সম্পত্তি কর আরোপ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি, বাড়ি ও ফ্ল্যাটের ওপর সম্পত্তি বা সম্পদ কর বসানো হচ্ছে। এসব সম্পত্তির মালিক যদি নিজের ব্যবহারের অতিরিক্ত এক বা একাধিক সম্পত্তির অধিকারী হন, তাহলে সেগুলোর ওপর কর দিতে হবে। অবশ্য কৃষিজমির ওপর এই কর বসবে না।একে বলা হচ্ছে সম্পত্তি কর (প্রোপার্টি ট্যাক্স), যা আগে সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) হিসেবে প্রচলিত ছিল। পাকিস্তান আমলে সম্পদ কর চালু করা হয়। ১৯৯৬ সালের পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত আয়কর আইনের খসড়ায় পুনরায় সম্পদ কর চালুর সুপারিশ করা হয়। এতে প্রাথমিকভাবে স্থাবর সম্পত্তির পাশাপাশি অস্থাবর সম্পত্তির ওপরও এই কর চালুুর প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর শুধু স্থাবর সম্পত্তির ওপর এই কর চালুর সুপারিশ করা হয়েছে।গতকাল রোববার এনবিআর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে মূল বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন ও পরিচালনা) বশির উদ্দিন আহমেদ, সদস্য (শুল্ক প্রশাসন) ফরিদ উদ্দিন, সদস্য (শুল্ক) হুসেইন আহমেদ, সদস্য (কর জরিপ ও পরিদর্শন) শুম্ভুনাথ দাস প্রমুখ।সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২৮ দশমিক ৪৪ শতাংশ। আলোচ্য সময়ে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩৯ হাজার ৯১৫ কোটি টাকা।নাসির উদ্দিন আহমেদ বলেন, বৈষম্য কমিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে অধিক সম্পদের মালিকদের ওপর এই সম্পত্তি কর আরোপের উদ্যোগ নিয়েছে সরকার।আগামী বছরের জুলাই মাসে এ আইন কার্যকর হবে জানিয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘জমি ও বাড়ির ওপরই কেবল সম্পত্তি কর আরোপ করা হবে। গাড়ি, ঘড়ি বা স্বর্ণের ওপর করা হবে না। আর কৃষিজমি এই করের আওতায় আসবে না।’নাসির উদ্দিন আহমেদ আরও বলেন, ‘ঢাকায় বিশাল বিশাল ভবন হচ্ছে। এসব ভবন বা ফ্ল্যাটের মালিকানা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সম্পদের ওপর কর দিতে হবে।’এনবিআরের সদস্য বশির উদ্দিন আহমেদ বলেন, ‘মানুষ যাতে অনুৎপাদনশীল খাতের দিকে আগ্রহী না হয়, সে লক্ষ্যেই এই কর আরোপ করা হচ্ছে।’ মধ্যপ্রাচ্য ছাড়া পৃথিবীর সর্বত্র এই কর আছে বলে তিনি জানান। আগামী ২০১২-১৩ অর্থবছর থেকে এ আইন কার্যকর হবে।আয়কর আইনের খসড়ায় সম্পদ কর ছাড়াও ভ্রমণ কর ও দান কর নতুনভাবে সংযোজন করা হয়েছে।এ ছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন আইনে কর বছর ও আয় বছর একই রাখা হচ্ছে। বর্তমানে কর বছর ও আয় বছর পৃথকভাবে গণনা করা হয়। এ ছাড়া আয়কর-সংক্রান্ত বিরোধ নিরসনে বিকল্প বিরোধ নিষ্পতি পদ্ধতিও চালু করা হচ্ছে বলে জানান এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ট্রান্সফার প্রাইসিং’ নামে একটি বিধানও থাকছে।বর্তমানে প্রত্যক্ষ কর আইন নামে খসড়াটি এনবিআরের ওয়েবসাইটে মতামত প্রদানের জন্য সন্নিবেশিত করা হয়েছে। এর পাশাপাশি মূল্য সংযোজন কর (মূসক) আইনের খসড়াও প্রকাশ করা হয়েছে। আগামী অর্থবছর থেকে মূসক আইন কার্যকর করা হবে।রাজস্ব আদায় পরিস্থিতি: গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৪৪ শতাংশ। এই সময়ের আয় তার লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে।আলোচ্য সময়ে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৩৬৫ কোটি ৯২ লাখ টাকা। আদায় হয়েছে ৩৯ হাজার ৯১৪ কোটি ৯৬ লাখ টাকা।আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) মিলিয়ে আদায় হয়েছে ১৫ হাজার ২৩২ কোটি টাকা। একই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১২৭ কোটি এক লাখ টাকা। আর প্রবৃদ্ধির হার ২২ দশমিক ৮৬ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ মোট রাজস্ব আদায় হয়েছে ১৫ হাজার ১২ কোটি ৪৪ লাখ টাকা। আর প্রবৃদ্ধির হার ৩০ দশমিক ৪২ শতাংশ। এদিকে আলোচ্য সময়ে আয়কর ও ভ্রমণ করসহ মোট প্রত্যক্ষ কর আদায় হয়েছে নয় হাজার ৬৭০ কোটি টাকা। এর মধ্যে আয়কর আদায় হয়েছে নয় হাজার ৪৩০ কোটি টাকা। আয়করে প্রবৃদ্ধি ৩৫ দশমিক ২৬ শতাংশ। প্রসঙ্গত, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা।