সময়সীমা বেঁধে সব সিম পুনর্নিবন্ধন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশানে অ্যামটবের কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব টি আই এম নুরুল কবীর (মাঝে) । সব মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো
ঢাকার গুলশানে অ্যামটবের কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব টি আই এম নুরুল কবীর (মাঝে) । সব মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

মোবাইল সিম কার্ড পুনর্নিবন্ধন-প্রক্রিয়া সময়সীমা বেঁধে দিয়ে শেষ করা সম্ভব নয় বলে মনে করে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। তবে দেশের মোবাইল অপারেটররা যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া বাস্তবায়ন করতে কাজ করবে। সিম নিবন্ধনের চলমান কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে জানাতে ঢাকার গুলশানে গতকাল বুধবার অ্যামটব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবীর। ছয় মোবাইল অপারেটরের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।
নুরুল কবীর বলেন, ‘সিম নিবন্ধন-প্রক্রিয়া একটি বিশাল কর্মযজ্ঞ, সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এ কাজ সম্পন্ন করা কঠিন। এ প্রক্রিয়া বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করবে সরকার। যত কম সময়ে এটি করা যায় আমরা সে চেষ্টা করব। প্রতি মাসেই এ কাজের কতটুকু অগ্রগতি হচ্ছে সেটাও আমরা জানাব।’
সিম পুনর্নিবন্ধনের পুরো প্রক্রিয়া নিয়ে যাতে গ্রাহকদের কোনো বিভ্রান্তি না থাকে সে জন্য আগামী কয়েক মাসে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রতিটি মোবাইল অপারেটরের ওয়েবসাইটেও সিম পুনর্নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যাঁরা সিমের পুনর্নিবন্ধন করেননি, তাঁদের খুদে বার্তা দিয়ে জানানোর পাশাপাশি শর্টকোড নম্বরে ফোন করেও গ্রাহকেরা নিবন্ধন সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
সিম নিবন্ধনের বিভিন্ন অনিয়ম সম্পর্কে নুরুল কবীর বলেন, সিম নিবন্ধনের সময় একজন গ্রাহক সঠিক তথ্য দিচ্ছেন কি না, তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভান্ডারের সঙ্গে যাচাই করার সুযোগ এত দিন ছিল না। এ জন্য ২০০৮ সালে একই উদ্যোগ নেওয়া হলেও সেটি সফল হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই সব অপারেটরের সঙ্গে এনআইডি কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই-বাছাইয়ের চূড়ান্ত চুক্তি হয়ে যাবে বলে জানান তিনি।
পুনর্নিবন্ধনের ফলে কত সিম বন্ধ হতে পারে এমন প্রশ্নের জবাবে অ্যামটবের মহাসচিব বলেন, সিমের সঠিক নিবন্ধনের জন্য অপারেটরদের সব সম্পদ ও পর্যায় কাজে লাগানো হবে। শেষ পর্যায় পর্যন্ত চেষ্টা করেও যেসব সিমের নিবন্ধনের সঠিক তথ্য পাওয়া যাবে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।