সম্পত্তির জন্য সারচার্জ আরোপ নানা ধরনের অস্পষ্টতা রয়েছে
২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে দুই কোটি টাকার বেশি সম্পত্তির ওপর সারচার্জ আরোপে আইনগত দিক নিয়ে কিছু প্রশ্ন উঠেছে; রয়েছে কিছু অস্পষ্টতাও।প্রস্তাবিত বাজেটে দুই কোটি টাকার অধিক সম্পত্তির অধিকারীদের তাঁদের প্রদেয় আয়করের ১০ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, এই সারচার্জ কি সম্পত্তির ওপর, নাকি প্রদেয় করের ওপর তা সুস্পষ্ট হওয়া প্রয়োজন। কেননা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ‘দুই কোটি টাকার সম্পত্তির অধিকারীদের ওপর প্রদেয় করের ১০ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব করছি।’আয়কর অধ্যাদেশের ১৬(এ) ধারা অনুযায়ী, কর কর্মকর্তাদের করদাতার আয়ের ওপর সারচার্জ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।কর কর্মকর্তারা জানান, বিদ্যমান আইন অনুযায়ী সারচার্জ বসে শুধু আয়ের ওপর। অন্য কোনো কিছুর ওপর সারচার্জ বসানোর সুযোগ নেই। তাঁরা আরও জানান, সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যদি মামলা করেন, তাহলে সারচার্জ আরোপের বিষয়টি আটকে যেতে পারে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, সাধারণত সমাজের বিশেষ সুবিধাপ্রাপ্ত ও বিশেষ সুবিধা ভোগ করতে গেলেই সারচার্জ বসানো হয়। এ ছাড়া রাষ্ট্রীয় অতি প্রয়োজনীয়তার স্বার্থেও সারচার্জ বসানো হয়। নিকট অতীতে বঙ্গবন্ধু বহুমুখী সেতু (যমুনা সেতু) নির্মাণের জন্য দীর্ঘদিন জনগণকে সারচার্জ দিতে হয়েছে, যা রাষ্ট্রের অতি প্রয়োজনীয়তার স্বার্থে প্রযোজ্য ছিল।এদিকে প্রস্তাবিত সারচার্জ আরোপের ক্ষেত্রে বলা হচ্ছে, দুই কোটি টাকার সম্পত্তির ওপর বসবে, যা অর্জিত মূল্যে বিবেচিত হবে।এখন কোনো ব্যক্তি যদি ৪০ বছর আগে ৫০ হাজার টাকায় জমি কিনে আরও ৫০ হাজার টাকা খরচ করে বাড়ি তৈরি করলে ওই সম্পত্তির অর্জিত মূল্য ধরা হবে এক লাখ টাকা। অথচ বর্তমান বাজারদরে ওই সম্পত্তির মূল্য দুই কোটি টাকার বেশি হতে পারে। তাহলেও ওই বাড়ির বা সম্পত্তির জন্য সম্পত্তির মালিককে কোনো সারচার্জ দিতে হবে না। বাড়িভাড়া বাবদ আয়ের ওপরও সারচার্জ আরোপ হবে না।এর মানে হলো, বিশাল বাড়ি থাকলেই তাঁর আয়ের ওপর সারচার্জ বসবে না। সেই বাড়ির মালিক কত টাকা খরচ করে জমি ও বাড়ি করেছেন, সেটাই মুখ্য বিষয়।তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর সারচার্জ প্রযোজ্য হবে কি না, তা-ও পরিষ্কার করা হয়নি। কেননা, শুধু অর্জিত মূল্যের ওপর সারচার্জ আরোপের কথা বলা হয়েছে। অর্জন বলতে শুধু ক্রয়সূত্রে নয়, অন্য কোনো উপায়ে পাওয়াকেও বোঝায়। উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে যখন প্রাপ্য হবেন তখনকার মূল্যে ধরা হবে, নাকি উত্তরাধিকার সম্পত্তির এই সারচার্জের আরোপের বাইরে থাকবে, সেখানেও অস্পষ্টতা রয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, মূলত মানুষের মধ্যে সম্পদ-বৈষম্য ঠেকাতেই এ সারচার্জ আরোপ করা হয়েছে। করদাতারা যাতে নিজের প্রয়োজনের বাইরে বাড়ি, ফ্ল্যাট, জমিসহ আয়যোগ্য কিনতে উৎসাহিত না হন, সে জন্যই এ উদ্যোগ নিয়েছে সরকার। কেননা, বর্তমান মূল্যে রাজধানী ঢাকায় কোটি টাকার নিচে এক কাঠা জমি পাওয়া দুষ্কর। আবার সাধারণ মানের একটি এক হাজার ২০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম ৫০ লাখ টাকার নিচে নয়। তাই অর্থবিত্তের মালিকেরা যদি একাধিক বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করলেই কম-বেশি সারচার্জ আরোপের সীমার মধ্যে পড়ে যাবেন বলে জানায় এনবিআর। এ ছাড়া প্রস্তাবিত আয়কর আইনের খসড়ায় সম্পদ কর আরোপের সুপারিশ করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছর থেকে এই নতুন আয়কর আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। তাই আয়কর বিভাগ একটু আগেভাগেই করদাতাদের সম্পদের বিবরণী সম্পর্কে জানতে চায় বলে ধারণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সারচার্জ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।