সমাবেশ হোক ছুটির দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমসিসিআইয়ের নেতারা
গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমসিসিআইয়ের নেতারা

ব্যবসা-বাণিজ্যের স্বার্থে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি সাপ্তাহিক ছুটির দিনে করার দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
আন্তর্জাতিক চর্চা অনুসরণের পরামর্শ দিয়ে মেট্রো চেম্বার সাপ্তাহিক ছুটির দিনেও পরিবর্তন আনতে বলেছে। শিল্পপতি ও ব্যবসায়ীদের ১১০ বছর বয়সী এ সংগঠনটি বলেছে, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে হলেও রোববার-বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার-শুক্রবার কর্মদিবস চালু করা যেতে পারে।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে মেট্রো চেম্বার এসব দাবি জানায়। মেট্রো চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমানসহ সংগঠনের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা চেম্বারের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।
সাপ্তাহিক ছুটির বিষয়ে মেট্রো চেম্বার আরও বলেছে, শুক্রবার জুমার নামাজের জন্য আড়াই ঘণ্টার বিরতি দেওয়া এবং সরকারি অফিসের সময় নয়টা থেকে পাঁচটার পরিবর্তে ৩০ মিনিট বাড়িয়ে সাড়ে পাঁচটা পর্যন্ত করা যেতে পারে।
অর্থমন্ত্রী জানান, রাজনৈতিক সমাবেশ ছুটির দিনে করার পক্ষে তিনিও। তবে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের বিষয়টি ধর্মীয় কারণে সম্ভব নয়। আগেও এটি নিয়ে দাবি উঠেছিল বলে উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য নিরসন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি বাধাগ্রস্ত হয় বলে মনে করে মেট্রো চেম্বার। সংগঠনটি তাই সংঘাতময় রাজনৈতিক সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে।
জনজীবনের নিরাপত্তা বজায় ও রাষ্ট্রীয় সম্পদ অক্ষুণ্ন রাখার স্বার্থে শোভাযাত্রা, সভা ও সমাবেশ করার ক্ষেত্রে বিদ্যমান আইন অনুসরণের পাশাপাশি মানুষের সমাগম হয় এমন জায়গায় (পাবলিক প্লেস) সভা করার ক্ষেত্রে পূর্বশর্তগুলো মেনে চলতে হবে বলে মনে করে মেট্রো চেম্বার। এ জন্য প্রয়োজনে নতুন আইন করা যেতে পারে।
এমসিসিআই বলেছে, হরতাল-অবরোধ ও সহিংসতায় অর্থনীতি চাপে থাকায় দরকার এখন ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি প্রণয়ন। উৎপাদনশীল খাতে স্বল্প সুদে ঋণ ও চলতি মূলধন দেওয়া যেতে পারে।
ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণগ্রহণ কমানোর কথাও বলেছে এমসিসিআই। বিকল্প উৎস হিসেবে সরকার একটি গতিশীল মুদ্রাবাজার গঠনের কথা ভাবতে পারে।
ব্যাংক খাত ও পুঁজিবাজারের জন্য নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দিয়ে এমসিসিআই বলেছে, এ দুই খাতের সুশাসন পরিস্থিতিরও উন্নয়ন দরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে সাম্প্রতিক জালিয়াতির কারণে বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরেছে। আবার দুর্বল তদারক ব্যবস্থার কারণে পুঁজিবাজারে ধস নামায় এখনো ক্ষতি পুষিয়ে নিতে পারেননি বিনিয়োগকারীরা।
অনুকূল রাজনৈতিক পরিবেশ, বহির্বিশ্বে ভাবমূর্তি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যবসায়ের খরচ কমিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ঘটানো জরুরি বলে মনে করে মেট্রো চেম্বার।
মেট্রো চেম্বার বলেছে, সময় এসেছে বাংলাদেশিদের দেশের বাইরে বিনিয়োগ করার। ব্যবসায়ীদের বিনিয়োগের ইতিহাস ও সম্ভাব্য বাজার পরীক্ষা-নিরীক্ষা করে কেস-টু-কেস ভিত্তিতে হলেও বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত।
এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলের সম্প্রসারণ ও উন্নয়ন এবং রাজস্ব সংগ্রহের জন্য করের আওতা বৃদ্ধি করা দরকার বলে মনে করে মেট্রো চেম্বার।