সম্পূরক শুল্ক কমল ৯২ পণ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ৯২টি পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হয়েছে। তাই এসব পণ্যের দাম ভোক্তাপর্যায়ে কমতে পারে।
যেসব পণ্যের সম্পূরক শুল্ক কমানো হয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, প্লাস্টিক পণ্য, প্লাস্টিকের দরজা, নারী-পুরুষ-শিশুর পরিধেয় সব ধরনের তৈরি পোশাক, বাতি, ফোর স্ট্রোক মোটরসাইকেল, গাড়ির যন্ত্রাংশ ও দাঁতের ব্রাশ অন্যতম।
নতুন বাজেটে ২২টি পণ্যের সম্পূরক শুল্কহার ২০ থেকে কমিয়ে ১০ শতাংশে, ৩২টির ৩০ থেকে ২০ শতাংশে, ছয়টির ৪৫ থেকে ৩০ শতাংশে এবং ৩২টির ৬০ থেকে ৪৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
সম্পূরক শুল্ক কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতবারের মতোই একই পদ্ধতি অবলম্বন করেছে। সে অনুযায়ী যে পণ্যটি সম্পূরক শুল্কের যে স্তরে রয়েছে সেটিকে সেই স্তর থেকে নিকটতম নিচের স্তরটিতে নামিয়ে দেওয়া হয়েছে। এতে শুল্কহার কমেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) শর্ত হিসেবে সম্পূরক শুল্ক পর্যায়ক্রমে কমিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। এই শর্ত পালন করতে গিয়ে এ নিয়ে পরপর দুই অর্থবছরে প্রায় ৮৬২টি পণ্যের সম্পূরক শুল্ক কমানো হলো।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ২০১৬ সালে এই শুল্ক ব্যাপকভাবে আমাদের কমাতে হবে। এ কারণে আমাদের স্থানীয় শিল্পকে সক্ষমতা বাড়াতে হবে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। সম্পূরক শুল্কহার শূন্য শতাংশ থেকে শুরু করে ৫০০ শতাংশ পর্যন্ত বিদ্যমান। তবে তাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে সংকুচিত হারে প্রয়োগ করা হয়।
সম্পূরক শুল্ক আরোপ করা হয় পণ্যের আমদানি মূল্য ও আমদানি শুল্কের যোগফলের ওপর। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, কোনো পণ্যের আমদানি মূল্য ১০০ টাকা ও আমদানি শুল্ক ১০ শতাংশ। তাহলে নতুন প্রস্তাবে ওই পণ্যের ওপর সম্পূরক শুল্ক যদি ১০ শতাংশ হয়, তাহলে সম্পূরক শুল্ক দিতে হবে ১১ টাকা। আগে যদি ওই পণ্যের সম্পূরক শুল্ক ২০ শতাংশ হতো, তাহলে নতুন প্রস্তাব বাস্তবায়নের ফলে সম্পূরক শুল্ক কমানোয় আমদানিকারককে ১১ টাকা কম দিতে হবে।
এদিকে স্থানীয় শিল্পের বিকাশে ৮০টি পণ্যের সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এসব পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ইমিটেশন জুয়েলারি, লোহার পাইপ, ফোর স্ট্রোক অটোরিকশা, ইলেকট্রিক ব্যাটারিচালিত মোটরগাড়ি, রিভলবার ও পিস্তল।