সমুদ্রপথে বাণিজ্য শুধু চট্টগ্রাম বন্দরনির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনার পরিবহনের চালচিত্র
কনটেইনার পরিবহনের চালচিত্র

সমুদ্রপথের বাণিজ্যে এখন চলছে এশিয়ার জোয়ার। বিশ্লেষকদের মতে, সমুদ্রপথের বাণিজ্যের কেন্দ্রস্থল এখন চীন হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ামুখী। কেন্দ্রস্থলের কাছাকাছি বাংলাদেশেও বইছে এ হাওয়া। প্রতিবছর গড়ে প্রায় ৮ শতাংশ হারে বাড়ছে সমুদ্রপথে দেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহন। আর এই চাপ কার্যত একাই সামলাচ্ছে চট্টগ্রাম বন্দর।
তবে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বন্দর সম্প্রসারণ বা নতুন টার্মিনাল নির্মাণ ও চালুর প্রকল্পগুলো বাস্তবায়িত না হওয়ায় কত দিন ঠিকমতো এই চাপ সামলানো যাবে, তা নিয়ে শঙ্কা আছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর চট্টগ্রাম বন্দরের প্রাকৃতিক সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নিয়ে সাগর থেকে জাহাজ ও পণ্য আনা-নেওয়া করতে হয় মূল জেটিতে।
বন্দরের সাবেক বোর্ড সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাকৃতিক সীমাবদ্ধতা নিয়েই এ বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ করার বিকল্প নেই। তবে ভবিষ্যতে বন্দরের পণ্য পরিবহনের চাপ সামলানোর জন্য বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দ্রুত চালু এবং কর্ণফুলী কনটেইনার টার্মিনাল (কেসিটি) নির্মাণের কাজ শুরু করতে হবে। না হলে পণ্য পরিবহনে শঙ্কা রয়ে যাবে। কারণ, প্রতিবেশী দেশের পণ্য পরিবহন হলে এই বন্দর দিয়ে করতে হবে।’
দুই বন্দরের পরিসংখ্যান: চট্টগ্রাম ও মংলা—এই দুই বন্দর দিয়ে সমুদ্রপথে বাংলাদেশে পণ্য পরিবহন হয়। গত চার দশকের হিসাবে, সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের নির্ভরতা ক্রমেই বাড়ছে। ১৯৭৩-৭৪ অর্থবছরে দুই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন হয় ৪৯ লাখ ৬৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ৩৫ লাখ ৮২ হাজার টন বা ৭২ শতাংশ এবং মংলা বন্দর দিয়ে ১৩ লাখ ৮৪ হাজার টন বা প্রায় ২৮ শতাংশ পণ্য পরিবহন হয়েছিল।
সময় যত গড়িয়েছে ততই সারা দেশের সমুদ্রপথের বাণিজ্যে মংলা বন্দরের অংশীদারি কমেছে। ২০১২-১৩ অর্থবছরে দুই বন্দর দিয়ে পরিবহন হয় চার কোটি ৬৫ লাখ টন পণ্য। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে চার কোটি ৩৩ লাখ টন বা ৯৩ দশমিক ২৩ শতাংশ পণ্য পরিবহন হয়। মংলা বন্দর দিয়ে পণ্য পরিবহন হয় ৩১ লাখ টন বা ৬ দশমিক ৭৭ শতাংশ পণ্য।
কনটেইনার পরিবহনও চট্টগ্রামনির্ভর। ১৯৯১-৯২ অর্থবছরে দেশে আমদানি-রপ্তানি পণ্যবাহী প্রায় এক লাখ ৩৫ হাজার একক কনটেইনার পরিবহন হয়। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে এক লাখ ২১ হাজার একক বা ৯০ শতাংশ এবং মংলা বন্দরে ১৩ হাজার ৬০০ একক বা ১০ শতাংশ পরিবহন হয়। এরপর ২২ বছরের মাথায় অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে মংলায় পরিবহন হয় ৪৩ হাজার ৮৭৩ একক কনটেইনার, যা সমুদ্রপথে পরিবাহিত মোট কনটেইনারের ৩ শতাংশ। চট্টগ্রাম একাই পরিবহন করেছে ৯৭ শতাংশ বা ১৪ লাখ ৬৮ হাজার একক কনটেইনার।
