সম্পূরক শুল্ক আরোপ করায় কিছু আমদানীকৃত পণ্যের দাম বাড়বে
আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোয় এসব পণ্যের দাম বাড়বে। তবে কোনো কোনো ক্ষেত্রে তা দেশীয় শিল্পের জন্য সহায়ক বিবেচিত হবে।টয়লেট টিস্যু: সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে আমদানি করা টয়লেট টিস্যু, ন্যাপকিন পেপারসহ সমজাতীয় পণ্যের দাম বাড়বে। এসব পণ্যে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। মূলত দেশীয় শিল্পোদ্যোক্তাদের সুরক্ষা দিতেই এসব পণ্যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।কোমল পানীয়: আমদানি করা যেকোনো ধরনের কোমল পানীয়ের দাম বাড়বে। নতুন বাজেটে কোমল পানীয় আমদানির ক্ষেত্রে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আগে এই হার ছিল ১০০ শতাংশ। মূলত দেশে উৎপাদিত কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তৈরি পোশাক: পুরুষ, মহিলা ও শিশুদের সব ধরনের তৈরি পোশাক, অন্তর্বাস ও সমজাতীয় পণ্যের দাম বাড়বে। এসব পণ্য আমদানিকালে এখন থেকে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। আগে এসব পণ্যে ৪৫ শতাংশ শুল্ক দিতে হতো। বিদেশি তৈরি পোশাক আমদানি নিরুৎসাহিত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।নন-অ্যালকোহলিক বিয়ার: আমদানি করা নন-অ্যালকোহলিক বিয়ারের দাম বাড়বে। এসব পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্কের চেয়ে ৫০ শতাংশ অর্থাৎ ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে।গৃহসজ্জার উপকরণ: কৃত্রিম ফুল, ফলাদিসহ এ ধরনের গৃহসজ্জার উপকরণের দাম বাড়বে। এসব পণ্যের ওপর আমদানি এখন থেকে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। আগে কোনো শুল্ক দিতে হতো না।এ ছাড়া পুরুষ, মহিলা ও শিশুদের সব ধরনের তৈরি পোশাক, অন্তর্বাস ও সমজাতীয় পণ্যের দাম বাড়বে। এসব পণ্যে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করায় ছাপা লেবেল ও প্লেয়িং কার্ডের দাম বাড়বে। আর ৩০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় গ্লাস টিউব, বিভিন্ন ধরনের রোল গ্লাসের দাম বাড়বে।কর অবকাশ ও সিএসআর:বাজেটে কর অবকাশসুবিধা ও সিএসআরের (ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা) আওতা কিছুটা বাড়ানো হয়েছে।অর্থ বিল থেকে জানা যায়, টোল সেতুকে ভৌত অবকাঠামো হিসেবে বিবেচনা করে ক্রমহ্রাসমান হারে ১০ বছরের জন্য কর অবকাশসুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। একইভাবে বায়োফার্টিলাইজার ও পেট্রোকেমিক্যাল শিল্পপ্রতিষ্ঠানের জন্য এলাকাভেদে পাঁচ থেকে সাত বছরের জন্য কর অবকাশসুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সিএসআর পালনের ক্ষেত্রে বর্তমানে ২০টি খাতের জন্য কর ছাড় সুবিধা রয়েছে। এর পাশাপাশি আরও দুটি খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুটি খাত হলো: এইচআইভি/ এইডস, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা এবং বিদেশে পাচার হওয়া থেকে উদ্ধার করা শিশু ও নারীদের পুনর্বাসন কেন্দ্র পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠানে অনুদান।