সমুদ্রপথে বাণিজ্য চায় ভারত

সড়কপথে বিশেষত স্থলবন্দরে পণ্যজটের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য করতে চায় ভারত। এ জন্য চট্টগ্রাম-কলকাতা সমুদ্রপথ চালুর জন্য একটি কৌশল বা প্রক্রিয়া তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল করবে।
ইতিমধ্যে ভারতের নৌ-মহাপরিচালক কার্যালয়কে এই ধরনের একটি প্রস্তাব তৈরির নির্দেশনা দিয়েছে সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাবটি বাস্তবায়ন করতে দুই দেশকে এ-সংক্রান্ত প্রটোকল করতে হবে। সম্প্রতি ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় এই খবর ছাপা হয়েছে। জানা গেছে, দুই দেশের সমুদ্রসীমায় যেসব জাহাজ চলবে, সেগুলোর জন্য পরস্পরের কাছে স্বীকৃতি নিতে হবে।
উল্লেখ্য, বর্তমানে চট্টগ্রাম ও কলকাতার মধ্যে সরাসরি কোনো জাহাজ চলাচল করে না। কলকাতা থেকে সমুদ্রপথে কোনো পণ্য আনতে হলে তা শ্রীলঙ্কার কলম্বো অথবা মালয়েশিয়ার পেনাং কিংবা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে আসতে হয়। এতে পণ্যের পরিবহন ব্যয় অনেক বেড়ে যায়। একটি চালান আসতে সময় লাগে ১৫ থেকে ২১ দিন।
তাই ভারতের সঙ্গে যে বাণিজ্য হয়, তার সিংহভাগই আসে সড়কপথে। এর মধ্য আবার অর্ধেকের বেশি পণ্য আসে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে। এতে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত প্রান্তে বা স্থলবন্দর দুটিতে তীব্র পণ্যজট দেখা যায়। এটাই সড়কপথে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানির অন্যতম বড় বাধা। এ ছাড়া অনেক অশুল্ক বাধাও রয়েছে।
ভারতীয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড বলেছে, কলকাতা-চট্টগ্রাম সমুদ্রপথে সরাসরি জাহাজ চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণের অংশ হিসেবে দুই দেশের মধ্যে প্রটোকল করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশের নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ভারতের কাছ থেকে চট্টগ্রাম-কলকাতা সমুদ্রপথে জাহাজ চলাচলের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এখনো পাওয়া যায়নি। তবে শিগগিরই দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। সেই বৈঠকে নৌ-প্রটোকল, উপকূল ঘেঁষে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
অবশ্য গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ কার্যদলের বৈঠকে সমুদ্রপথে বাণিজ্য বা পণ্যবাহী জাহাজ চলাচলের বিষয়ে কিছু আলোচনা হয়। এর আগে পণ্য চলাচলে সহজ ও সাশ্রয়ী পথ খোঁজার জন্য গত দেড় বছরে দুই দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ছোট ছোট জাহাজে দুই দেশের মধ্যে পণ্য চলাচলের প্রস্তাব করা হয়েছিল, যা উপকূল ঘেঁষে পণ্যবাহী জাহাজ চলাচলের প্রস্তাব হিসেবে পরিচিতি পায়। কিন্তু এখনো সেই বিষয়ে উভয় দেশ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারেনি। জাহাজের আকার ও পরিচালনা পদ্ধতি নিয়ে দুই দেশ এখনো একমত হতে পারেনি।
এমন অবস্থায় ভারতীয় পক্ষ থেকে চট্টগ্রাম-কলকাতা সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে পশ্চিমবঙ্গের হলদিয়া ও পারাদ্বীপ থেকে চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ আসতে সময় লাগবে মাত্র ১৬ ঘণ্টা।
কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সূত্রে জানা গেছে, ভারত থেকে বর্তমানে প্রতি টন পণ্য আমদানিতে গড়ে প্রায় এক হাজার ২০০ ডলার ব্যয় হয়। উপকূল ঘেঁষে নতুন ব্যবস্থায় সরাসরি জাহাজ চালানো গেলে এ ব্যয় অন্তত এক-তৃতীয়াংশে নেমে আসবে।
দুই দেশের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় বর্তমানে নৌপথে বাংলাদেশে ৪৭টি জাহাজ চলাচল করে। আর ভারতের দুটি জাহাজ চলে।
ভারতের শিল্প মন্ত্রণালয়ের হিসাবমতে, দুই দেশের মধ্যে ২০১২-১৩ অর্থবছরে ৫৭৮ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। ক্রমশ বাণিজ্যের পরিমাণ বাড়ছে। ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল ২৬৮ কোটি ডলার। অন্যদিকে, একই সময়ে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণও বাড়িয়েছে ভারত। ২০১২-১৩ অর্থবছরে প্রায় ৬৪ কোটি ডলারের বাংলাদেশি পণ্য আমদানি করেছে ভারত। ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল সাড়ে ২৫ কোটি ডলার।
২০১০ সালে তামাক ও মাদকজাতীয় ২৫ ধরনের পণ্য ছাড়া সব পণ্যের ওপর বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে ভারত। এর পর থেকেই ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি শুরু করেছে।
আবার ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যও ক্রমে বাড়ছে। গত পাঁচ বছরে এই বাণিজ্য প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে নৌ-প্রটোকলের আওতায় নয় লাখ ৪৪ হাজার টন পণ্য আনা-নেওয়া করা হয়েছে। আর ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৫ লাখ টন।
এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে ১২ লাখ ৭৮ হাজার টন, ২০১০-১১ অর্থবছরে ১৪ লাখ ২৯ হাজার টন এবং ২০১১-১২ অর্থবছরে ১৪ লাখ ৭৯ হাজার টন পণ্য বাণিজ্য হয়েছে এই নৌপথে।
তবে নৌপথে দুই দেশের পণ্য বাণিজ্যে বাংলাদেশের নৌযান বা ছোট জাহাজ বেশি ব্যবহূত হয়। ভারতীয় জাহাজে করে দুই থেকে পাঁচ শতাংশ পরিবহন করা হয়। তবে দুই দেশের বাণিজ্যের মধ্যে সিংহভাগই বাংলাদেশ থেকে সিমেন্ট বা ফ্লাই অ্যাশ ভারতের কলকাতায় যায়।
অন্যদিকে নৌ-প্রটোকলের আওতায় বাংলাদেশের ভূখণ্ড ও নৌপথ ব্যবহার করে ভারতের ট্রানজিট নেওয়ার প্রবণতা বেড়েছে বহু গুণ। গত ২০১২-১৩ অর্থবছরে প্রায় ২০ হাজার টন পণ্য বাংলাদেশের নদীপথে ভারতে গেছে। মূলত কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ভারতের ত্রিপুরার আগরতলা ও আসামে গেছে এসব পণ্য। তিন বছর আগেও বছরে ছয়-সাত হাজার টন পণ্য বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট হতো।
নৌ-প্রটোকলের আওতায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা (সড়ক, নৌ ও রেল) ট্রানজিট চায়। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আরও বেশি পরিমাণে পণ্য আনা-নেওয়া করতে চায় ভারত।