সমাজের কাঠামোগত কারণেই বৈষম্য স্থায়ী হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের কাঠামোগত কারণেই স্থায়ীভাবে থেকে যাচ্ছে ধনী-গরিবের বৈষম্য। এ জন্য গরিব মানুষকে আত্মশক্তিতে নিজের অবস্থার উন্নতি করার জন্য ক্ষমতাসীনদের ওপর নির্ভরশীল থাকতে হয়।
গরিবেরা চান, ক্ষমতাসীনেরা যেন এ প্রক্রিয়ায় তাঁদের বাধা না দেন। অন্যদিকে ক্ষমতাসীনেরা মনে করেন, যেহেতু বৈষম্য দূর করার কোনো চাপ নেই, সেহেতু তাঁরা এ বিষয়ে কোনো তাগিদ অনুভব করেন না। তাই তাঁরা বৈষম্য কমানোর কোনো প্রাতিষ্ঠানিক উন্নতি করেন না। এর ফলে সমাজে স্থায়ীভাবে বৈষম্য থাকছে।
ধনি-গরিবের বৈষম্যকে এভাবেই দেখছেন যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জিওফ উড। তাঁর মতে, এটিই ‘সোশিওলজি অব পোভার্টি’। ধনী-গরিবের বৈষম্য নিয়ে গতকাল বুধবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে জিওফ উড মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
জিওফ উড বলেন, বর্তমান সমাজব্যবস্থায় যে অবস্থা বিরাজমান, তাতে কেউ সুবিধা পাচ্ছে, কেউ পাচ্ছে না। এ ধরনের বৈষম্য দূর করতে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। কোনো ধরনের শ্রেণীকরণ (ক্যাটাগরাইজ) করা যাবে না। এতে বৈষম্য অনেকাংশে দূর করা যাবে।
ঢাকার শেরেবাংলা নগরের বিআইডিএস মিলনায়তনে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম নুরুল আলম ও বিআইডিএসের গবেষক আনোয়ারা বেগমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকেরা আলোচনায় অংশ নেন।
কে এ এস মুরশিদ বলেন, বৈষম্য কীভাবে তৈরি হয়, কীভাবে দূর করতে হবে—এর একটি কাঠামোগত ধারণা পাওয়া গেছে জিওফ উডের প্রবন্ধে। এ ধারণা বাস্তবায়ন করতে পারলে বৈষম্য দূর হবে।
বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, রাষ্ট্রের মধ্যে যখন সীমিত অর্থনৈতিক সুবিধা থাকে, তখন মানুষের সামনে সুযোগও কমে যায়। এর ফলে দারিদ্র্য ও সীমিত অর্থনৈতিক সুবিধা একসঙ্গে চলে।