বাধা কোথায়: বন্দর বিশারদেরা বলছেন, চট্টগ্রাম বন্দরের ওপর এমন নির্ভরতা শিগগিরই কাটছে না। জাহাজ চলাচলের পথে পানির গভীরতা কম হওয়ার কারণে মংলাকে কার্যকর করা যাচ্ছে না। পটুয়াখালীতে পায়রা বন্দর নামে একটি বন্দর সম্প্রতি উদ্বোধন হলেও এটিকে কার্যকর করতে দীর্ঘ সময় লেগে যাবে। আবার চীনের সহায়তায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি এখনো ঝুলে আছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন, পদ্মা সেতু না হলে মংলায় পণ্য পরিবহন বাড়বে না। অন্য যেসব বন্দরের কথা বলা হচ্ছে সেগুলো রাজনৈতিক ‘প্রেস্টিজ’ প্রকল্প হলে বন্দর হিসেবে গড়ে তোলার সম্ভাবনা থাকবে না। এ ক্ষেত্রে মধ্য মেয়াদে চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরতা বেশি দেখা যাচ্ছে।
হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, এ পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারণ করার বিকল্প নেই। মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক থাবার কারণে সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এখনো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায়নি। আবার মধ্য মেয়াদের পর দীর্ঘ মেয়াদে গভীর সমুদ্রবন্দরের নির্মাণে দিকেও নজর দিতে হবে।
চট্টগ্রাম বন্দরে সনাতন ও আধুনিক পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানো হয় এখন ১০টি জেটিতে। খোলা বা বস্তাবন্দী পণ্য খালাসের মূল জেটি রয়েছে ছয়টি। এ ধরনের পণ্য সাগরে খালাসের সুযোগ থাকলেও কনটেইনার ওঠানো-নামানোর জন্য জেটির বিকল্প নেই।
বন্দর সম্প্রসারণ: এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম বন্দরের একটি মহাপরিকল্পনা তৈরি করছে জার্মানির এইচপিসি হামবুর্গ পোর্ট কনসাল্টিং। প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, ২০২৫ সাল পর্যন্ত দেশে কনটেইনার পরিবহন প্রায় ৪৪ লাখ এককে উন্নীত হতে পারে। এর পুরোটাই বা ৪৩ লাখ ৬৩ হাজার একক কনটেইনার পরিবহন করতে হবে চট্টগ্রামকেই। বাকিটুকু প্রায় এক শতাংশ পরিবহন করতে পারে মংলা।
এমন বাস্তবতায় প্রস্তাবিত (২০১৪-১৫) বাজেটে মন্ত্রণালয়ভিত্তিক মধ্য মেয়াদে বন্দর সম্প্রসারণের দুটি প্রকল্পের কথা বলা হয়েছে। এই দুটি হলো কেসিটি এবং লালদিয়া বাল্ক টার্মিনাল নির্মাণ। এ দুটি প্রকল্প ২০১৪-১৫ থেকে তিন বছরে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বন্দরের তথ্য অনুযায়ী, কেসিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে বিশ্বব্যাংক। এ জন্য ন্যূনতম এক বছর সময় লাগবে। টার্মিনাল নির্মাণে অর্থায়নের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আর লালদিয়া টার্মিনাল নির্মাণ করা হবে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে। এ জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে ২০ মাস সময় লাগবে বলে জানান বন্দরের একজন কর্মকর্তা।
তবে বন্দর কর্মকর্তারা বলছেন, সাড়ে ছয় বছর আগে নির্মিত এনসিটি পুরোপুরি চালু হয়নি। এখনই কার্যক্রম শুরু করলেও আধুনিক যন্ত্রের মাধ্যমে টার্মিনালটি পুরোপুরি চালু করতে সময় লাগবে ন্যূনতম দুই বছর। এই টার্মিনালটি পুরোপুরি চালু করার আগে কেসিটি নির্মাণের কাজে হাত দেওয়ার সুযোগ কম। কারণ, কেসিটি নির্মাণের জন্য বিদ্যমান পুরোনো জেটি ভেঙে ফেলতে হবে, যেগুলোতে এখন কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে। এই চাপ সামলানোর জন্য এনসিটি চালু করতে হবে।
জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, বন্দরের পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে এনসিটি পুরোদমে চালু করার বিকল্প নেই। একইভাবে ২০১৮ সালের মধ্যে কেসিটি নির্মাণ করে চালু করতে হবে। সরকারি অনুমোদন পাওয়ার পর এই দুটি প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময় অনুযায়ী এই দুটি প্রকল্প বাস্তবায়ন হলে কনটেইনার বা পণ্য পরিবহনের হার যেভাবে বাড়ছে, তা সামাল দেওয়া যাবে। অন্যথায় সমস্যা হতে পারে।