সম্পদ ভেঙে খাচ্ছে রাষ্ট্র খাতের বিশেষায়িত ব্যাংকগুলো
রাষ্ট্র খাতের বিশেষায়িত ব্যাংকগুলো এখন নিজেদের সম্পদ ভেঙে খাচ্ছে। ২০১৩ সালের হিসাবে ব্যাংকগুলো ১০০ টাকা খরচ করে ফেরত আনছে ৯৪ টাকা। তার মানে ছয় টাকা কার্যত খোয়া গেছে।
এভাবে চললে ব্যাংকগুলোর যে মূলধন, তা নিঃশেষিত হতে আর বেশি সময় লাগবে না। প্রতি ১০০ টাকা আয়ের জন্য ইতিমধ্যেই ৩৫ টাকার বেশি ক্ষয় হয়ে যাচ্ছে। এ সত্ত্বেও ব্যাংকগুলোর ব্যয় বেড়েই চলেছে।
‘বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন সাম্প্রতিক উদ্যোগমালা’ শীর্ষক প্রকাশনায় এ তথ্য মিলেছে। সম্প্রতি এটি প্রকাশ করা হয়েছে।
বিশেষায়িত এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং বেসিক ব্যাংক। প্রকাশনার তথ্য ধরে খোঁজ নিয়ে জানা যায়, বিডিবিএলের পরিস্থিতি খারাপ নয়। কিন্তু বাকি ব্যাংকগুলোর অতি খারাপ অবস্থার কারণে সামগ্রিকভাবে বিশেষায়িত ব্যাংক খাতে কোনো আয় নেই। লোকসান বাড়ছে দিনে দিনে।
এর আগে এ পরিস্থিতি ছিল কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও শিল্প ব্যাংকের। তবে শিল্প ব্যাংকের সঙ্গে শিল্পঋণ সংস্থা একীভূত করায় পুনর্গঠিত বিডিবিএলের পরিস্থিতি খানিকটা ভালো হয়েছে। কিন্তু নতুনভাবে এই তালিকায় যুক্ত হয়েছে বেসিক ব্যাংক।
এর মধ্যে কৃষি ব্যাংক ২০১৩ সালে নিট লোকসান দিয়েছে ১৯৪ কোটি ১৫ লাখ টাকা। ব্যাংকটির মোট সম্পদের (ঋণ ও অন্যান্য সম্পদ) পরিমাণ ১৯ হাজার ৮৩৮ কোটি টাকা। কিন্তু ঋণগুলোর মান অত্যন্ত খারাপ হয়ে পড়ায় মূলধন ঋণাত্মক এবং তা বিপুল পরিমাণে ঋণাত্মক মূলধনে পরিণত হয়েছে। ব্যাংকের হিসাব অনুসারে ঋণাত্মক মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে (-) এক হাজার ৭৭১ কোটি টাকা। ব্যাংকটিতে সম্পদের বিপরীতে আয় দাঁড়িয়েছে ঋণাত্মক (-) দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ ১০০ টাকায় আয় হচ্ছে ৯৯ দশমিক ২ টাকা। মূলধন নিঃশেষিত হচ্ছে প্রতি ১০০ টাকায় ১০ দশমিক ৯৬ টাকা।
রাকাব ২০১৩ সালে নিট লোকসান দিয়েছে ১৮ কোটি ২৯ লাখ টাকা। ব্যাংকটির মোট সম্পদের (ঋণ ও অন্যান্য সম্পদ) পরিমাণ হচ্ছে পাঁচ হাজার ২৪৫ কোটি টাকা। ঋণগুলোর মান খারাপ হওয়ায় মূলধন সংরক্ষণের পরিমাণ কমে গেছে। ব্যাংকের হিসাব অনুসারে মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র নয় কোটি ৮৯ লাখ টাকা। ব্যাংকটিতে সম্পদের বিপরীতে আয় দাঁড়িয়েছে ঋণাত্মক (-) দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ ১০০ টাকায় আয় হচ্ছে ৯৯ দশমিক ৩০ টাকা। মূলধন নিঃশেষিত হচ্ছে প্রতি ১০০ টাকায় ৩৬৯ দশমিক ৮৭ টাকা।
আর একসময় দেশের ব্যাংক খাতের অন্যতম ভালো ব্যাংক বেসিক ব্যাংকের পরিস্থিতিও অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে বর্তমান সরকারের দুই মেয়াদে। বেসিক ব্যাংক ২০১৩ সালে নিট লোকসান দিয়েছে ৫০ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাংকটির মোট সম্পদের (ঋণ ও অন্যান্য সম্পদ) পরিমাণ হচ্ছে ১৫ হাজার ৬৯৯ কোটি টাকা। ব্যাংকটিতে মূলধনের পরিমাণ ৬০৬ কোটি ৪৪ লাখ টাকা। এতে সম্পদের বিপরীতে আয় দাঁড়িয়েছে ঋণাত্মক (-) দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ ১০০ টাকায় আয় হচ্ছে ৯৯ দশমিক ৬৮ টাকা। মূলধন নিঃশেষিত হচ্ছে প্রতি ১০০ টাকায় ৮ দশমিক ৩৫ টাকা।
কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংকে প্রায় ১১ বছর শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেন এ কে এম সাজেদুর রহমান। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, কৃষি ঋণের আদায় সময়মতো হয় না। বেশির ভাগ ক্ষেত্রেই ঋণগুলো খেলাপি হয়ে পড়ে। তিনি তাঁর অভিজ্ঞতা থেকে বলেন, ‘এ অবস্থা থেকে বের হতে হলে ব্যাংকগুলোর পর্ষদকে স্বায়ত্তশাসন দিতে হবে। তাতে পর্ষদ অন্তত তহবিল ব্যয় হিসাবে নিয়ে সুদের হার নির্ধারণ করতে পারবে। আর সঙ্গে সাধারণ ব্যাংকগুলোর মতো বাণিজ্যিক কার্যক্রমে ঋণ বিতরণের সুযোগ দিতে হবে। তাহলে একটা লম্বা সময় পরে ব্যাংক দুটি হয়তো এ অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে।’