ষকে আমরা সহিংসতা পরিহার করতে সংলাপের আহ্বান জানাচ্ছি।’
প্রতিবেদনে সংস্কারকাজে ধীর গতির কথা উল্লেখ করা হলেও সূত্রগুলো বলছে, এ বিষয়ে অ্যালায়েন্স কর্তৃপক্ষ কিছুটা অসন্তুষ্ট। নাম প্রকাশ না করার শর্তে জোটের ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, প্রত্যেকটি সমস্যা ধরে সেগুলো সমাধানের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া আছে। তবে অনেক কারখানা কর্তৃপক্ষই ছোট ছোট ত্রুটি, যা সহজেই সমাধান করা যায়, সেগুলোও করছে না। বিশেষ করে বৈদ্যুতিক ত্রুটি।
অবশ্য অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় যেসব সরঞ্জাম অনেক দামি এবং যেগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে, সে ক্ষেত্রে সময়সীমা কিছুটা শিথিল করা হচ্ছে।
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে উত্তর আমেরিকার ক্রেতাদের নিয়ে এই অ্যালায়েন্স গঠিত হয়। এতে স্বাক্ষর করেছে ২৬টি ব্র্যান্ড। গত নভেম্বরে এসব ব্র্যান্ডের পোশাক তৈরি করে এমন ৬৪৭টি কারখানার অগ্নি, ভবন ও বৈদ্যুতিক নিরাপত্তা-সংক্রান্ত প্রাথমিক পরিদর্শন কাজ শেষ করেছে অ্যালায়েন্স। এসব কারখানার অনেকেই এখন অ্যালায়েন্সের অনুমোদিত সংশোধনমূলক কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুয়ায়ী সংস্কারকাজ করছে।
অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এক শর বেশি কারখানার পুনঃপরিদর্শন কাজ শেষ হয়েছে। এ ছাড়া ৩০০ কারখানার ক্যাপ অনুমোদন করা হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে ১০ শতাংশ কারখানার চূড়ান্ত পরিদর্শন শেষ হবে। আর ২০১৭ সালের জুলাইয়ের মধ্যে সব কারখানার চূড়ান্ত মূল্যায়ন শেষ হবে।
কারখানা সংস্কারে অ্যালায়েন্স স্বল্প সুদে ঋণ দেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ জন্য দুই থেকে সাড়ে তিন কোটি মার্কিন ডলারের একটি তহবিল করা হয়েছে। স্থানীয় পাঁচটি ব্যাংক থেকে এ ঋণ নিতে পারবেন ২৬ ব্র্যান্ডের কাজ করে এমন কারখানার মালিকেরা। এর বাইরে ভিএফ ফাউন্ডেশন ১ কোটি ডলারের একটি তহবিল করেছে, যার ১২ লাখ ডলার ছাড় হয়েছে। ওয়ালমার্ট ও গ্যাপ মিলে আরেকটি তহবিল হতে পারে বলে জানান মেসবাহ রবিন।