সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো সমিতি গঠন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবি এএমসিএল) নেতৃত্বে দেশের প্রধান সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো নিয়ে ‘অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ গঠনের ঘোষণা করা হয়েছে। এই সমিতির প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশের মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ ঘটানো।সমিতির প্রধান এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খন্দকার এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘আইসিবি দ্বারা প্রবর্তিত মিউচুয়াল ফান্ড খাত নতুন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর মাধ্যমে ভিন্ন মাত্রা পেয়েছে। তাই মিউচুয়াল ফান্ড শিল্পের বৃহত্ স্বার্থে এই সমিতি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করি।’সমিতির সহসভাপতি এবং এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম জানান, বাংলাদেশের মিউচুয়াল ফান্ড শিল্প এখনো প্রারম্ভিক পর্যায়ে রয়েছে যার জন্য সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। ব্যক্তি খাতে স্পন্সরদের অধিক ইচ্ছা এবং বিনিয়োগকারীদের চাহিদা থাকা সত্ত্বেও অনুমোদনের অপেক্ষায় থাকা চার হাজার কোটি টাকার ফান্ড বিভিন্ন অনিশ্চয়তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।সমিতির মহাসচিব ও রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাম বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভুল ধারণাগুলো সঠিক করা। বাংলাদেশের পুঁজিবাজার মূলধনের মাত্র ২ শতাংশ হলো মিউচুয়াল ফান্ড, যেখানে পার্শ্ববর্তী দেশগুলো যেমন পাকিস্তান এবং ভারতে মোট বাজার মূলধনের ১০ শতাংশ হলো মিউচুয়াল ফান্ড।আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বর্তমানে এই এএএমসির সদস্য।সমিতির সদস্যরা ইতিমধ্যে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মো. জিয়াউল হক খন্দকারের সঙ্গে সাক্ষাত্কারে বিভিন্ন জরুরি বিষয়ে আলোচনা করেছেন। বিজ্ঞপ্তি।