সম্পদ কর চালু করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী ২০১৫-১৬ অর্থবছর থেকে সম্পদ কর চালু করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বুধবার সংবাদমাধ্যমে কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘তোমার ওয়েলথ ট্যাক্স তো কোনো কাজের জিনিস না। তাই প্রপারটি ট্যাক্স (সম্পদ কর) চালু করা যায় আগামীতে।’
এনবিআর সূত্রে জানা গেছে, ওয়েলথ ট্যাক্স বলতে অর্থমন্ত্রী সম্পত্তির ওপর সারচার্জকে বুঝিয়েছেন। বর্তমানে দুই কোটি টাকার বেশি সম্পত্তির মালিকের কাছ থেকে সারচার্জ নেওয়ার বিধান চালু রয়েছে।
জানা গেছে, আগামী অর্থবছর থেকে যে সম্পদ কর চালুর কথা জানালেন অর্থমন্ত্রী, একসময় সেটা চালুও ছিল। ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তা তুলে দিয়ে ২০১১–১২ অর্থবছর থেকে সম্পত্তির ওপর সারচার্জ আরোপের পদ্ধতি চালু করে।
এনবিআর সূত্র জানায়, দুই কোটি টাকার বেশি সম্পত্তির মালিক এমন ১০ হাজার ১৫২ জনের কাছ থেকে সরকার ২০১৩-১৪ অর্থবছরে ২০৮ কোটি টাকা সারচার্জ আদায় করেছে। তার আগের অর্থবছরে আদায় ছিল ১০১ কোটি টাকা।
আইন প্রণয়ন না করে সম্পদ কর আদায় করা যাবে কি না, জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘কোনো অসুবিধা নেই। বাজেট প্রস্তাব যখন পাস হয়, তখন আসলে অর্থ আইনই পাস হয়। সম্পদ কর আদায় করতে চাইলে সরকার তা পারেই।’
তবে সম্পদ কর প্রকৃতপক্ষে কত হারে, কাদের ওপর আরোপ করা হবে—তার বিশদ কোনো ব্যাখ্যা দেননি অর্থমন্ত্রী।
ইআরএফ সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় সংগঠনটির সদস্যরা আগামী বাজেটে সম্পদ কর চালুসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। আলোচনায় সাংবাদিকদের পরামর্শ ও প্রস্তাবগুলোর নোট নেন অর্থমন্ত্রী। কিছু বিষয়ে তাৎক্ষণিক জবাব দেন তিনি, আবার কিছু বিষয়ে নিরুত্তরও থাকেন। অর্থ মন্ত্রণালয়ের চার বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম চার লাইন এখনো না হওয়াসহ অবকাঠামো খাতে সরকারের কম মনোযোগ, বিদেশি বিনিয়োগ না আসা, বিনিয়োগে বেসরকারি খাতের আস্থার সংকট, গণপরিবহনের নাজেহাল অবস্থা, কালোটাকা সাদা করার সুযোগ, গণগ্রন্থাগারগুলো বন্ধ হয়ে যাওয়া, অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) উদ্যোগের বাস্তবায়নহীনতা, মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব দেওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করেন সাংবাদিকেরা।

আয়কর রিটার্ন আরও সহজ করা, মানবসম্পদের উন্নয়নের অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের গুণগত মানোন্নয়ন, করপোরেট বা কোম্পানি কর কমানো এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণে নজর দিতেও সাংবাদিকেরা পরামর্শ দেন অর্থমন্ত্রীকে। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে বিপুল অর্থ ব্যয় করতে হবে আগামী অর্থবছর থেকে। এত কিছু কীভাবে সামাল দেবেন অর্থমন্ত্রী এমন প্রশ্নও উঠে আলোচনায়।

অর্থমন্ত্রী তাঁর সূচনা বক্তব্য শুরু করেন বিএনপির আন্দোলন নিয়ে। তিনি বলেন, বিএনপির আন্দোলন সরকারের উন্নয়নের গতিচ্যুত করতে পারেনি। আর আগামী বাজেটে তিনি বিদ্যুৎ-জ্বালানি খাতের পরিবর্তে শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার দিতে চান।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান কোম্পানি কর তাঁর কাছেও যুক্তিসংগত মনে হয় না। তিনি মনে করেন এর পুনর্বিবেচনা হওয়া দরকার। বাজেটের আকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করছি ২০১৮ সালে বাজেটের আকার পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’

গণপরিবহন নিয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী। মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব নিয়ে জানতে চাইলেও জবাব দেননি তিনি। তবে আর কোনো নতুন রাস্তা নির্মাণ করা হবে না, শুধু পুরোনো রাস্তা সংস্কার হবে—এক বছর আগের নেওয়া এমন সিদ্ধান্তের কথা আবারও উল্লেখ করেন তিনি।

কালোটাকা সাদা করা প্রসঙ্গে বাজেট বক্তব্যে প্রতিবছরই লুকোচুরি করা হয় কেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কিছুটা খ্যাপে যান। তিনি বলেন, ‘এটা তো এখনই নেই। আপনাদের একটা প্রথাগত ধারণা (কনসেপশন) হয়ে গেছে। বোঝেন না, শোনেন না, দেখেন না, খামাকা কথা বলেন।’

মূল্য সংযোজন কর (মূসক) আইন চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা এখন বাস্তবায়নে যাব।’

পরে ইআরএফ উত্থাপিত বিষয়গুলো নিয়ে সচিবেরাও কথা বলেন। অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, ‘মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭-৮ শতাংশে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। প্রবৃদ্ধির উন্নয়নের জন্যই আমরা আগামী বাজেটে মানবসম্পদ উন্নয়নে জোর দেব।’

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম বলেন, রাষ্ট্র খাতের ব্যাংকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থায় (অটোমেশন) আসার ক্ষেত্রে পিছিয়ে। রাষ্ট্র খাতের ব্যাংকের পরিচালকদের প্রশিক্ষিত করার পরিকল্পনার কথাও জানান ব্যাংকসচিব।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানান, ‘জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) থেকে আমরা এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দিকে যাচ্ছি। আগামী বাজেট প্রণীত হবে সেই লক্ষ্যেই।’ ২০১৬ সালের জুলাই থেকে মূসক আইন কার্যকর করার কথা জানান তিনি।