সমৃদ্ধি কর্মসূচির আওতা বাড়াচ্ছে পিকেএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তৃণমূল পর্যায়ের দরিদ্র পরিবারগুলোর সামগ্রিক দারিদ্র্য দূর করার লক্ষ্যে ‘দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি)’ শীর্ষক কর্মসূচির আওতা বাড়াতে যাচ্ছে।২০১০ সালে পরীক্ষামূলক কর্মসূচিটি প্রাথমিকভাবে পিকেএসএফের ২১টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ২১টি ইউনিয়নে ‘একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা’ নীতিতে বাস্তবায়ন করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে পরিচালনার ইতিবাচক ফল পাওয়ার পরিপ্রেক্ষিতে এ বছর (২০১২) থেকে ‘সমৃদ্ধি’ কর্মসূচিটি সম্প্রসারণ করে নতুন আরও ১৪টি ইউনিয়নে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নবিষয়ক একটি কর্মশালায় এসব তথ্য জানানো হয়। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির দলনেতা মো. মশিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন পিকেএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সমৃদ্ধি কর্মসূচিভুক্ত চলমান ২১টি ইউনিয়ন ও নতুনভাবে সম্প্রসারিত ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সহযোগী সংস্থার নির্বাহী-প্রধান ও সমন্বয়কারীরা। সমৃদ্ধি কর্মসূচির মূল প্রতিপাদ্য হচ্ছে একটি পরিবারকে এর বর্তমান সম্পদ ও সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ। এই কর্মসূচির আওতায় বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশিক্ষণ, প্রখ্যাত চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করে দরিদ্র যুবাদের চাকরির ব্যবস্থা করা, নমনীয় ঋণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চলছে।