সময়মতো প্রকল্প শেষ করার নির্দেশ
প্রকল্পের গুণগতমান বজায় রেখে তা সময়মতো শেষ করার নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে মেয়াদ বাড়ানোর দরকার পড়ে না। আর সময় না বাড়লে প্রকল্পের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কমে যায়। এতে করে অপচয় এমনিতেই কমে আসে।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে গতকাল রোববার সব মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগের প্রধানদের নিয়ে এক বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে ছয়টি সিদ্ধান্ত হয়। এগুলো হলো প্রথমত, চাহিদার ভিত্তিতে প্রকল্প নেওয়া, দ্বিতীয়ত, প্রকল্পের বৈদেশিক অর্থ সহজে পেতে পরিকল্পনা কমিশনের ভূমিকা পালন, তৃতীয়ত, দরপত্রের মতামত জানতে আইন মন্ত্রণালয়ের ও শুল্ক-কর নির্ধারণের সময় কমিয়ে আনা, চতুর্থত, জমি অধিগ্রহণ ও জনবল নিয়োগে সময় কম ক্ষেপণ, পঞ্চমত, প্রকল্প বাস্তবায়নে সমস্যা হলে তা পরিকল্পনা কমিশনকে জানানো এবং ষষ্ঠত, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) সক্ষমতা বাড়ানো।
গত দুই মাসে বিরাজমান সহিংতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কেমন প্রভাব পড়েছে—এমন এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে তাতে দেখা যায়, গত আট মাসের প্রকল্প বাস্তবায়ন আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। এডিপি বাস্তবায়নে সরকার সন্তুষ্ট।’