সমুদ্রবন্দরসহ অবকাঠামো নির্মাণে আগ্রহ ইরানের
ইরানের ব্যবসায়ীরা বাংলাদেশে অবকাঠামো ও সমুদ্রবন্দর নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে গতকাল বুধবার বৈঠককালে ইরানের সফররত ১৫ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
এদিকে ইরানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কম হলেও তা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ইরানের বাজার অনেক বড়। সেখানে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে।
ঢাকায় সচিবালয়ে গতকাল ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহা. রেজা মওদুদীর সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব সালাহউদ্দিন আকবর ও জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় দরকার। ইরান চায় দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করতে। এ ছাড়া দেশটি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) রপ্তানি করতে আগ্রহী।
বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে উভয় দেশের মধ্যে কোনো বাণিজ্য প্রতিনিধিদলের সফর হয়নি। নতুন করে উদ্যোগ নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো সম্ভব। এ জন্য ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরও বড় পরিসরে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ইরান।
রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের ব্যবসায়ীরা বাংলাদেশে বাণিজ্য উন্নয়ন ও সম্ভাবনাময় কয়েকটি খাতে বিনিয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ‘বাংলাদেশ-ইরান যৌথ কমিটি’ গঠনের প্রস্তাব দেন। এ বৈঠকেও ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মোহা. রেজা মওদুদী। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজিও। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম বৈঠকে সভাপতিত্ব করেন। ইরানের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের পরিবহন, অবকাঠামো নির্মাণ, পেট্রো-কেমিক্যাল, চামড়া, কৃষি ও পর্যটনশিল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, ইরানের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে। আর বাংলাদেশের আছে দক্ষ ও সুলভ জনশক্তি। তাই নিয়মিত প্রতিনিধিদলের সফর এবং তেহরান ও ঢাকায় একক দেশীয় বাণিজ্য মেলা আয়োজন করা গেলে উভয় দেশই লাভবান হবে।
রেজা মওদুদী ‘বাংলাদেশ-ইরান যৌথ কমিটি’ গঠনের বিষয়ে বলেন, এ কমিটি বাণিজ্য-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দুই দেশের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে জানানো ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের কাজটিও করবে এ কমিটি। তিনি দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক সমস্যা সমাধানের কথাও বলেন।
ইরানে বাংলাদেশ মূলত কাঁচা পাট ও পাটপণ্য, কেমিক্যাল বা রাসায়নিক পণ্য, কৃষিজাত পণ্য ও নিট পোশাক রপ্তানি করে। বাংলাদেশ ২০১৪-২০১৫ অর্থবছরে ইরানে ৫ কোটি ৯৮ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে সেই দেশ থেকে ৭০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।