সম্পদ কর নিয়ে পিছিয়ে গেলেন অর্থমন্ত্রী

সম্পদের ওপর আরোপিত সারচার্জ তুলে দিয়ে সম্পদ কর আরোপের যে চিন্তাভাবনার কথা কয়েক দিন আগে জানিয়েছিলেন তা নিয়ে এখন নিজেই সংশয় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ বহুদিনের পুরোনো সম্পদ কর বাতিল করে দিয়েছে। এখন খোঁজ নিয়ে দেখতে হবে তারা কেন এটি বাতিল করল। তারা যেসব কারণে এটি বাতিল করেছে সেটি যদি আমাদের সঙ্গে মিলে যায় তাহলে এটি (সম্পদ কর) ভালো হবে না। তাই এ নিয়ে এনবিআরকে আরও কাজ করতে হবে।’
আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সামনে রেখে আয়োজিত পরামর্শক সভায় অর্থমন্ত্রী এ কথা বলেছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার যৌথভাবে এ সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
সামনের দিনগুলোতে দেশের করব্যবস্থা তিনটি বড় সংকটে পড়বে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এর প্রথমটি হলো বিভিন্ন পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হবে। দ্বিতীয়ত, মূসক আইন বাস্তবায়নের প্রক্রিয়া আগামী অর্থবছর থেকেই শুরু হচ্ছে। তৃতীয়ত, সামনের দিনগুলোতে আমদানি শুল্কের আদায় আরও কমে আসবে।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘নিজেদের ক্ষমতা এমনভাবে বাড়াতে হবে যেন সম্পূরক শুল্কের সহায়তায় আপনাদের বেঁচে থাকতে না হয়।’ আর মূসক প্রসঙ্গে বলেন, মূসক কোনো বাধা নয়। বিভিন্ন পর্যায়ে এটা দেওয়া হয়। বিভিন্ন পর্যায়ে যাঁরা মূল্য সংযোজন করবেন তাঁরা এর আওতায় আসবেন। এতে মূসকের আওতা ও পরিমাণ বাড়বে।
আবদুল মুহিত বলেন, দেশে এখন রাজস্ব আদায়ের হার জিডিপির ১১ শতাংশ। ছয় বছরে এটা ৩ শতাংশ বেড়েছে। এর আগে ৩ শতাংশ বাড়তে ২৭ বছর লেগেছে। তবে আগামী চার বছরে রাজস্ব আদায়ের পরিমাণ আরও ৩-৪ শতাংশ বাড়বে। তিনি আরও বলেন, ‘আমাদের বক্তব্য হলো, বিভিন্ন করের আওতায় আরও বেশিসংখ্যক মানুষকে নিয়ে আসা। ২০০৯ সালে বলেছিলাম, আমাদের উচিত ৫০ শতাংশ মানুষকে করের আওতায় নিয়ে আসা। কিন্তু সেটা হচ্ছে না।’
অর্থমন্ত্রী বলেছেন, আগামী বাজেটে তামাকজাত পণ্যের করব্যবস্থায় পরিবর্তন আসছে। তিনি বলেন, ‘আগে আমরা টোব্যাকো কোম্পানির সঙ্গে বসে আলাপ-আলোচনা করে একটা সমঝোতার মাধ্যমে কর ঠিক করতাম। আমরা বিভিন্ন স্তর করে দিতাম যে এটা এমন হবে, এই স্তরে অত শুল্ক হবে। এবার আর আমরা এমনটা করব না। এটা বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। অন্যান্য দেশে যেভাবে তামাকের ওপর কর ধার্য করা হয় আমরাও সেভাবে করব।’ একপর্যায়ে তিনি বলেন, ‘আমাদের দেশে বিনোদনের অভাব আছে। সিগারেট ফোঁকাই দেশে একটা বিনোদনের মাধ্যম।’
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, ‘ব্যাংকঋণের সুদের ক্ষেত্রে সরকার আর আগের মতো শক্তিশালী না। বেসরকারি খাত এখন অনেক শক্তিশালী। আমরা চাইলেই সুদের হার কমবে না। তবে আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে।’
সভায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘করের বোঝা না বাড়িয়ে আমরা করের আওতা বাড়ানোর প্রয়াস চালাচ্ছি। মানববান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট তৈরির চেষ্টা চালাচ্ছি।’ তিনি জানান, ভূমিকম্প সহনীয় দেশ গড়ার জন্য এনবিআর বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে।