সম্পূরক বাজেটে অতি বরাদ্দ নিয়ে বিরোধী দলের প্রশ্ন
সম্পূরক বাজেটে অতিরিক্ত বরাদ্দ নিয়ে সংসদে গুরুতর প্রশ্ন তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টির (এরশাদ) সাংসদ ও এক স্বতন্ত্র সাংসদ। তাঁরা বলেছেন, সুশাসন নিশ্চিত করা না গেলে বরাদ্দ দেওয়া যাবে না। এটা দিলে দুর্নীতিবাজদের হাতে চলে যাবে। দুর্নীতিবাজেরা বিত্তবান হবেন। গরিবের উপকারে আসবে না।
শেয়ারবাজারে ৩৩ হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করা ও ব্যাংক লুটেরাদের ঠেকাতে ব্যর্থ হওয়ায় সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার তীব্র বিরোধিতা করেন তাঁরা। একই সঙ্গে তাঁরা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় জনগণের অর্থের বরাদ্দ নিয়ে গুরুতর অভিযোগ এনে নতুন বরাদ্দের বিরোধিতা করেন।
তবে এর আগেই সরকারের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর বক্তব্যে আট হাজার ৬৬ কোটি টাকারও বেশি অর্থ অতিরিক্ত বরাদ্দ দেওয়া সঠিক হয়েছে বলে মত দেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আজ রোববার এসব আলোচনা হয়।
বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন। তিনি একই সঙ্গে চলতি ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেট উপস্থাপন করেন। আজ এই সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, সম্পূরক বাজেটের ওপর আলোচনার জন্য দুই দিন বরাদ্দ রয়েছে।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪৪০ কোটি টাকার বেশি অর্থ অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। কিন্তু পুঁজিবাজারে ৩৩ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। যারা এই অর্থ লুটপাট করে নিয়ে গেছে তাদের বিষয়ে সরকার গঠিত খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত কমিটি পরিষ্কার সুপারিশ করেছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই অর্থ বরাদ্দ দেওয়া যাবে না।
নিজের এলাকার আইনশৃঙ্খলার কথা উল্লেখ করে জাপার এই সাংসদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত এক হাজার ৪৪১ কোটি টাকা বরাদ্দের বিরোধিতা করেন। একই সঙ্গে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে পাওয়া যায়—শিক্ষাব্যবস্থার এমন চেহারার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা খাতে এক হাজার ১৯৩ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া যাবে না।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী সম্পূরক বাজেটের আলোচনায় বলেন, দারিদ্র্য বিমোচন, প্রবৃদ্ধি অর্জন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একজন দুই হাজার কোটি টাকা আয় করেন। আর একজন এক টাকা আয় করেন। দুজনেরটা যোগ করে দুই দিয়ে ভাগ করে বলে দেবেন মাথাপিছু আয় এক হাজার টাকা হয়েছে—এটা চলবে না। বৈষম্য কমানো লাগবে। শ্রমজীবীর প্রবৃদ্ধি হয়নি বলে তিনি মন্তব্য করেন।
ব্যাংক খাতে কী কাণ্ড হয়েছে প্রশ্ন তোলেন স্বতন্ত্র এই সাংসদ। বলেন, সোনালী ব্যাংকে কী কাণ্ড হলো, হল-মার্ক অর্থ নিয়ে গেল। বেসিক ব্যাংকে কী কাণ্ড হয়েছে। আগে বড় ব্যবসায়ীরা ঋণ নিয়ে পরিশোধ করতেন না। ঋণখেলাপি হতো। ঋণখেলাপিদের মানুষ ঘৃণা করে। আর আজ ব্যাংক লুট করা হচ্ছে। বেসিক ব্যাংকে জামানত নেই, কাগজপত্র নেই, কিন্তু টাকা নিয়ে গেছে। এক-দুই কোটি নয়, এক হাজার-দুই হাজার-১০ হাজার কোটি টাকা নিয়ে গেল। পাঁচ হাজার টাকা নিতে কৃষককে কত চেষ্টা তদবির করতে হয়। কত লোককে ধরতে হয়। তিনি শিক্ষা খাতে টাকা আরও দরকার আছে উল্লেখ করেন।
এর আগে মতিয়া চৌধুরী চলতি ২০১৩-১৪ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১২ শতাংশ সম্পর্কে সন্দেহ প্রকাশকারীদের প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন। বলেন, অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে স্বীকার করেছেন, লক্ষ্যমাত্রা অনুসারে ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি করা যায়নি। তার কারণ চলতি বছরের প্রথমভাগে বিএনপি-জামায়াত যে ধ্বংসযজ্ঞ চালায় তাতে প্রবৃদ্ধি অর্জন বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, এই কারণে চলতি বছরে প্রবৃদ্ধির হার কমিয়ে ৬ দশমিক ১২ শতাংশ সাময়িকভাবে হিসাব করা হয়েছে। এ তথ্য কিছু গবেষণাপ্রতিষ্ঠান বিশ্বাস করতে চায় না। তাদের তিনি স্বতন্ত্রভাবে তথ্য সংগ্রহ করতে বলেন।
আবার বিএনপি-জামায়াত এ তথ্য স্বীকার করতে চায় না উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, গণতন্ত্রবিরোধীরা নির্বাচিত সরকারের তথ্য মানতে চায় না। জনগণের সরকারকে মানতে চায় না। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
জানুয়ারি মাসের প্রথমদিনই স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা, আমরা গেরিলা স্টাইলে সার দিয়েছি, বইও দিয়েছি। ওরা আমাদের সঙ্গে কীভাবে পারবে? আগেও হেরেছে, আবারও হারবে।’
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী দলীয় সাংসদ বেগম নূর বেগম। অধিবেশন আগামীকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।