সমস্যা উভয় দেশেই, উন্নতিও হচ্ছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের তরফেই সমস্যা আছে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তবে এসব সমস্যার অনেকগুলোর সমাধান হয়েছে। বাকিগুলো সমাধানে দুই দেশ কাজ করছে বলে জানান তিনি।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এক মধ্যাহ্ন ভোজসভায় ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। তাঁর বক্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক, রেল, নৌ ও আকাশপথে যোগাযোগ বাড়ানো, ভিসা সহজ করা, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে গতকাল সোমবার ভোজসভাটি অনুষ্ঠিত হয়। ভারতের নতুন হাইকমিশনার এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর স্বাগত ভাষণ দেন। হর্ষবর্ধনের পরিচয় তুলে ধরার পাশাপাশি তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
নাসিম মঞ্জুর বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশটি বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছে। তবে উচ্চপর্যায়ের নীতিগত সিদ্ধান্তের বাস্তবায়ন মাঠপর্যায়ে প্রক্রিয়াগত ও আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছে। ভালো খবর হলো, সমস্যাগুলো সমাধানে সচেতন এবং সুশৃঙ্খলভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।
এরপরও দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও কিছু অশুল্ক ও প্রক্রিয়াগত বাধা দূর করার চ্যালেঞ্জ থাকছে বলে উল্লেখ করেন নাসিম মঞ্জুর। এমসিসিআই সভাপতি পানির মতো প্রাকৃতিক সম্পদের ভাগাভাগি, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যানিয়ন্ত্রণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় দুই দেশের সমঝোতা ও সহযোগিতার তাগিদ দেন।

হর্ষবর্ধন শ্রিংলা তাঁর বক্তব্যের শুরুতে গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন একটি বৈশ্বিক প্রবণতায় পরিণত হয়েছে। এর বিরুদ্ধে লড়াই করতে এক দেশকে আরেক দেশের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।
এরপর ভারতীয় হাইকমিশনার বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ–ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ডলার। সর্বশেষ এক বছর নয় মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে, আর ভারতের রপ্তানি কমেছে।
২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগে মন্ত্রিসভার একটি বৈঠকের কথা উল্লেখ করেন হর্ষবর্ধন, যে বৈঠকটি বাংলাদেশকে বাজার সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় হাইকমিশনার বলেন, বৈঠকটি সহজ ছিল না, কারণ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীরা বিরোধিতা করছিলেন। কিন্তু বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশকে এ সুবিধা দেওয়া হয়েছিল।
বাণিজ্যের বাধা দূর করার জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সক্ষমতা বাড়াতে দেওয়া ঋণ, স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, নৌপথে যোগাযোগ চালু, রেলপথের উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন হর্ষবর্ধন। তিনি বলেন, বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের ৮০ শতাংশ হয়। এ বন্দরের ভারতীয় পেট্রাপোল অংশের রাস্তা চার লেন। বাংলাদেশ অংশে রাস্তা সরু। এটি চওড়া হলে এ বন্দর দিয়ে বাণিজ্যের সর্বশেষ বাধা দূর হবে।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়তার উল্লেখ করে হর্ষবর্ধন বলেন, এ দেশকে দেওয়া ৩০০ কোটি ডলার ঋণের বড় অংশ রেলওয়ে, বন্দরসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হচ্ছে। ১৯৬৫ সালের আগে বাংলাদেশের সঙ্গে ভারতের ছয়টি স্থান দিয়ে রেলওয়ের সংযোগ ছিল। এর মধ্যে তিনটি পুনঃস্থাপিত হয়েছে। চতুর্থ একটির কাজ এক মাসের মধ্যে শেষ হবে। বাকি দুটিও ভবিষ্যতে হবে।
ভারতের পর্যটন খাতে বাংলাদেশ একটি বড় অবদানকারী দেশ হিসেবে উঠে আসছে বলে উল্লেখ করেন হর্ষবর্ধন। ২০১৫ সাল থেকে সাত হাজার ব্যবসায়ীকে পাঁচ বছর মেয়াদি ভিসা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরও ভিসা দেওয়া হবে।
বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ছে উল্লেখ করে হর্ষবর্ধন বলেন, এ দেশে ভারতের বিনিয়োগের পরিমাণ ৩০০ কোটি ডলার, যা গত বছর ৪৫ শতাংশ বেড়েছে। বিপরীতে ভারতে বাংলাদেশের বিনিয়োগও বেড়েছে।
বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে অনুমোদনগত জটিলতার বিষয়টি উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে আমি বিষয়টি তুলেছি। বলেছি, বাণিজ্য সম্পর্ক বাড়ানোর সবচেয়ে ভালো উপায় বিনিয়োগ বৃদ্ধি।’
ভোজসভায় এমসিসিআইয়ের সাবেক সভাপতি হাবিবুল্লাহ খান, লায়লা রহমান কবীর, এম আনিস উদ দৌলা, সৈয়দ মঞ্জুর এলাহী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এমসিসিআইয়ের বর্তমান সহসভাপতি আখতার মতিন চৌধুরী উপস্থিত ছিলেন।