সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোরীয় কোম্পানির সঙ্গে পেট্রোবাংলার চুক্তি
গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কোরীয় কোম্পানি পোসকো দাইউ করপোরেশনের সঙ্গে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) অনুস্বাক্ষর করেছে পেট্রোবাংলা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ অনুসারে গতকাল বুধবার পেট্রোবাংলা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
পেট্রোবাংলা সূত্রে জানা যায়, গভীর সমুদ্রের তিনটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিভিন্ন আন্তর্জাতিক তেল কোম্পানির উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাব (ইওআই) আহ্বান করা হয়। তিনটি কোম্পানি তাতে আগ্রহ প্রকাশ করে। পরে কোম্পানিগুলোর কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) পাঠানো হলে শুধু দাইউ করপোরেশন ১২ নম্বর ব্লকের জন্য প্রস্তাব দেয়। পেট্রোবাংলা ও দাইউ আলোচনা করে প্রথম ২ বছরে ১ হাজার ৮০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ এবং তৃতীয় বছরে এক হাজার বর্গকিলোমিটার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা এবং চতুর্থ ও পঞ্চম বছরে ১টি অনুসন্ধান কূপ খননের বিষয়ে মতৈক্য হয়।
গতকাল পেট্রোবাংলার পক্ষে পরিচালক (পিএসসি) মাহবুব ছরোয়ার এবং দাইউয়ের পক্ষে নিউ ভেঞ্চার এক্সপ্লোরেশন ব্যবস্থাপক জাঙ্গু জুন চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জ্বালানিসচিব নাজিমউদ্দিন চৌধুরী বলেন, দাইউ মিয়ানমারের গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান করছে। সেখানে একটি ব্লকে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
জাঙ্গু জুন বলেন, দাইউ মিয়ানমারের গভীর সমুদ্রের ৮৭ নম্বর ব্লকে অনুসন্ধান চালিয়ে এই বছরের শুরুতেই গ্যাসের সন্ধান পেয়েছে। ৮৭ নম্বর ব্লকটি বাংলাদেশের ১২ নম্বর ব্লকের খুব কাছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের গভীর সমুদ্রেও দাইউ তেল-গ্যাসের সন্ধান পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বলেন, সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালের মাঝামাঝিতে দাইউ গভীর সমুদ্রে অনুসন্ধানকাজ শুরু করবে।