সম্পত্তি কর নিয়ে আরও ভাবা প্রয়োজন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পত্তি বা সম্পদের ওপর করারোপ নিয়ে নিজেই উদ্বিগ্ন ও বিভ্রান্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই বিষয়টি নিয়ে আরও ভাবতে হবে বলে জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না, এটা চালু হওয়া ঠিক হবে কি না। বিশেষ করে আবাসন খাতে এর প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন।’গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘এনবিআর: চ্যালেঞ্জ ও উত্তরণে সংস্কার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। কর্মশালায় ‘প্রস্তাবিত সম্পত্তি করের যৌক্তিকতা ও বৈশিষ্ট্য’, ‘এনবিআরের সংস্কার বা আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত ও গৃহীতব্য কর্মসূচি’ এবং ‘বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) পদ্ধতি, নতুন মূসক আইন এবং এর প্রধান বৈশিষ্ট্য’ শীর্ষক তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। তবে মূল আলোচনা হয় সম্পদ কর নিয়ে। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, এনবিআরের সদস্য মো. ফরিদ উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।অর্থমন্ত্রী বলেন, অনেক সময় কর আদায় করাটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়। অথচ দরকার হলো সরকারের সম্পদ বাড়ানো। কর্মশালায় এনবিআরের পক্ষ থেকে সম্পত্তি কর নিয়ে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে সম্পত্তি কর চালু রয়েছে। বাংলাদেশেও তা চালু করা উচিত। এতে রাজস্ব আহরণ বাড়বে। বলা হয়, বাংলাদেশে জনপ্রতি জমির পরিমাণ স্বল্প। জমির সুষম ব্যবহার নিশ্চিত করা দরকার। প্রাথমিকভাবে ভূ-সম্পত্তির ওপর করারোপ করা যেতে পারে। বিশেষত শহরাঞ্চলের ভূ-সম্পত্তির (জমি ও দালান) ওপর করারোপ যৌক্তিক হবে।বলা হয়, শহরাঞ্চলে বর্তমানেও জমি ও দালানের ওপর তিন রকমের কর নেওয়া হয়। কিন্তু এর দুটিই আয়ের সঙ্গে সম্পর্কিত। যেমন: বাড়ি ভাড়া আয়ের জন্য আয়কর এবং হস্তান্তরকালে মূলধনি মুনাফাজনিত আয়কর। আরেকটি কর নেওয়া হয় পৌরসভা বা সিটি করপোরেশন আরোপিত সেবা বা পরিষেবাবিষয়ক। যেমন: পয়োনিষ্কাশন, পানি, বিদ্যুৎ ইত্যাদি পরিষেবা ব্যবহারের কারণে কর নেওয়া হয়। কর্মশালায় বলা হয়, সাধারণভাবে সম্পত্তির বাজারমূল্যের ভিত্তিতে কর নেওয়া হয়। তবে স্বল্প সময়ে আরোপের জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে: নতুনভাবে সম্পত্তি কর বিবরণী তৈরি এবং করদাতাদের তা জানানো, সম্পত্তির বাজারমূল্য নির্ধারণের আলাদা বিশেষায়িত ইউনিট গঠন এবং বাজারমূল্য করদাতাদের জানা না থাকায় স্বনির্ধারণী বিবরণী প্রণয়ন না করা। তবে, এও মনে রাখতে হবে, কর কর্মকর্তা সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করবেন বলে আইনি জটিলতা বাড়তে পারে।তবে সমস্যা নিরসনে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণের প্রস্তাব করেছে এনবিআর। স্বল্পমেয়াদির মধ্যে রয়েছে: সম্পত্তি করের জন্য আলাদা বিবরণী না নেওয়া, আয়কর বিবরণীর সঙ্গে দাখিল করা সম্পদ ও দায় বিবরণীকে ভিত্তি হিসেবে গ্রহণ, সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ করের আওতাবহির্ভূত রাখা এবং সম্পত্তির মূল্যমান ৫০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত সীমা রাখা এবং প্রদেয় আয়করের ওপর নির্দিষ্ট হারে সম্পত্তিজনিত কারণে সারচার্জ বা অতিরিক্ত করারোপ করা। আর দীর্ঘমেয়াদি করণীয়র মধ্যে রয়েছে সম্পত্তি কর নির্ধারণে আইন প্রণয়ন, সম্পত্তির ওপর বর্তমান বাজারমূল্য নির্ধারণ, সম্পত্তি কর রিটার্ন চালু এবং মূল্যায়ন ইউনিট গঠন।আলোচনা: মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, তিনি সম্পদ করের বিরুদ্ধে এবং এটা তাঁর কাছে যৌক্তিক মনে হচ্ছে না। এতে খুব বেশি কর আদায় হবে বলেও মনে করেন না তিনি। মির্জ্জা আজিজ বলেন, সম্পত্তি বা সম্পদ কর চালু হলে তিনবার কর দিতে হবে। এতে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন বিপদে পড়বে। তাছাড়া এনবিআরে এমনিতেই জনবলসংকট। এমন সিদ্ধান্ত সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে সম্পদ করকে সামাজিক দিক থেকে বিবেচনা করার সুপারিশ করেন পিআরআইর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এনবিআরের সদস্য আমিনুর রহমান ব্যক্তিশ্রেণীর ওপর প্রাথমিকভাবে করারোপের পরামর্শ দেন। কোম্পানি, ট্রাস্ট, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠান করারোপের বাইরে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। কর্মশালায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামাল, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।